এক লাফে র্যাংকিংয়ে ১১৫ ধাপ এগোলেন হৃদয়

ছবি: আগামীর সময়
সিলেটে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২৪২ রানের অবিশ্বাস্য এক ইনিংস খেলেছিলেন তিনি। দ্বিতীয় ইনিংস করেন ৮২। ক্যারিবিয়ানদের বিপক্ষে দুর্দান্ত এক ম্যাচের পর র্যাংকিংয়ে বড় সুখবর পেলেন তাওহীদ হৃদয়। আইসিসি র্যাংকিংয়ে ১১৫ ধাপ এগিয়ে ৬০ নম্বরে উঠে এসেছেন তিনি।
আইসিসির হালনাগাদ করা র্যাংকিংয়ে সাদা পোশাকে ক্যারিয়ারের সবচেয়ে বড় লাফ দিয়েছেন হৃদয়। সিলেট টেস্টে তার জাদুকরী ব্যাটিংয়ের সুবাদে ৬০ নম্বরে আছেন হৃদয়।
বাংলাদেশের পেসার হাসান মাহমুদ ৬ ধাপ এগিয়ে রয়েছেন ৩২তম স্থানে। বাংলাদেশের বিপক্ষে ভালো খেলা আমির জাঙ্গু ২৮ ধাপ এগিয়ে ৬২ নম্বরে রয়েছেন। এছাড়া কাভেম হজ এগিয়েছেন ১২ ধাপ, আছেন ৫২তম স্থানে।
বাংলাদেশ সিরিজে ২ ম্যাচে ১৬ উইকেট নেওয়া স্পিনার জোমেল ওয়ারিকান ১১ ধাপ এগিয়ে উঠে এসেছেন ১৯ নম্বরে। অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে ৪ ধাপ এগিয়ে ৩১ নম্বরে উঠেছেন তিনি। ওয়ারিকানের সতীর্থ জাস্টিন গ্রিভস অলরাউন্ডারদের মধ্যে ১ ধাপ এগিয়ে ৮ম স্থানে রয়েছেন।
টেস্টে বোলারদের মধ্যে শীর্ষস্থান ধরে রেখেছেন অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক, ব্যাটিংয়ে ইংল্যান্ডের হ্যারি ব্রুক এবং অলরাউন্ডারদের মধ্যে দক্ষিণ আফ্রিকার মার্কো ইয়ানসেন শীর্ষস্থান অক্ষত রেখেছেন। আইসিসির সর্বশেষ র্যাঙ্কিং দেখে নিন এখান থেকে।
বাংলাদেশের পরবর্তী মিশন দক্ষিণ আফ্রিকা। দেশ ছাড়ার আগে বিসিবির ভিডিও বার্তায় হৃদয় বলেন, ‘বিশ্বের কোনো দলই সব সময় ভালো করতে পারে না। তবে আমাদের ইচ্ছা থাকে ভালো করার। আমরা চাই, আপনারা সব সময় আমাদের পাশে থাকবেন।’
নিজের ইনিংস নিয়ে সন্তুষ্ট থাকলেও ২৫০ কিংবা ১০০ পূর্ণ না হওয়ার আক্ষেপে ডুবে থাকতে চান না হৃদয়। বরং দলের কঠিন সময়ে অবদান রাখতে পেরেই তৃপ্ত তিনি, ‘সত্যি কথা বলতে, ২৫০ হয়নি বা ১০০ হয়নি এসব নিয়ে চিন্তা না করাই ভালো। এগুলো নিয়ে ভাবলে নিজের ওপর হতাশা কাজ করতে পারে। যা হয়েছে, যতটুকু হয়েছে, আলহামদুলিল্লাহ। চেষ্টা থাকবে পরেরবার আরও ভালো কিছু করার।’
টেস্টের পাঁচ দিনই গ্যালারিতে দর্শকদের উপস্থিতি ও সমর্থন হৃদয়কে মুগ্ধ করেছে। দেশের হয়ে খেলতে নামলে সমর্থকদের প্রত্যাশা যে অনেক বেশি থাকে, সেটিও বোঝেন তিনি। দর্শকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে হৃদয় বলেন, ‘টেস্টের পাঁচ দিনই দর্শকরা মাঠে এসে দলকে সমর্থন করেছেন। এটা শুধু আমার জন্য নয়, পুরো দলের জন্যই বড় অনুপ্রেরণা। আমাদের দর্শকদের অনেক নিবেদন। তাঁরা সব সময় চান আমরা ভালো কিছু করি। আমরাও চেষ্টা করি তাঁদের প্রত্যাশা পূরণ করতে।’
প্রথম ইনিংসে রেকর্ড ২৪২ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন হৃদয়। দ্বিতীয় ইনিংসেও তিনি খেলেন ৮২ রানের ইনিংস। ৩২৪ রান করে ম্যাচসেরা হলেও ম্যাচ জিততে না পারার আক্ষেপ কাজ করছে তার। হৃদয় বলেন, ‘ভালো লাগছে। তবে দিন শেষে যদি ম্যাচটা জিততে পারতাম, তাহলে আরও বেশি ভালো লাগত। আমার কাছে সব সময় দল আগে। আমি যে এমন একটা ইনিংস খেলেছি, সেটা নিজেও জানতাম না। নিজের সামর্থ্য অনুযায়ী চেষ্টা করেছি। আল্লাহ আমাকে যা দিয়েছেন, তার জন্য শুকরিয়া।’



