তানজিদকে প্রশংসায় ভাসালেন পন্টিং, গিলক্রিস্ট, মার্ক ওয়াহ

দ্বিতীয় সেশনের খেলা শেষে তানজিদের সঙ্গে কথা বলেন অস্ট্রেলিয়ান কিংবদন্তি উইকেটকিপার ব্যাটার অ্যাডাম গিলক্রিস্ট।
মাত্র দ্বিতীয় টেস্ট খেলতে নেমেছেন, সেটাও আবার অস্ট্রেলিয়ার মাটিতে। অজিদের বিশ্বমানের বোলিংয়ের বিপক্ষে অসাধারণ সেঞ্চুরি হাঁকিয়ে বিশ্বকে জানান দিলেন তানজিদ হাসান তামিম। তার ১৯৭ বলে ৮ চার ১ ছক্কায় ১০১ রানের ইনিংসটি দেখে মুগ্ধ হয়েছেন রিকি পন্টিং, অ্যাডাম গিলক্রিস্ট, মার্ক ওয়াহর মতো কিংবদন্তিরা।
তানজিদের সেঞ্চুরির পর চ্যানেল সেভেন অস্ট্রলিয়ার কিংবদন্তি অধিনায়ক রিকি পন্টিং উচ্ছাস প্রকাশ করে বলেন, ‘অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে সেঞ্চুরি করার মতো ভালো কিছু হতে পারে না! সেটাও মাত্র দ্বিতীয় টেস্টে। বাংলাদেশের ধীরগতির ও নিচু উইকেটে খেলে সে বড় হয়েছে। এখানে কন্ডিশন সম্পূর্ণ আলাদা, তবে সে চমৎকার খেলেছে। এটা এমন এক মুহূর্ত, যা সে কখনো ভুলবে না। সে বেশ ধৈর্যশীল। ডিফেন্সে পোক্ত। টেকনিক খুবই সহজ—ভালো বলগুলো ডিফেন্ড করা আর খারাপ বলগুলোকে সীমানার বাইরে পাঠানো। তানজিদ আমাকে মুগ্ধ করেছে।’
টেস্টে অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম সেঞ্চুরি পাওয়া বাংলাদেশি তানজিদ। ২৫ বছর বয়সী এই ব্যাটসম্যানের প্রশংসায় ফক্স স্পোর্টসে অস্ট্রেলিয়ার সাবেক ওপেনার মার্ক ওয়াহ বলেন, ‘কী অসাধারণ এক মুহূর্ত! তার ক্যারিয়ারে পরবর্তীতে যা-ই ঘটুক না কেন, ডারউইনে করা সেঞ্চুরি সে কখনো ভুলবে না। বিশ্বমানের বোলিং আক্রমণের বিপক্ষে কী দারুণ এক ইনিংসই না খেলল!’
Tanzid Hasan Tamim’s Maiden Test Century! 💯🔥 | 1st Test vs Australia 🇧🇩 pic.twitter.com/wqXVBaaYkn
— Bangladesh Cricket (@BCBtigers) August 14, 2026
দ্বিতীয় সেশনের খেলা শেষে তানজিদের সঙ্গে কথা বলেন অস্ট্রেলিয়ান কিংবদন্তি উইকেটকিপার ব্যাটার অ্যাডাম গিলক্রিস্ট। এসময় তিনি তানজিদের পরিণত মানসিকতার উচ্ছসিত প্রশংসা করেন। তাকে দেওয়া সাক্ষাৎকারে তানজিদ বলেন, ‘এটা আমার জন্য খুবই বিশেষ কিছু। কারণ, এখানে এবারই প্রথম এসেছি। দ্বিতীয় ম্যাচেই সেঞ্চুরি পাওয়া আমার জন্য খুবই বিশেষ ব্যাপার। দলের যেটা দরকার ছিল, সেটাই করার চেষ্টা করেছি। উইকেট বেশ ভালো ছিল। আমি স্বাভাবিক খেলাটা খেলার চেষ্টা করেছি। বল দেখে দেখে খেলেছি। বেশি কিছু করার চেষ্টা করিনি।’





