ছাত্রদল নেতা হামীম
সাবেক ও বর্তমান ছাত্রলীগের নেতাকর্মীদের চাকরি হবে না

শেখ তানভীর বারী হামীম
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসীমউদ্দীন হল ছাত্রদলের আহ্বায়ক শেখ তানভীর বারী হামীম বলেছেন, সাবেক ও বর্তমান ছাত্রলীগের কোনো নেতাকর্মীর চাকরি হবে না, সমাজে জায়গা হবে না এবং সামাজিকতা থাকবে না।
আজ শুক্রবার সামাজিক মাধ্যমে দেওয়া এক বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শেখ তানভীর বারী হামীম বলেন, ‘সাবেক ও বর্তমান ছাত্রলীগের কোনো চাকরি হবে না, সমাজ হবে না, কোনো সামাজিকতা হবে না। কারণ, ওরা এ দেশের শত্রু। ওদের হাতে লেগে আছে শহীদ আনাসের রক্ত, ওদের হাতে লেগে আছে শহীদ আবরার ফাহাদের রক্ত।’
তার ভাষ্য, ‘বর্তমান ও সাবেক ছাত্রলীগের প্রতি একমাত্র প্রেম থাকবে, যারা বিকৃত মনস্তাত্ত্বিকতার অধিকারী তাদের। তবে কোনো দেশপ্রেমিক মেধাবী মানুষ যেন হেনস্তা না হয়।’
ছাত্রশক্তি ও ইসলামী ছাত্রশিবিরের উদ্দেশে ছাত্রদলের এই নেতা বলেন, ‘সাবেক ছাত্রলীগের পুনর্বাসনকেন্দ্র ছাত্রশক্তি ও সাবেক ছাত্রলীগের আশ্রয়স্থল ইসলামী ছাত্রশিবিরকে বলব, দেশপ্রেমিকতার পরিচয় দিন, জুলাইয়ের রক্তের সঙ্গে বেইমানি করবেন না।’
অতীতের প্রসঙ্গ টেনে শেখ তানভীর বারী হামীম বলেন, ‘অতীতে, ৭১-এ মাফ পেয়েছেন; জুলাই অভ্যুত্থানের পর সরকারের অংশ হয়ে দুর্নীতি করেও মাফ পেয়েছেন। এবার কিন্তু আর মাফ হবে না।’
তার এই বক্তব্যে সাবেক ও বর্তমান ছাত্রলীগ নেতাকর্মীদের সামাজিক অবস্থান এবং ছাত্ররাজনীতিতে বিভিন্ন সংগঠনের ভূমিকা নিয়ে কঠোর অবস্থান তুলে ধরা হয়েছে।




