দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়া সিরিজ
৯ বছর পর রেনশর সেঞ্চুরি, ঘুরে দাঁড়াল অস্ট্রেলিয়া

সংগৃহীত ছবি
প্রথম দিনের খেলা শেষে স্কোরকার্ড দেখে মনে হচ্ছিল ২৫০ রান করাও কষ্টকর বিষয় হবে অস্ট্রেলিয়ার জন্য। ৬ উইকেট হারিয়ে মাত্র ১৮৭ রান করেছিল অজিরা। কিন্তু দক্ষিণ আফ্রিকার মাটিতে একাই দলকে খাদের কিনারা থেকে তুলে আনলেন ম্যাট রেনশ। তার ১৯০ রানের অসাধারণ ইনিংসের উপর ভর করে দ্বিতীয় দিনে ৩৯০ রানে থেমেছে সফরকারীরা।
প্রথমদিন শেষে ৪৬ রানে অপরাজিত ছিলেন রেনশ। তার সঙ্গে অধিনায়ক প্যাট কামিন্স অপরাজিত ছিলেন ৩৩ রানে। দিনের শুরুতেই কামিন্স ফেরেন ৪৩ রানে। এরপর একাই ইনিংস বড় করেন রেনশ।
মিচেল স্টার্ক ৬ রানে আউট হওয়ার পর রেনশকে সঙ্গ দেন নাথান লায়ন। নবম উইকেটে ১৩৪ রানের জুটি গড়েন তারা। লাঞ্চের আগে নিজের শতক পূরণ করেন রেনশ।
এটি টেস্টে রেনশর দ্বিতীয় শতক। তার প্রথম শতকটি এসেছিল ২০১৭ সালে পাকিস্তানের বিপক্ষে। সিডনিতে ১৮৪ রানের সেই ইনিংসের ৯ বছর পর আবারও টেস্টে শতকের দেখা পেলেন এই বাঁ হাতি ব্যাটার। রেনশ তার সর্বশেষ পঞ্চাশোর্ধ্ব রানের ইনিংসও খেলেছিলেন ২০১৭ সালে।
৯২ বলে ২৭ রানের কার্যকরী ইনিংস খেলেন লায়ন। তিনি আউট হওয়ার পরও রান তুলতে থাকেন রেনশ। ৩৯০ রানে ৯ উইকেট হারিয়ে চা বিরতিতে যায় অস্ট্রেলিয়া। বিরতির পরই আউট হন রেনশ। তার ৩৯৭ বলে ১৯০ রানের ইনিংসে ছিল ২১টি চার ও ১টি ছয়। অস্ট্রেলিয়া অলআউট হয় ৩৯০ রানে।
দক্ষিণ আফ্রিকার হয়ে ৪ উইকেট তুলে নেন উইয়ান মুল্ডার। ৩টি উইকেট পান মার্কো ইয়ানসেন। অন্যদিকে এনরিক নরকিয়া ২টি ও সাইমন হার্মার ১টি উইকেট শিকার করেন।
জবাবে ব্যাটিংয়ে নেমে ৮.৪ ওভারে ১ উইকেট হারিয়ে ২৭ রান করেছে দক্ষিণ আফ্রিকা। ওপেনার রায়ান রিকেলটনের উইকেটটি তুলে নেন জশ হ্যাজলউড। আলো স্বল্পতার কারণে খেলা বন্ধ রয়েছে।



