ব্যাংকিং ব্যবস্থায় আমানত রক্ষা, ইসলামী নীতি ও বাস্তবতা

প্রতীকী ছবি
সাম্প্রতিক সময়ে দেশের ব্যাংক খাতে একের পর এক অর্থ আত্মসাৎ, অনিয়ম, ঋণ জালিয়াতি ও আমানত সংকটের খবর জনমনে উদ্বেগ সৃষ্টি করেছে। সাধারণ মানুষ তাদের দীর্ঘদিনের কষ্টার্জিত অর্থ ব্যাংকে জমা রাখেন নিরাপত্তা, সংরক্ষণ ও ভবিষ্যৎ নিশ্চয়তার প্রত্যাশায়। কিন্তু যখন সেই আমানত ব্যবস্থার ভেতরেই দুর্বলতা, অব্যবস্থাপনা কিংবা দুর্নীতির অভিযোগ সামনে আসে, তখন তা যেমন অর্থনৈতিক সংকটই তৈরি করে। তেমনি সামাজিক আস্থা ও নৈতিক ভিত্তিকেও ক্ষতিগ্রস্ত করে। এই প্রেক্ষাপটে ইসলামের আলোকে ‘আমানত’ ব্যবস্থার ধারণা এবং আধুনিক ব্যাংকিং ব্যবস্থায় তার প্রয়োগ নতুনভাবে আলোচনার দাবি রাখে।
ইসলামে আমানত কেবল কোনো ব্যক্তির কাছে রাখা অর্থ বা সম্পদের নাম নয়; বরং এটি একটি সর্বব্যাপী নৈতিক ও ধর্মীয় দায়িত্ব। আল্লাহ তাআলা বলেছেন,
إِنَّ اللَّهَ يَأْمُرُكُمْ أَنْ تُؤَدُّوا الْأَمَانَاتِ إِلَىٰ أَهْلِهَا
‘নিশ্চয়ই আল্লাহ তোমাদের নির্দেশ দিচ্ছেন যে, তোমরা আমানত তার প্রাপকের কাছে পৌঁছে দাও।’ (সুরা আন-নিসা, আয়াত : ৫৮)
এই আয়াত ইসলামী নীতিতে আমানত রক্ষার মূল ভিত্তি। এখানে আমানত শব্দটি শুধু ব্যক্তিগত সম্পদ নয়, দায়িত্ব, ক্ষমতা, রাষ্ট্রীয় সম্পদ, জনস্বার্থ ও অর্থনৈতিক ব্যবস্থাপনার প্রতিও প্রযোজ্য।
রাসুলুল্লাহ (সা.) আরও বলেছেন,
أَدِّ الْأَمَانَةَ إِلَى مَنِ ائْتَمَنَكَ
‘যে তোমার কাছে আমানত রাখে, তার আমানত যথাযথভাবে ফিরিয়ে দাও।’(আবু দাউদ, হাদিস : ৩৫৩৪)
অন্য এক হাদিসে তিনি সতর্ক করে বলেছেন,
لَا إِيمَانَ لِمَنْ لَا أَمَانَةَ لَهُ
‘যার মধ্যে আমানতদারিতা নেই, তার ঈমান পূর্ণতা পায় না।’ (মুসনাদ আহমদ, হাদিস : ১২৫৬৭)
এই শিক্ষাগুলো স্পষ্ট করে যে ইসলামে আমানত রক্ষা কেবল আইনি নয়, ঈমানি দায়িত্বও বটে।
আধুনিক ব্যাংকিং ব্যবস্থায় গ্রাহকের জমাকৃত অর্থকে মূলত আমানত হিসেবেই বিবেচনা করা হয়। যদিও ফিকহি আলোচনায় ব্যাংক জমা বিশেষত চলতি হিসাব (Current Account) অনেক আলেমের মতে বাস্তবে কর্জ (قرض)-এর বৈশিষ্ট্য বহন করে, কারণ ব্যাংক সেই অর্থ ব্যবহার করে থাকে। তবে সামাজিক ও নৈতিক দৃষ্টিকোণ থেকে মানুষের কাছে এটি আমানত হিসেবেই প্রতিভাত হয়। মানুষ তাদের সম্পদ ব্যাংকের কাছে নিরাপত্তার বিশ্বাসে অর্পণ করে। ফলে ব্যাংক, ব্যাংক পরিচালক, ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট নিয়ন্ত্রক প্রতিষ্ঠানসমূহের ওপর এ অর্থ রক্ষার দায়িত্ব বহুগুণে বৃদ্ধি পায়।
ইমাম গাজালি (রহ.) অর্থনৈতিক ন্যায্যতা ও জনস্বার্থের আলোচনায় দেখিয়েছেন যে মানুষের সম্পদ ও নিরাপত্তা সংরক্ষণ শরিয়তের মৌলিক উদ্দেশ্যগুলোর একটি। ইসলামি আইনশাস্ত্রে এটিকে হিফযুল মাল (حفظ المال) বলা হয়, অর্থাৎ সম্পদের সুরক্ষা। ইমাম শাতিবি (রহ.) তাঁর আল-মুওয়াফাকাত গ্রন্থে সম্পদ সংরক্ষণকে শরিয়তের অন্যতম মৌলিক লক্ষ্য হিসেবে উল্লেখ করেছেন।
