তাওহীদ হৃদয়
১০০ রান কম করেছি

সংগৃহীত ছবি
জিম্বাবুয়ের পর আফগানিস্তানের সঙ্গেও বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। তাওহীদ হৃদয়ের দল হতশ্রী ব্যাটিংয়ে গুটিয়ে যায় ১৬০ রানে। শারজার ব্যাটিং উইকেটে ৮৭ বল হাতে রেখে সহজে লক্ষ্যটা পেরিয়ে যায় আফগানিস্তান। তাই ফাইনাল খেলা হচ্ছে না বাংলাদেশের।
ম্যাচ শেষে এই ব্যর্থতায় হতাশা ঝরল বাংলাদেশ অধিনায়ক তাওহীদ হৃদয়ের কণ্ঠে। ১০০ রান কম করার কথা মেনে নিলেন হৃদয়,‘ সত্যি বলতে আমরা ১০০ রান কম করেছি। উইকেটটি বেশ ভালো ছিল, ব্যাটিংয়ের জন্য খুব ভালো।’
টি-টোয়েন্টিতেই এখন ১৬০ করে জেতা যায় না। সেখানে ওয়ানডেতে এই স্কোর মামুলি। এর দায়টা হৃদয় দিচ্ছেন ব্যাটারদের,‘ব্যাটিং ইউনিট হিসেবে আমরা কিছু ভুল করেছি। শুরুতেই আমরা কয়েকটি উইকেট হারিয়ে ফেলি, আমার মনে হয় সেটাই মূল কারণ। এ নিয়ে আমরা পরে আলোচনা করতে পারব, তবে আগেই যেমনটা বলেছি, আমাদের টপ অর্ডারে রান করতে হবে। তা না হলে টিকে থাকা সম্ভব নয়।’
দেশের বাইরে এ নিয়ে ১৬ ওয়ানডের ১৪টা হারল বাংলাদেশ। তাই ত্রিদেশীয় সিরিজ থেকে শেখার তাগিদ হৃদয়ের,‘সত্যি বলতে, আমরা অনেক কিছু শিখতে পারি। ব্যাটিং ইউনিট হিসেবে, এমনকি ফিল্ডিংয়েও আমাদের কিছু জায়গায় উন্নতি করতে হবে। আমাদের সময় আছে। আশা করি আমরা এই সমস্যাগুলো কাটিয়ে উঠব। আমাদের সামনে দেশেই এশিয়া কাপ অঅছে, তাই আমরা ঘুরে দাঁড়াব।’



