তৃতীয় ওয়ানডে
লিটনের চোট, হৃদয়ের ফিফটিতে এগোচ্ছে বাংলাদেশ

তাওহীদ হৃদয়ের ফিফটি উদযাপন। ছবি: মোশারফ ভুবন
অনেকটা সময় ধরেই পায়ের পেশির অস্বস্তিতে অনুভব করছিলেন লিটন কুমার দাস। খেলছিলেন দারুণ। কিন্তু শারীরিক সমস্যার কাছে হার মেনে তাকে উঠে যেতে হলো মাঠ থেকে। রিটায়ার্ড হার্ট হওয়ার আগে তিনি খেলেছেন ৭৩ বলে ৪৮ রানের অপরাজিত ইনিংস। মিরপুরে ২৮ ইনিংস ধরে তার কোনো ফিফটি নেই। এবারও হলো না, যদিও সুস্থ হলে আবারও তার মাঠে নামার সুযোগ আছে।
আজ রবিবার টস জিতে ব্যাটিংয়ে নেমে মিরপুরে ইনিংসের প্রথম ওভারেই আউট হয়ে যান গত ম্যাচে দারুণ ব্যাটিং করা সৌম্য সরকার (২)। জাভিয়ের ব্রেটলেটের করা চতুর্থ বলটি ড্রাইভ করতে গিয়ে ইনসাইড এজ হয়ে বোল্ড হন নান্দনিক এই ব্যাটার। এরপর তানজিদ তামিম এবং নাজমুল হোসেন শান্ত গড়েন ৫৬ বলে ৫১ রানের জুটি। ম্যাট রেনশর বলে স্লগ সুইপ করতে গিয়ে তানজিদ (১৯) মিড অনে ক্যাচ দিলে ভাঙে এই জুটি।
ভারপ্রাপ্ত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ভালো খেলছিলেন। ২৪ রানে একবার তার বিরুদ্ধে লেগ বিফোরের আবেদন হয়। আম্পায়ার নাকচ করলে রিভিউ নিয়ে হতাশ হয় অস্ট্রেলিয়া। কিন্তু সেই ২৪ রানেই শান্ত সুইপ করতে গেলে বল তার ব্যাট ছুঁয়ে ভেঙে দেয় স্টাম্প। এরপর লিটন-হৃদয়ের দৃঢ়তায় ২২তম ওভারে তিন অংক স্পর্শ করে বাংলাদেশের স্কোর। লিটন রিটায়ার্ড হলে ভাঙে চতুর্থ উইকেটে ১০৭ বলে ৯২ রানের দারুণ জুটি।
এই রিপোর্ট লেখা পর্যন্ত ৪১ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ২০৮ রান। হৃদয় ৬৩ রানে অপরাজিত আর মোসাদ্দেক ব্যাট করছেন ২৭ রানে।


