শ্রীকান্ত
সূর্যবংশী বাদ পড়ায় আমার স্ত্রীও রেগে গিয়েছিল

ভারতের বর্তমান টিম ম্যানেজমেন্টের দল নির্বাচন পদ্ধতি এবং ১৫ বছর বয়সী বৈভব সূর্যবংশীকে বাদ দেওয়ার বিষয়ে সরব হয়েছেন দেশটির সাবেক প্রধান নির্বাচক কৃষ্ণমাচারী শ্রীকান্ত। আফগানিস্তানের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে বৈভবকে বাদ দেওয়ার সিদ্ধান্ত কিছুতেই মেনে নিতে পারছেন না তিনি। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজসেরা বৈভবকে বসিয়ে সঞ্জু স্যামসনকে সুযোগ দেওয়া হয়েছিল, যদিও তিনি করেন মাত্র ১০ রান।
নিজের ইউটিউব চ্যানেলে শ্রীকান্ত জানান, বৈভবের বাদ পড়ার খবরে তার পরিবারও অবাক হয়েছিল। তিনি বলেন, ‘গতকাল বৈভব না খেলায় আমরা (পরিবার) একটা সিনেমা দেখতে শুরু করেছিলাম। আমার স্ত্রী চিৎকার শুরু করে দিয়েছিল যে- বৈভব কেন খেলছে না! গত সিরিজের সেরা খেলোয়াড়ই দলে নেই! এ কারণে আমার স্ত্রীও ওর বাদ পড়া নিয়ে প্রশ্ন তুলেছে।’ তরুণ এই ওপেনারের ক্যারিয়ার পরিকল্পনা নিয়ে ক্ষোভ প্রকাশ করে শ্রীকান্ত বলেন, ‘আপনারা বৈভবের সঙ্গে সঠিক আচরণ করছেন না। এখন সে যদি পরের ম্যাচে খেলে, তবে তার মনে সবসময় এই ভয় কাজ করবে যে রান না পেলেই তাকে বাদ দেওয়া হবে। ছেলেটিকে আপনারা ভুল বার্তা দিচ্ছেন। সব খেলোয়াড়ের মনে সন্দেহের বীজ বপন করছেন। বৈভব দুলীপ ট্রফি, টি-টোয়েন্টি, এ দল এবং আইপিএল—সব পর্যায়ে রান করেছে। আপনাদের উচিত তাকে উৎসাহিত করা।’
অন্যদিকে, সঞ্জু স্যামসনের সঙ্গে চলা রোলার-কোস্টার আচরণ নিয়েও সহানুভূতি প্রকাশ করেছেন এই সাবেক নির্বাচক। ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের প্লেয়ার অব দ্য টুনামেন্ট হওয়া সত্ত্বেও সাময়িক খারাপ ফর্মের কারণে বারবার দল থেকে বাদ পড়েছেন স্যামসন। এ বছরের শুরুতে ইংল্যান্ড সফরে বৈভবের কাছে নিজের জায়গা হারালেও আফগানিস্তানের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে তাকে ফিরিয়ে আনা হয়েছিল। স্যামসনকে নিয়ে শ্রীকান্ত বলেন, ‘এই টিম ম্যানেজমেন্ট সঞ্জু স্যামসনকে নিয়ে ছেলেখেলা করছে। আমার সঞ্জুর জন্য মায়া হয়। তাকে লম্বা সময় সুযোগ দিন, নয়তো বৈভব সূর্যবংশীকে একটানা খেলিয়ে যান। ভারত যে ভুল করছে, তা হলো দুজনেই এখানে-সেখানে বিক্ষিপ্তভাবে মাত্র দুয়েকটি ম্যাচ খেলাচ্ছে। খেলোয়াড়দের জন্য এটি মোটেও ভালো নয়।’





