রেকর্ড জুটি গড়ে তানজিদের বিদায়, মুমিনুলের আরেকটি ‘ডাক’

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেঞ্চুরিয়ন টেস্টের দ্বিতীয় ইনিংসে ওপেনিংয়ে রেকর্ড গড়ার পর জোড়া উইকেট হারিয়ে চাপে পড়েছে বাংলাদেশ। মাহফিজুল ইসলাম ও তানজিদ হাসানের ৫৮ রানের জুটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওপেনিংয়ে সর্বোচ্চ রানের রেকর্ড। তানজিদ ফেরার পরই শূন্য রানে সাজঘরে ফিরেছেন মুমিনুল হক।
ইনিংসের শুরু থেকেই বেশ নড়বড়ে ছিলেন দুই ওপেনার মাহফিজুল ও তানজিদ। ভাগ্যের সহায়তায় দুবার জীবন পান মাহফিজুল। এর একটু পরই শর্ট লেগে ক্যাচ দিয়েও বেঁচে যান তানজিদ, টনি ডি জর্জি ক্যাচটি তালুবন্দি করতে ব্যর্থ হন। তবে এক ওভার পরেই আর রক্ষা হয়নি। ভিয়ান মুল্ডারের বলে রায়ান রিকেলটনের গ্লাভসে ক্যাচ দিয়ে ২৯ রানে ফেরেন তানজিদ। তানজিদের বিদায়ের মধ্য দিয়ে ভাঙে ৫৮ রানের উদ্বোধনী জুটি। এর মাধ্যমে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরে-বাইরে মিলিয়ে ওপেনিংয়ে সর্বোচ্চ রানের জুটির ২৪ বছরের পুরোনো রেকর্ড ভেঙে দিলেন মাহফিজুল ও তানজিদ। এর আগে ২০০২ সালে পচেফস্ট্রুমে ৫২ রানের গড়েছিলেন জুটি আল শাহরিয়ার ও হান্নান সরকার।
তানজিদ ফেরার পর ক্রিজে এসে ফর্মহীনতাকে আরও দীর্ঘায়িত করেন মুমিনুল হক। মুল্ডারের সুইং করে লেগ স্টাম্পের বাইরে দিয়ে যাওয়া বলে ফ্লিক করতে গিয়ে গ্লাভস ছুঁয়ে রিকেলটনের হাতে ক্যাচ দেন তিনি। প্রথম ইনিংসে ১৮ রান করা মুমিনুল দ্বিতীয় ইনিংসে ফিরলেন শূন্য রানে। এতে দক্ষিণ আফ্রিকা সফরে তাঁর চার ইনিংসের সংগ্রহ দাঁড়াল ০, ১, ১৮ ও ০!
মুমিনুলের বিদায়ের পর উইকেটে আসেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে সময়টা ভালো যাচ্ছে না তারও। সর্বশেষ ১২ ইনিংসে মাত্র একটিতে ফিফটি পেয়েছেন। ২০.৫ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ দাঁড়িয়েছে ২ উইকেটে ৭৭ রান।




