নেতাকর্মীদের আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতার নির্দেশ প্রধানমন্ত্রীর

ফাইল ছবি
যে কোনো মূল্যে দেশে শান্তি-শৃঙ্খলা রক্ষা করতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ লক্ষ্যে দলের নেতাকর্মীদের প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ সহযোগিতা করার নির্দেশ দিয়েছেন তিনি।
রবিবার (১২ এপ্রিল) বগুড়া-৬ (সদর) ও শেরপুর-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্যের শপথ গ্রহণ শেষে নেতাকর্মীদের এ নির্দেশনা দেন তারেক রহমান।
এ তথ্য জানান প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
নেতাকর্মীদের উদ্দেশে তারেক রহমান বলেছেন, ‘এলাকায় যাতে শান্তি-শৃঙ্খলা বজায় থাকে, সেভাবে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করবেন। কেউ যদি এমন কিছু করে, যার জন্য এলাকার শান্তি নষ্ট হয়, সেক্ষেত্রে আপনারা জানাবেন আইনশৃঙ্খলা বাহিনীকে। আইন কখনো হাতে তুলে নেবেন না ‘
নবনির্বাচিত সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল (শেরপুর-৩) ও মো. রেজাউল করিম বাদশাকে (বগুড়া-৬) শপথ বাক্য পাঠ করান স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম।
শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান ছাড়াও উপস্থিত ছিলেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, চিফ হুইপ নুরুল ইসলাম মনিসহ অন্যান্য হুইপরা, সংসদ সদস্যরা, প্রধানমন্ত্রীর প্রেস সচিব, অতিরিক্ত প্রেস সচিব ও সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

