হতাশ তরুণদের জন্য কুরআনের আশার বাণী

প্রতীকী ছবি
তারুণ্য জীবনের সম্ভাবনাময় এক অধ্যায়। এ সময় মানুষ স্বপ্ন দেখে, নতুন কিছু করার সাহস পায় এবং নিজের ভবিষ্যৎ গড়ার প্রত্যয়ে এগিয়ে চলে। কিন্তু বাস্তবতার নানা প্রতিকূলতা, প্রত্যাশা পূরণ না হওয়া, বেকারত্ব, পারিবারিক চাপ, সম্পর্কের টানাপোড়েন কিংবা বারবার ব্যর্থতার মুখোমুখি হয়ে অনেক তরুণ হতাশায় নিমজ্জিত হয়। কেউ নিজের যোগ্যতা নিয়ে সন্দিহান হয়ে পড়ে, কেউ ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় ভোগে, আবার কেউ জীবন সম্পর্কে আগ্রহ হারিয়ে ফেলে। অথচ পবিত্র কোরআন মানুষকে হতাশার অন্ধকারে ডুবে যেতে নিষেধ করেছে। বিপদের মধ্যেও আশাবাদী থাকতে এবং আল্লাহর রহমতের ওপর ভরসা রাখতে শিখিয়েছে।
মানুষের জীবনে দুঃখ-কষ্ট ও সংকট আসবেই। এগুলো জীবনের অবিচ্ছেদ্য অংশ। তবে কোনো বিপদই চিরস্থায়ী নয়। মহান আল্লাহ তাআলা বলেছেন, ‘নিশ্চয়ই কষ্টের সঙ্গেই রয়েছে স্বস্তি। নিশ্চয়ই কষ্টের সঙ্গেই রয়েছে স্বস্তি।’ (সুরা ইনশিরাহ, আয়াত : ৫-৬)। একই কথা দুবার উল্লেখ করে আল্লাহ তাআলা মানুষকে আশ্বস্ত করেছেন যে, সংকটের পাশাপাশি স্বস্তির পথও রয়েছে। তাই জীবনের কোনো একটি ব্যর্থতাকে চূড়ান্ত পরিণতি মনে করা উচিত নয়। বরং ধৈর্য ও প্রচেষ্টার মাধ্যমে নতুন সম্ভাবনার দিকে এগিয়ে যেতে হবে।
অনেক তরুণ নিজের ভুল, পাপ কিংবা অতীতের ব্যর্থতার কারণে নিজেকে ক্ষমার অযোগ্য মনে করেন। তারা ভাবতে থাকেন, হয়তো আল্লাহর রহমত থেকে তারা বঞ্চিত হয়ে গেছেন। অথচ আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, ‘হে আমার বান্দারা! তোমরা যারা নিজেদের প্রতি অবিচার করেছ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুনাহ ক্ষমা করে দেন। নিশ্চয়ই তিনি অতি ক্ষমাশীল, পরম দয়ালু।’ (সুরা যুমার, আয়াত : ৫৩) এটি হতাশ মানুষের জন্য কোরআনের অন্যতম আশার বাণী। অতীতের ভুল যত বড়ই হোক, আন্তরিক তাওবার মাধ্যমে আল্লাহর দিকে ফিরে আসার দরজা সব সময় খোলা। তাই ভুলের কারণে ভেঙে না পড়ে অনুতপ্ত হৃদয়ে নতুনভাবে জীবন শুরু করতে হবে।
তরুণদের হতাশার অন্যতম কারণ ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা। পড়াশোনা শেষ করে চাকরি পাওয়া, জীবনে প্রতিষ্ঠিত হওয়া কিংবা পরিবারের প্রত্যাশা পূরণ করতে না পারার ভয় অনেককে মানসিকভাবে দুর্বল করে দেয়। অথচ মুমিনের বিশ্বাস, রিজিক ও জীবনের নিয়ন্ত্রণ মহান আল্লাহর হাতে। তিনি বলেছেন, ‘আর যে আল্লাহকে ভয় করে, তিনি তার জন্য উত্তরণের পথ তৈরি করে দেন এবং তাকে এমন উৎস থেকে রিজিক দান করেন, যা সে কল্পনাও করতে পারে না।’ (সুরা তালাক, আয়াত : ২-৩)। তাই বৈধ উপায়ে চেষ্টা চালিয়ে যাওয়ার পাশাপাশি আল্লাহর ওপর ভরসা রাখতে হবে। তাওয়াক্কুল মানে চেষ্টা ছেড়ে দেওয়া নয়; বরং সাধ্যানুযায়ী চেষ্টা করে ফলাফলের ভার আল্লাহর ওপর ছেড়ে দেওয়া।
জীবনের প্রতিকূলতায় ধৈর্য ধারণ করাও মুমিনের গুরুত্বপূর্ণ গুণ। মহান আল্লাহ তাআলা বলেছেন, ‘নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে রয়েছেন।’ (সুরা বাকারা, আয়াত : ১৫৩) এই ঘোষণা হতাশ মানুষের মনে সাহস জোগায়। কারণ, একজন মুমিন কখনো নিজেকে সম্পূর্ণ অসহায় মনে করে না। সে জানে, তার প্রতিটি কষ্ট, চেষ্টা ও অশ্রু আল্লাহর অগোচরে নয়।
তরুণদের মনে রাখা উচিত যে, মানুষের জীবনের মূল্য শুধু অর্জন, সম্পদ কিংবা সামাজিক প্রতিষ্ঠা দিয়ে নির্ধারিত হয় না। বরং ঈমান, চরিত্র, পরিশ্রম ও মানুষের কল্যাণে অবদানের মধ্যেই জীবনের প্রকৃত সার্থকতা। তাই হতাশা নয়, আশাকে সঙ্গী করে এগিয়ে যেতে হবে। নিয়মিত নামাজ আদায়, কোরআন তিলাওয়াত, দোয়া, আত্মসমালোচনা ও ইতিবাচক কাজে নিজেকে সম্পৃক্ত রাখতে হবে। প্রয়োজন হলে বিশ্বস্ত মানুষের সহযোগিতাও নিতে হবে। মনে রাখতে হবে, আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়ার কোনো কারণ নেই। যে হৃদয়ে আল্লাহর প্রতি বিশ্বাস ও আগামী দিনের জন্য সৎ প্রচেষ্টা রয়েছে, তার সামনে আশার দুয়ার কখনো পুরোপুরি বন্ধ হয়ে যায় না।
লেখক: আলেম ও সাংবাদিক



