গোল অবদানে সবার ওপরে রাফিনিয়া

রাফিনিয়া দিয়াস বেলোলি
ইউরোপের শীর্ষ পাঁচ লিগের শীর্ষ গোলদাতাদের মধ্যে গোল এবং অ্যাসিস্ট মিলিয়ে সরাসরি গোল অবদানে সবার ওপরে অবস্থান করছেন বার্সেলোনার ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনিয়া। স্প্যানিশ লা লিগায় প্রথম পাঁচ রাউন্ড শেষে ৬টি গোল এবং ৩টি অ্যাসিস্ট করে দারুণ ফর্মে রয়েছেন এই তারকা। বার্সেলোনার ২১টি গোলের মধ্যে একাই ৯টিতে সরাসরি অবদান রেখেছেন তিনি।
গত রবিবার লেভান্তের বিপক্ষে ৪-২ গোলের জয়েও দলের জয়ে বড় ভূমিকা রাখেন রাফিনিয়া। ম্যাচের প্রথমার্ধেই সতীর্থদের দুটি গোলে সহায়তা করেন তিনি। একটি ছিল ৫ম মিনিটে জাভি এস্পার্তের এবং অন্যটি ১৯ মিনিটে লামিনে ইয়ামালের গোল। এই পারফরম্যান্সের সুবাদে ইউরোপের অন্য লিগগুলোর শীর্ষ পারফর্মারদের ছাড়িয়ে গেছেন তিনি।
প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটির আর্লিং হল্যান্ডের ৪টি গোল থাকলেও কোনো অ্যাসিস্ট নেই, আর সিরি আতে রোমার ডনিয়েল মালেন ৫টি গোল করলেও কোনো গোল বানিয়ে দেননি। অন্যদিকে চলতি মৌসুমে লা লিগা ও চ্যাম্পিয়নস লিগ মিলিয়ে এখন পর্যন্ত ৮টি গোল এবং ৩টি অ্যাসিস্ট করেছেন রাফিনিয়া।
লা লিগার প্রথম পাঁচ রাউন্ডে টানা গোল করে ১৯৫০-৫১ মৌসুমে সিজার রদ্রিগেজ এবং ২০০৯-১০ মৌসুমে জ্লাতান ইব্রাহিমোভিচের গড়া ঐতিহাসিক রেকর্ডের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন রাফিনিয়া। তবে লেভান্তের বিপক্ষে গোল না পাওয়ায় সেই রেকর্ড ছোঁয়া হয়নি। তবুও তার এমন চোখধাঁধানো ফর্ম বার্সেলোনার আক্রমণভাগকে করে তুলেছে আরও বেশি ধারালো।




