তাসনিম জারা
ক্ষমতাসীন কাউকে গালি দিলে সেটা অপরাধ, ক্ষমতাহীনদের নয়

তাসনিম জারা—ফাইল ছবি
‘অতিরিক্ত’ বিদ্যুৎ বিল নিয়ে প্রধানমন্ত্রীসহ সরকারের সংশ্লিষ্টদের ‘গালিগালাজ’ করে ফেসবুকে ভিডিও পোস্ট করেন গাজীপুরের সিফাত আব্দুল্লাহ। এই ভিডিও ছাড়ার অভিযোগে গতকাল বৃহস্পতিবার তাকে আটক করে পুলিশ।
আজ শুক্রবার সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এ ঘটনায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট করেছেন এনসিপির সাবেক নেত্রী ডা. তাসনিম জারা।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকালের ওই পোস্টে ডা. তাসনিম জারা লিখেছেন, ‘সিফাতের ভাষা ভদ্র ছিল না। এটা নিয়ে তর্ক করার কিছু নাই। কিন্তু প্রশ্নটা ভদ্রতার নয়। কারণ সিফাতকে অভদ্রতার জন্য গ্রেপ্তার করা হয়নি। মামলা দেওয়া হয়েছে সন্ত্রাসবিরোধী আইনে। তাহলে গালি দেওয়া কি সন্ত্রাস?’
তিনি উল্লেখ করেন, ‘দেখলাম যারা এই গ্রেপ্তারের বিপক্ষে লিখছেন; তাদের কমেন্টবক্সে গালির বন্যা। সঙ্গে বলছেন যে, ছেলেটা গালি দিয়েছে, তাই ধরা ঠিক হয়েছে। আয়রনি হলো, তারা নিজেরাই গালি দিয়ে সেটা বলছেন এবং তাদের কোনো ভয় নাই। কারণ তারা জানেন গালিটা তারা কাকে দিচ্ছেন, আর কাকে দিচ্ছেন না। অর্থাৎ ক্ষমতাসীন কাউকে গালি দিলে সেটা অপরাধ, ক্ষমতায় না থাকা কাউকে দিলে সেটা গ্রহণযোগ্য।’
তাসনিম জারা আরও লিখেছেন, ‘আপনারা একটা তালিকা করে দিন। কী কী লিখলে, কী কী আঁকলে, বিলের কাগজ হাতে নিয়ে কী কী বললে রাত সাড়ে আটটায় দরজায় পুলিশ আসবে না। লিখে দিন। আমরা মেনে চলব। আর যদি তালিকা দিতে অস্বস্তি হয়, “দ্য ডিক্টেটর” সিনেমার আলাদিনের আচরণের মতো মনে হয়, তাহলে নিজেদের সংযত করুন।’
সিফাতকে অবিলম্বে মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে ডা. জারা লিখেছেন, ‘সন্ত্রাসবিরোধী আইনের যে ধারাগুলো কথা বলার বিরুদ্ধে ব্যবহার করা যায়, সেগুলো সংশোধন করুন।’






