সুযোগ মিস না হলেই জেতা যেতো!

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত আবুধাবি টেস্টের চতুর্থ ইনিংস নিয়ে আফসোস করলেন। শান্তর আফসোসগুলো কিছু আউটের সুযোগ মিস করা নিয়ে। পুরো ইনিংসে দারুণ কিছু সুযোগ পেয়েছিলেন বাংলাদেশ ফিল্ডাররা।
অথচ মনসংযোগের অভাবে সেসব সুযোগ কাজে লাগিয়ে আফগান ব্যাটারদের আউট করা যায়নি। অধিনায়ক শান্তর মতে সেগুলো কাজে লাগাতে ব্যর্থ হওয়ায় ড্র-তে সন্তুষ্ট থাকতে হয়েছে।
অবশ্য শেষ ইনিংসে আফগানদের ১৪২ ওভার খেলার কৃতিত্ব দিতেও ভুল করেননি শান্ত, ‘এটা আমাদের জন্য হতাশাজনক, তবে আফগানিস্তান দারুণ খেলেছে। আমরা সুযোগগুলো কাজে লাগাতে পারিনি। আমার চিন্তা ছিল স্পিনাররা ম্যাচের শেষদিকে ভালো সুবিধা পাবে কিন্তু তা হয়নি। আফগান ব্যাটাররা শক্ত ভাবে প্রতিরোধ গড়েছে।’
ফিল্ডিংয়ে নিজেদের কিছু ভুল বাংলাদেশকে পিছিয়ে দিয়েছে। উইকেটের পেছনে লিটন দাসের মিস সেঞ্চুরির সুযোগ করে দেয় সেদিকুল্লাহকে। এছাড়া মিরাজের বলে কাইস আহমেদের ইনিংসের শুরুতেই হাসান মাহমুদের ক্যাচ ফেলা এবং নাঈম হাসানের রানআউটের সুযোগ মিস – বাংলাদেশের এই টেস্টে জয় কঠিন করে তোলে।
এই ম্যাচে ৯ ডিসমিসাল ও দুই ইনিংসেই হাফসেঞ্চুরি ছাড়ানো স্কোর করে বিশ্বরেকর্ড গড়ার কৃতিত্ব গড়লেন লিটন দাস। উইকেট থেকে যে বোলাররা কোনো সুবিধাই পাচ্ছিলেন না, তা বলে গেলেন ম্যাচ সেরা হওয়ার পর, ‘উইকেট খুব ফ্লাট ছিল। বোলারদের জন্য এই গরমে ভালো করা কঠিন ছিল। আমি প্রথম ইনিংসে বড় কিছু করার সুযোগ মিস করি কিন্তু দ্বিতীয় ইনিংসের আগে আমি একটি নেট সেশন করেই আত্মবিশ্বাস পাই।’



