আত্মজীবনী
বল টেম্পারিং নিয়ে কী ফাঁস করতে যাচ্ছেন উসমান খাজা?

২০১৮ সালে দক্ষিণ আফ্রিকা সফরে স্টিভেন স্মিথ, ডেভিড ওয়ার্নার এবং ক্যামরেন বেনক্রফটের বল টেম্পারিং নিয়ে বিশ্ব ক্রিকেটে তোলপাড় হয়েছিল শাস্তি পেয়েছিলেন তিনজনই। এবার শোনা যাচ্ছে, অস্ট্রেলীয় ওপেনার উসমান খাজার আসন্ন আত্মজীবনীতে বহুল আলোচিত এই স্যান্ডপেপারগেট কেলেঙ্কারির চাঞ্চল্যকর তথ্য উঠে আসতে পারে। আট বছর পর দক্ষিণ আফ্রিকায় টেস্ট সফরে গিয়ে এ বিষয়ে মুখ খুললেন প্যাট কামিন্স।
কেপ টাউনে সেই কলঙ্কজনক টেস্টে অস্ট্রেলিয়ার বোলিং আক্রমণের অংশ ছিলেন কামিন্সও। বল বিকৃতির দায়ে তৎকালীন অধিনায়ক স্টিভ স্মিথ, সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নার এবং ক্যামেরন ব্যানক্রফট নিষিদ্ধ হলেও কামিন্সসহ অন্য বোলাররা এই বিষয়ে জানতেন না বলে দাবি করে আসছেন। আসন্ন বইটিতে সেই ঘটনাটি নতুন করে আলোচনায় আসায় স্বাভাবিকভাবেই ক্রিকেটপাড়ায় কৌতূহল সৃষ্টি হয়েছে।
উসমান খাজার সঙ্গে হওয়া আলোচনা নিয়ে সংবাদ সম্মেলনে অস্ট্রেলিয়া অধিনায়ক কামিন্স বললেন, ‘কয়েক সপ্তাহ আগে উসমান আমাকে ফোন করে বই প্রকাশের বিষয়টি জানিয়েছিল। সে খুব বেশি বিস্তারিত বলেননি, শুধু আমাকে একটা প্রাথমিক ধারণা বা হেডস-আপ দিয়েছিল। আমি বরাবরের মতো তাকে বলেছিলাম- ‘কোনো সমস্যা নেই, তোমার গল্প তুমি বলো। এটা ঠিক আছে।’
বইয়ে কী লেখা থাকতে পারে সে বিষয়ে নির্লিপ্ত অজি অধিনায়ক, ‘এ বিষয়ে আপনাকে উসমানকেই জিজ্ঞেস করতে হবে। বিষয়টি অনেক পুরনো। সে সময় সব ধরনের তদন্ত শেষ হয়েছে এবং সব প্রশ্নের উত্তর মিলিয়ন বার দেওয়া হয়েছে। বিষয়টি তখনই মীমাংসা হয়ে গেছে। এখন আমি শুধু এটুকু বলতে পারি, দল হিসেবে আমরা অনেক আগেই সামনে এগিয়ে গেছি। বিগত ৮-৯ বছরে দল হিসেবে যেভাবে আমরা বিকশিত হয়েছি, তাতে আমরা অত্যন্ত আনন্দিত।’
এদিকে আগামী মাসে প্রকাশিত হতে যাওয়া উসমান খাজার আত্মজীবনীতে স্যান্ডপেপারগেট ছাড়াও লর্ডসের লং রুমের বিতর্ক এবং জাস্টিন ল্যাঙ্গার কোচের পদ ছাড়ার পেছনের গল্পগুলোও স্থান পেতে পারে বলে জানা গেছে। অন্যদিকে দক্ষিণ আফ্রিকার ব্রডকাস্টার ‘সুপারস্পোর্ট’ বলেছে, এই সিরিজে তাদের ক্যামেরা আরও বেশি তীক্ষ্ণ থাকবে। সেই সঙ্গে দর্শকদের দুয়োধ্বনি তো থাকছেই। আপাতত মাঠের খেলায় মনোযোগ ধরে রেখে সিরিজ জয়ের লক্ষ্যেই প্রস্তুতি নিচ্ছে প্যাট কামিন্সের দল।




