শেষ সুরে আশা ভোঁসলে

আশা ভোঁসলে
‘যেতে দাও আমায় ডেকো না, কবে কী আমি বলেছি মনে রেখো না’ কণ্ঠে তুলেছেন কত শত গান। প্রাণে বেজেছে কত মোহনীয় সুর। বাংলা গানের এই আবেশটুকু কে না মনে রাখবে। আমরা কি আর তাকে ডাকব না? মনে রাখব না? কবে কি বলেছিলেন কিংবদন্তি শিল্পী? তার যত কথা সবই তো গানেই।
চলে গেলেন আশা ভোঁসলে। বছর গুনলে জীবন নিয়ে গেছেন ৯২ অবধি। শিল্পীর মৃত্যু নেই। গানে গানেই মহাকাল মনে রাখবে তাকে।
শুরু করেছিলেন মাত্র ১০ বছর বয়সে ১৯৪৩ সালে মারাঠি চলচ্চিত্র ‘মাঝা বল’-এর ‘চল চল নব বল’ গান গেয়ে। থামলেন মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে। রবিবার তার ফুসফুসকে ছেড়ে গেছে তার শেষ নিশ্বাসের সুর।
ছেলে আনন্দ ভোঁসলে হিন্দুস্তান টাইমসকে জানালেন, মারা গেছেন তার মা। আগামীকাল সকাল ১১টায় লোয়ার পারেলের কাসা গ্রান্দে, যেখানে তিনি থাকতেন, সেখানে সবাই তাকে শেষ শ্রদ্ধা জানাতে পারবেন। বিকেল ৪টায় শিবাজি পার্কে তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হবে।
দীর্ঘ কর্মজীবনে ভারতের বিভিন্ন ভাষায় অজস্র চলচ্চিত্র ও অ্যালবামের জন্য অসংখ্য গান রেকর্ড করেছেন কিংবদন্তি এ সংগীতশিল্পী। তার ঝুলিতে ছিল বহু পুরস্কার।
আশা ভোঁসলে দাদাসাহেব ফালকে পুরস্কারে সম্মানিত হয়েছেন, ২০০৮ সালে পেয়েছেন পদ্মভূষণ। এ ছাড়া, ১৯৯৭ সালে গ্র্যামির জন্য মনোনীত হয়েছিলেন তিনি। তার জনপ্রিয় গানগুলোর মধ্যে অন্যতম- ‘দিল তো পাগল হ্যায়, ‘এক পরদেশী মেরা দিল লে গয়া’, ‘তুমসে মিলকে’ ইত্যাদি।
এ কিংবদন্তির অসুস্থতায় আরোগ্য কামনা করে একটি পোস্ট করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
তিনি সামাজিক যোগাযোগের মাধ্যমে লিখেছিলেন, ‘আশা ভোঁসলে জি হাসপাতালে শুনে গভীরভাবে চিন্তিত। ওর দ্রুত সুস্থতা কামনা করছি।’
শিল্পীর প্রয়াণে ভারতীয় সংগীতজগতে নেমে এসেছে শোকের ছায়া।
সূত্র: হিন্দুস্তান টাইমস




