ব্লেজার আর টুপিতে শুরু এনসিএল

অধিনায়কের গায়ে ব্লেজার, মাথায় রঙিন টুপি; দেশের চার ভেন্যুতে একই সঙ্গে শুরু হলো প্রথম শ্রেণির ক্রিকেটের সবচেয়ে বড় আসর জাতীয় ক্রিকেট লিগ। তবে রঙ শুধু পোশাকেই, মাঠের খেলায় কেউ একা রঙিন করতে পারেননি দিনটাকে।
মিরপুর স্টেডিয়ামে প্রথম দিনের খেলা শেষে ঢাকা বিভাগের বিপক্ষে রংপুরের সংগ্রহ ৬ উইকেটে ২২৯ রান, দুই ওপেনারের হাফসেঞ্চুরিতে ১১৪ রানের উদ্বোধনী জুটির পর খানিকটা বেখেয়ালি ব্যাটিং। আকবর আলি আলোচিত নানান ইস্যুতে, ৩৭ বলে ২৬ রানের ইনিংসটাই বলে দেয় কেন সেসব আলোচনা অর্থহীন। বরং যার দিকে আঙুল, সেই মোহাম্মদ মিঠুনই ভালো করেছেন, ১২৬ বলে করেছেন ৮৯ রান। খুলনায় বরিশালের বিপক্ষে স্বাগতিকদের সংগ্রহ ৫ উইকেটে ৩২৮ রান। সিলেট স্টেডিয়ামে সিলেটের বিপক্ষে প্রথম দিনের খেলা শেষে ময়মনসিংহের সংগ্রহ ৭ উইকেটে ২৭৩ রান। চটগ্রামে রাজশাহীর বিপক্ষে ৬ উইকেটে ২৯০ রান করেছে চট্টগ্রাম।



