বাংলাদেশ-আফগানিস্তান টেস্ট
অস্ট্রেলিয়া সিরিজই নাজমুলদের অনুপ্রেরণা

সংগৃহীত ছবি
অস্ট্রেলিয়ার বিপক্ষে দারুণ এক টেস্ট সিরিজের পর এবার আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট খেলতে প্রস্তুত বাংলাদেশ। আবুধাবির কন্ডিশন কিছুটা ভিন্ন ও গরম হলেও সেটিকে অজুহাত হিসেবে দেখছেন না অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তার বিশ্বাস, ভালো প্রস্তুতি নিয়েই মাঠে নামবে বাংলাদেশ।
আফগানিস্তানের বিপক্ষে টেস্টের আগে সংবাদ সম্মেলনে নাজমুল বলেন, ‘অস্ট্রেলিয়ার বিপক্ষে আমাদের ভালো একটি সিরিজ গেছে। কিন্তু আমি মনে করি সেটা এখন অতীত। এটা নতুন কন্ডিশন, নতুন প্রতিপক্ষ, তাই আমাদের সেভাবেই পরিকল্পনা করতে হবে। কয়েকজন খেলোয়াড় একটু আগেই এসে একটি প্রস্তুতি ম্যাচ খেলেছে। তাই এখানকার কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে সেটা কাজে দেবে। আমি মনে করি খেলোয়াড়রা প্রস্তুত।’
আবুধাবির গরম কন্ডিশন নিয়ে নাজমুলের কাছে জানতে চাওয়া হলে সেটিকে বাড়তি কোনো সমস্যা হিসেবে দেখছেন না তিনি। নিজের শারীরিক অবস্থার উন্নতিও হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ অধিনায়ক, ‘কন্ডিশন তো একটু গরম, এটা থাকবেই। কিন্তু আমরা পেশাদার খেলোয়াড় হিসেবে এটাকে একদমই অজুহাত হিসেবে দেখতে চাই না। আর আমি এখন সুস্থ আছি। গত দুই দিন অনুশীলন করেছি, ভালো অনুভব করছি।’
উইকেট নিয়ে নাজমুলের ধারণা, ব্যাটিংয়ের জন্য ভালো হতে পারে সেটি। গতকাল আবুধাবির উইকেট দেখার সুযোগ হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘উইকেট দেখে ভালো মনে হয়েছে। হয়তো একটু ধীরগতির থাকতে পারে। তবে আমার মনে হয় ব্যাটিংয়ের জন্য ভালো হবে। তাই আশা করছি খুব ভালো একটা টেস্ট ম্যাচই হবে।’
আগামীকাল বাংলাদেশ সময় দুপুর ১২টায় শুরু হবে প্রথম দিনের খেলা।



