জান্নাতে মুমিনরা মহান আল্লাহকে যেভাবে দেখবেন

প্রতীকী ছবি
ইসলামের অন্যতম মৌলিক আকিদা হলো, পরকালীন জীবনে মুমিনরা মহান আল্লাহ তাআলাকে স্বচক্ষে দেখতে পাবেন। এটি জান্নাতের অধিবাসীদের জন্য মহান আল্লাহর পক্ষ থেকে সর্বশ্রেষ্ঠ পুরস্কার ও পরম সৌভাগ্য। পবিত্র কোরআন ও হাদিসে এ বিষয়ে সুস্পষ্ট বর্ণনা রয়েছে। তবে এই মহাসৌভাগ্য লাভের প্রত্যাশা মুমিনের জীবনে ইবাদত-বন্দেগি ও নেক আমলের প্রতি গভীর আগ্রহ সৃষ্টি করে। বিশেষ করে ফজর ও আসরের সালাত যথাযথভাবে আদায়ের প্রতি গুরুত্বারোপ করে রাসুলুল্লাহ (সা.) এ হাদিসে জান্নাতি জীবনের এক অনন্য সুসংবাদ দিয়েছেন।
عَنْ جَرِيرٍ قَالَ كُنَّا جُلُوسًا عِنْدَ النَّبِيِّ صلى الله عليه وسلم إِذْ نَظَرَ إِلَى الْقَمَرِ لَيْلَةَ الْبَدْرِ قَالَ إِنَّكُمْ سَتَرَوْنَ رَبَّكُمْ كَمَا تَرَوْنَ هَذَا الْقَمَرَ لاَ تُضَامُونَ فِي رُؤْيَتِهِ فَإِنْ اسْتَطَعْتُمْ أَنْ لاَ تُغْلَبُوا عَلَى صَلاَةٍ قَبْلَ طُلُوعِ الشَّمْسِ وَصَلاَةٍ قَبْلَ غُرُوبِ الشَّمْسِ فَافْعَلُوا
জারীর ইবনে আবদুল্লাহ্ (রা.) হতে বর্ণিত। তিনি বলেন, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কাছে উপবিষ্ট ছিলাম। তিনি পূর্ণিমার রাতে চাঁদের দিকে তাকিয়ে বললেন, তোমরা শীঘ্রই তোমাদের রববকে দেখতে পাবে, যেমনি তোমরা এ চাঁদটিকে দেখতে পাচ্ছ। অথচ এটিকে দেখতে তোমাদের কোন অসুবিধে হচ্ছে না। অতএব, তোমরা সক্ষম হলে সূর্য উঠার আগের সালাত ও সূর্য ডুবার পরের সালাত (যথাযথভাবে) আদায় করতে তোমরা যেন পরাজিত না হও। তাহলে তাই কর।
এ হাদিসে রাসুলুল্লাহ (সা.) পূর্ণিমার চাঁদ দেখার উদাহরণ দিয়ে বুঝিয়েছেন, জান্নাতে মুমিনরা মহান আল্লাহকে সুস্পষ্টভাবে দেখতে পাবেন। তবে এ দেখার ধরন কেমন হবে, তা মানুষের কল্পনা বা পার্থিব অভিজ্ঞতা দিয়ে নির্ধারণ করা সম্ভব নয়। আল্লাহর সত্তা ও সৃষ্টির মধ্যে কোনো সাদৃশ্য নেই।
হাদিসে বিশেষভাবে ফজর ও আসরের সালাতের প্রতি গুরুত্ব দেওয়া হয়েছে। কারণ, এ দুটি সালাতের সময় মানুষ সাধারণত ঘুম, বিশ্রাম ও পার্থিব ব্যস্ততার কারণে অবহেলা করতে পারে। অথচ এ সালাত দুটি যথাসময়ে আদায় করা মুমিনের ঈমানি দৃঢ়তা ও আল্লাহর প্রতি আনুগত্যের পরিচয় বহন করে। তাই মুমিনের উচিত সব ধরনের অলসতা ও ব্যস্ততা উপেক্ষা করে পাঁচ ওয়াক্ত সালাত যথাযথভাবে আদায় করা। আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং পরকালে তাঁকে দর্শনের মহাসৌভাগ্য লাভের প্রত্যাশায় ইবাদতে যত্নবান হওয়াই এ হাদিসের অন্যতম শিক্ষা।