এই দৃষ্টিকোণ থেকে ব্যাংক খাতে অর্থ আত্মসাৎ, কৃত্রিম ঋণ অনুমোদন, রাজনৈতিক প্রভাব, তথ্য গোপন, ঝুঁকিপূর্ণ বিনিয়োগ কিংবা জালিয়াতি কেবল প্রশাসনিক ব্যর্থতা নয়; ইসলামী মূল্যবোধ অনুযায়ী এগুলো আমানতের খিয়ানত। পবিত্র কোরআনে বলা হয়েছে,
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَخُونُوا اللَّهَ وَالرَّسُولَ وَتَخُونُوا أَمَانَاتِكُمْ
‘হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ ও তাঁর রাসুলের সঙ্গে খিয়ানত করো না এবং নিজেদের আমানতেরও খিয়ানত করো না।’ (সুরা আল-আনফাল, ৮ : ২৭)
ব্যাংক খাতে আস্থা ফিরিয়ে আনতে ইসলামের শিক্ষা কেবল নৈতিক উপদেশ নয়, বাস্তব নীতিগত দিকনির্দেশনাও দেয়।
প্রথমত, জবাবদিহিমূলক প্রশাসন প্রতিষ্ঠা করতে হবে। ইসলামি শাসনব্যবস্থায় দায়িত্বশীল ব্যক্তিরা জনগণের সম্পদের তত্ত্বাবধায়ক হিসেবে বিবেচিত। রাসুলুল্লাহ (সা.) বলেছেন,
كُلُّكُمْ رَاعٍ وَكُلُّكُمْ مَسْئُولٌ عَنْ رَعِيَّتِهِ
‘তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল এবং প্রত্যেককে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে।’ (বুখারি, হাদিস : ৮৯৩)
দ্বিতীয়ত, স্বচ্ছতা ও তথ্য প্রকাশ নিশ্চিত করা জরুরি। আর্থিক প্রতিবেদন, ঝুঁকি ব্যবস্থাপনা, নিরীক্ষা ও পরিচালনা কাঠামো এমন হতে হবে যাতে জনগণ আস্থা রাখতে পারে।
তৃতীয়ত, নৈতিক অর্থনীতি ও যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠা প্রয়োজন। ইসলামে দায়িত্ব দেওয়ার ক্ষেত্রে বিশ্বস্ততা ও দক্ষতা উভয়কেই গুরুত্ব দেওয়া হয়েছে। পবিত্র কোরআনে বলা হয়েছে,
إِنَّ خَيْرَ مَنِ اسْتَأْجَرْتَ الْقَوِيُّ الْأَمِينُ
‘যাকে নিয়োগ দেবে তার মধ্যে সর্বোত্তম সে, যে শক্তিশালী (দক্ষ) ও বিশ্বস্ত।’ (সুরা কাসাস, আয়াত : ২৬)
চতুর্থত, আমানতকারীর সুরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। ব্যাংকের মূল উদ্দেশ্য যদি মানুষের অর্থ নিরাপদ রাখা হয়, তাহলে আমানতকারী যেন প্রতিষ্ঠানের ব্যর্থতার প্রধান ভুক্তভোগী না হন, সে জন্য কার্যকর নিয়ন্ত্রক কাঠামো, তদারকি ও সুরক্ষা ব্যবস্থা শক্তিশালী হওয়া প্রয়োজন।
এ কথাও স্মরণযোগ্য যে ইসলাম ব্যক্তি ও প্রতিষ্ঠান উভয়ের ওপর দায়িত্ব আরোপ করে। আমানত গ্রহণকারী যেমন দায়বদ্ধ, তেমনি আমানত প্রদানকারীও সচেতনতা, তথ্য যাচাই ও দায়িত্বশীল আর্থিক আচরণের নির্দেশনা পায়।
আজকের ব্যাংকিং সংকটের সময়ে ইসলামের আমানত দর্শন নতুন কোনো অর্থনৈতিক মডেল চাপিয়ে দেওয়ার আহ্বান নয়; বরং একটি মৌলিক সত্য স্মরণ করিয়ে দেয়, মানুষের সম্পদ কোনো সংখ্যা নয়, এটি মানুষের শ্রম, স্বপ্ন ও জীবনের অংশ। তাই আমানতের নিরাপত্তা নিশ্চিত করা শুধু অর্থনৈতিক কর্তব্য নয়, এটি নৈতিক দায়িত্ব এবং ধর্মীয় জবাবদিহিরও বিষয়।
যে সমাজে আমানতের মর্যাদা রক্ষা পায়, সেখানে অর্থনীতি শক্তিশালী হয়, আস্থা ফিরে আসে এবং মানুষের ভবিষ্যৎ আরও নিরাপদ হয়।
লেখক: আলেম ও সাংবাদিক






