স্যামি বনাম জোসেফ
উইন্ডিজের ক্রিকেটে কোচ-খেলোয়াড় বিবাদ

ওয়েস্ট ইন্ডিজের প্রধান কোচ ড্যারেন স্যামির সঙ্গে বিবাদে জড়িয়েছেন দলের তারকা পেসার আলজারি জোসেফ। পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে জোসেফ দলে থাকতে চাননি বলে নেতিবাচক মন্তব্য করেছিলেন স্যামি। তবে কোচের মন্তব্যের জবাবে জোসেফ স্পষ্ট জানিয়েছেন, লম্বা ইনজুরির পর তার শরীর আরেকটি টেস্ট সিরিজের ধকল নেওয়ার মতো অবস্থায় ছিল না।
সম্প্রতি পাকিস্তানের বিপক্ষে চলমান হোম টেস্ট সিরিজের স্কোয়াড থেকে জোসেফের বাদ পড়া নিয়ে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই) ‘ব্যক্তিগত কারণ’ উল্লেখ করে বিবৃতি দিয়েছিল। কিন্তু এর পরপরই সংবাদ সম্মেলনে কোচ ড্যারেন স্যামি বলেছিলেন, ‘মিস্টার জোসেফকে দলে নেওয়া হয়েছিল। কিন্তু সে নিজে থেকেই অনুরোধ করেছে, তাকে যেন দলে না রাখা হয়! এই সিদ্ধান্ত আমার মাথার অনেক ওপর দিয়ে গেছে। একজন চুক্তিবদ্ধ ক্রিকেটারেরা কীভাবে না খেলতে চাওয়ার অনুরোধ করতে পারে!’ জবাবে অ্যান্টিগার সংবাদমাধ্যম ‘গুড মর্নিং জোজো স্পোর্টস শো’-তে দেওয়া এক সাক্ষাৎকারে জোসেফ বলেন, ‘প্রধান কোচ এবং সিডব্লিউআইয়ের সঙ্গে আমার কথা হয়েছিল। আপনারা যদি সিডব্লিউআইয়ের বিবৃতিটি দেখেন, সেখানে ব্যক্তিগত কারণের কথা বলা হয়েছে। মিস্টার স্যামি অনেকদিন ধরে ক্রিকেটের সঙ্গে যুক্ত। তাই তিনি খুব ভালো করেই জানেন ওই রকম একটি বিবৃতি দেওয়ার অর্থ কী এবং এটি মানুষের মধ্যে কেমন আলোচনা তৈরি করবে।’
নিজের ইনজুরি ও ফিটনেস নিয়ে জোসেফ জানান, পিঠের নিচের অংশে হওয়া স্ট্রেস ফ্র্যাকচারের কারণে তিনি প্রায় এক বছর মাঠের বাইরে ছিলেন। ভারত ও নিউজিল্যান্ড সফর মিস করার পর গত জুনে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে তিনি মাঠে ফেরেন। এরপর নিউজিল্যান্ডের বিপক্ষে টানা পাঁচটি ওয়ানডে ম্যাচ খেলার পর নিজের শারীরিক অবস্থার কথা তিনি বুঝতে পেরেছিলেন। জোসেফ বলেন, ‘আমি আন্তর্জাতিক তীব্রতার ক্রিকেটে দীর্ঘদিন পর ফিরেছি। তাই আমি নিজেই বুঝতে পেরেছিলাম যে আমার শরীর আরেকটি টেস্ট সিরিজের জন্য প্রস্তুত নয়। ফলে স্যামির ওই বিবৃতিটি পুরোপুরি অপ্রাসঙ্গিক এবং বিতর্কিত ছিল।’ কোচের সঙ্গে সম্পর্কের অবনতি নিয়ে ভবিষ্যতে কোনো সমস্যা হবে কি না—এমন প্রশ্নে পেশাদারিত্বের কথা স্মরণ করিয়ে দিয়ে জোসেফ বলেন, ‘আমি একজন পেশাদার ক্রিকেটার এবং আমি নিজের কাজ করে যাব। আমি ওয়েস্ট ইন্ডিজকে প্রতিনিধিত্ব করছি, ড্যারেন স্যামিকে নয়। তাই আমাদের সম্পর্ক নিয়ে আমার কোনো মাথাব্যথা নেই। আমি সেখানে বন্ধু বানাতে যাই না, কাজ করতে এবং ওয়েস্ট ইন্ডিজের জনগণের প্রতিনিধিত্ব করতে যাই।’
উল্লেখ্য, পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে ইতিমধ্যে ১-এ এগিয়ে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ। আগামী রবিবার থেকে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। এরপর আগামী সেপ্টেম্বর-অক্টোবরে ভারতের মাটিতে সীমিত ওভারের সিরিজ খেলতে যাওয়ার কথা রয়েছে ক্যারিবীয়দের।






