ইয়াসিনের পাঁচ উইকেটে প্রথম দিনেই কোণঠাসা খুলনা

সংগৃহীত ছবি
জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) দ্বিতীয় একাদশের ফাইনালে শুরুটা মোটেও ভালো হয়নি খুলনার। ঢাকা দ্বিতীয় একাদশের স্পিনার ইয়াসিন হোসেনের দুর্দান্ত বোলিংয়ে প্রথম ইনিংসে ১৩৭ রানেই গুটিয়ে গেছে দলটি। জবাবে প্রথম দিনের খেলা শেষে বিনা উইকেটে ১৫ রান তুলেছে ঢাকা। এখনো ১২২ রানে পিছিয়ে তারা।
বুধবার নারায়ণগঞ্জের পূর্বাচলের ন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে খুলনাকে আগে ব্যাটিংয়ে পাঠান ঢাকা অধিনায়ক আহরার আমিন পিয়ান। ঢাকার বোলারদের চাপে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে খুলনা।
মাত্র ৪৯ রানেই সাজঘরে ফেরেন খুলনার প্রথম ছয় ব্যাটার। সাদমান রহমান, রবিউল ইসলাম রবি, রকিব খান, শোভন মোড়ল, শাহরিয়ার সাকিব ও এনামুল হক—কেউই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি।
এ অবস্থায় দলের হাল ধরেন সিয়াম হোসেন দিপু ও কায়েস রহমান লাবিব। সপ্তম উইকেটে দুজনের ৭৩ রানের জুটি খুলনাকে কিছুটা স্বস্তি দেয়। তবে ১১৪ বলে ৫৯ রান করে সিয়াম রানআউট হলে ভাঙে এই জুটি। তার ইনিংসে ছিল ৯টি চার ও একটি ছক্কা। লাবিব শেষ পর্যন্ত ১০৫ বলে ৩৬ রান করে অপরাজিত থাকলেও দলকে বড় সংগ্রহ এনে দিতে পারেননি। ৬১.২ ওভারে ১৩৭ রানেই শেষ হয় খুলনার ইনিংস।
ঢাকার বোলারদের মধ্যে একাই পাঁচ উইকেট তুলে নেন ইয়াসিন হোসেন। ২১.২ ওভারে ৭টি মেডেনসহ ৪৭ রান খরচ করেন তিনি। মারুফ মৃধার শিকার দুটি উইকেট। সাদ ইসলাম রাজিন ও আইচ মোল্লা নেন একটি করে উইকেট।
দিনের শেষভাগে ব্যাটিংয়ে নেমে সতর্ক শুরু করেছে ঢাকা। ৩.৫ ওভার মোকাবিলা করে কোনো উইকেট না হারিয়ে ১৫ রান নিয়ে মাঠ ছেড়েছেন ঋত্বিক রায় ও রিফাত বেগ। ঋত্বিক ৮ এবং রিফাত ৭ রানে অপরাজিত আছেন।



