যে দুই অপরাধের শাস্তি দুনিয়াতেই ভোগ করতে হয়

প্রতীকী ছবি
মানুষের প্রতিটি কাজেরই পরিণতি রয়েছে। কিছু অপরাধের শাস্তি মহান আল্লাহ পরকালের জন্য সঞ্চিত রাখেন, আবার কিছু অপরাধের পরিণতি দুনিয়াতেই প্রকাশ পায়। বিশেষ করে দুটি অপরাধ অত্যন্ত ভয়াবহ। একটি হলো মানুষের ওপর জুলুম-অত্যাচার করা, অন্যটি হলো মা-বাবার অবাধ্য হওয়া ও তাদের সঙ্গে দুর্ব্যবহার করা। এ দুটি অপরাধের ভয়াবহ পরিণতি সম্পর্কে রাসুলুল্লাহ (সা.) উম্মতকে সতর্ক করেছেন।
রাসুলুল্লাহ (সা.) বলেছেন,
بَابَانِ مُعَجَّلَانِ عُقُوبَتُهُمَا فِي الدُّنْيَا: الْبَغْيُ وَالْعُقُوقُ
অর্থাৎ, ‘দুটি অপরাধের শাস্তি দুনিয়াতেই দ্রুত দেওয়া হয়। তা হলো, জুলুম-অত্যাচার ও মা-বাবার অবাধ্যতা।’ (সিলসিলাতুল আহাদিসিস সহিহাহ, হাদিস : ১১২০)।
তিরমিজি ও আবু দাউদের বর্ণনায় এসেছে- আবূ বাকরাহ (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন,
مَا مِنْ ذَنْبٍ أَجْدَرُ أَنْ يُعَجِّلَ اللَّهُ لِصَاحِبِهِ الْعُقُوبَةَ فِي الدُّنْيَا، مَعَ مَا يَدَّخِرُ لَهُ فِي الْآخِرَةِ، مِنَ الْبَغْيِ وَقَطِيعَةِ الرَّحِمِ
অর্থাৎ, ‘জুলুম-অত্যাচার ও আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার চেয়ে অন্য কোনো অপরাধের শাস্তি দুনিয়াতেই দ্রুত দেওয়ার বেশি উপযুক্ত নয়; পাশাপাশি পরকালেও তার জন্য শাস্তি সঞ্চিত থাকে।’ (আবু দাউদ, হাদিস : ৪৯০২; তিরমিজি, হাদিস : ২৫১১)।
উভয় হাদিসের বিবরণেই প্রথম অপরাধ হলো, জুলুম বা অন্যের ওপর অবিচার করা। ইসলাম মানুষের অধিকার রক্ষাকে অত্যন্ত গুরুত্ব দিয়েছে। কারও সম্পদ আত্মসাৎ করা, প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করা, দুর্বল ব্যক্তির ওপর ক্ষমতার অপব্যবহার করা, অধীনস্থদের সঙ্গে অন্যায় আচরণ করা কিংবা কারও সম্মানহানি করা সবই জুলুমের অন্তর্ভুক্ত। জুলুম শুধু ব্যক্তিগত পর্যায়েই সীমাবদ্ধ নয়; পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় পর্যায়েও তা সংঘটিত হতে পারে। ক্ষমতাবান ব্যক্তি যখন ক্ষমতার অপব্যবহার করে দুর্বল মানুষের অধিকার কেড়ে নেয়, তখন সেটিও জুলুমের ভয়াবহ রূপ ধারণ করে।
পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেন, ‘নিশ্চয়ই আল্লাহ জালিমদের কার্যকলাপ সম্পর্কে উদাসীন নন।’ (সুরা ইবরাহিম, আয়াত : ৪২)। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘তোমরা জুলুম থেকে বেঁচে থাকো। কেননা জুলুম কিয়ামতের দিন অন্ধকার হয়ে দেখা দেবে।’ (মুসলিম, হাদিস : ২৫৭৮)। তাই কোনো মানুষের ওপর অন্যায় করা, তার অধিকার নষ্ট করা কিংবা তাকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকা প্রত্যেক মুসলিমের দায়িত্ব।
দ্বিতীয় অপরাধ হলো, মা-বাবার অবাধ্যতা ও তাদের সঙ্গে দুর্ব্যবহার করা। মা-বাবা সন্তানের পৃথিবীতে আসার মাধ্যম। সন্তানের লালন-পালন, শিক্ষা ও সুন্দর ভবিষ্যৎ গড়ার জন্য তারা জীবনের বড় একটি অংশ ত্যাগ করেন। অথচ অনেক সন্তান বড় হওয়ার পর তাদের অবহেলা করে, কটু কথা বলে, তাদের প্রয়োজনের প্রতি উদাসীন থাকে কিংবা বৃদ্ধ বয়সে তাদের বোঝা মনে করে। ইসলামে এ ধরনের আচরণ অত্যন্ত নিন্দনীয়।
পবিত্র কোরআনে মহান আল্লাহ নিজের ইবাদতের নির্দেশের পাশাপাশি মা-বাবার সঙ্গে সদ্ব্যবহারের নির্দেশ দিয়েছেন। তাদের সামনে বিরক্তিসূচক ‘উফ’ শব্দটিও উচ্চারণ করতে নিষেধ করেছেন। মহান আল্লাহ তাআলা বলেছেন, ‘তোমার প্রতিপালক নির্দেশ দিয়েছেন যে, তোমরা তিনি ছাড়া অন্য কারও ইবাদত করবে না এবং মা-বাবার সঙ্গে সদ্ব্যবহার করবে। তাঁদের একজন অথবা উভয়েই তোমার জীবদ্দশায় বার্ধক্যে উপনীত হলে তাদের প্রতি বিরক্তিসূচক শব্দ উচ্চারণ কোরো না এবং তাদের ধমক দিয়ো না; তাদের সঙ্গে সম্মানজনক কথা বলো।’ (সুরা বনি ইসরাইল, আয়াত : ২৩)। রাসুলুল্লাহ (সা.) মা-বাবার অবাধ্যতাকে বড় কবিরা গুনাহের অন্তর্ভুক্ত করেছেন। (বুখারি, হাদিস : ৫৯৭৬)।
জুলুম ও মা-বাবার অবাধ্যতা মানুষের পার্থিব জীবনেও অশান্তি, সম্পর্কের অবনতি এবং নানা বিপর্যয়ের কারণ হতে পারে। এসব অপরাধ মানুষের জীবনের বরকত নষ্ট করে এবং পরকালীন মুক্তির পথেও বাধা সৃষ্টি করে। তাই কারও প্রতি অন্যায় করে থাকলে তার অধিকার ফিরিয়ে দেওয়া এবং মা-বাবার সঙ্গে দুর্ব্যবহার করে থাকলে তাদের কাছে ক্ষমা চেয়ে সম্পর্ক সংশোধন করা জরুরি।
একজন মুমিনের উচিত সর্বাবস্থায় জুলুম থেকে নিজেকে রক্ষা করা এবং মা-বাবার সন্তুষ্টি অর্জনে সচেষ্ট থাকা। মানুষের অধিকার রক্ষা করা ও মা-বাবার প্রতি দায়িত্ব পালন করা শুধু সামাজিক কর্তব্য নয়, বরং মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের অন্যতম মাধ্যম। দুনিয়া ও আখিরাতের কল্যাণ লাভ করতে হলে এ দুটি ভয়াবহ অপরাধ থেকে নিজেকে মুক্ত রাখা অপরিহার্য।
লেখক : আলেম ও সাংবাদিক



