আফ্রিকার মুসলিম নারী জাগরণের অগ্রদূত নানা আসমাউ

ছবি : নানা আসমাউয়ের জীবন ও কর্ম অবলম্বনে শিল্পীর কল্পনায় আঁকা প্রতিকৃতি
মুসলিম ইতিহাসে এমন কিছু নারী রয়েছেন, যারা নিজেদের সময়ের সামাজিক ও সাংস্কৃতিক সীমাবদ্ধতা অতিক্রম করে জ্ঞানচর্চা, শিক্ষা বিস্তার এবং সমাজ সংস্কারে অসাধারণ ভূমিকা রাখার জন্য চির স্মরণীয় হয়ে আছেন। তাদের কেউ ছিলেন শাসক, কেউ চিন্তাবিদ, কেউ শিক্ষক, আবার কেউ ছিলেন সাহিত্যিক ও আন্দোলনের সংগঠক। আফ্রিকার মুসলিম ইতিহাসে এমনই এক ব্যতিক্রমী নাম নানা আসমাউ। ঊনবিংশ শতাব্দীর পশ্চিম আফ্রিকায় তিনি নারীশিক্ষা বিস্তার, ইসলামী জ্ঞানচর্চা এবং সামাজিক সংস্কারের যে দৃষ্টান্ত স্থাপন করেছিলেন, তা আজও গবেষকদের আগ্রহের বিষয়। তিনি ছিলেন এমন এক নারী যিনি নারীসমাজকে জ্ঞান ও সমাজ পরিবর্তনের সক্রিয় অংশীদার হিসেবে গড়ে তোলার দূরদর্শী পথপ্রদর্শক হিসেবে নিজেকে প্রমাণ করতে পেরেছিলেন।
নানা আসমাউর জন্ম ১৭৯৩ সালে পশ্চিম আফ্রিকার বর্তমান নাইজেরিয়ার সোকোতো অঞ্চলে। তার পুরো নাম নানা আসমাউ বিনতে উসমান ড্যান ফোদিও। তিনি ছিলেন বিখ্যাত ইসলামী সংস্কারক, ধর্মীয় নেতা ও সোকোতো খিলাফতের প্রতিষ্ঠাতা উসমান দান ফোদিওর কন্যা। তার পিতা উসমান দান ফোদিও অষ্টাদশ শতাব্দীর শেষভাগ ও ঊনবিংশ শতাব্দীর শুরুর দিকে পশ্চিম আফ্রিকায় ইসলামী শিক্ষা, ধর্মীয় সংস্কার এবং রাজনৈতিক পরিবর্তনের এক গুরুত্বপূর্ণ আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন। ১৮০৪ সালে তার নেতৃত্বে যে সংস্কার আন্দোলন শুরু হয়, তাই পরবর্তী সময়ে সোকোতো খিলাফত প্রতিষ্ঠার পথ তৈরি করে।
এমন একটি জ্ঞানচর্চা ও সংস্কারমুখী পরিবারে বেড়ে ওঠার কারণে ছোটবেলা থেকেই নানা আসমাউ ধর্মীয় শিক্ষা, সাহিত্য, ইতিহাস ও সমাজচিন্তার পরিবেশ লাভ করেছিলেন। তার পারিবারিক পরিচয়, শৈশব ও বেড়ে ওঠার পরিবেশ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন ইতিহাসবিদ জ্যঁ বয়েড তার ‘দ্য ক্যালিফস সিস্টার: নানা আসমাউ (১৭৯৩–১৮৬৪) : টিচার পয়েট এন্ড ইসলামিক লিডার’ গ্রন্থে।
নানা আসমাউর জীবনের অন্যতম বিস্ময়কর দিক ছিল বহুভাষিক জ্ঞানচর্চা। তিনি আরবি, হাউসা ও ফুলফুলদে ভাষায় দক্ষ ছিলেন। এসব ভাষায় তিনি কবিতা, ধর্মীয় ব্যাখ্যা, ইতিহাস ও শিক্ষামূলক রচনা তৈরি করেছেন। তার রচনার বিষয়বস্তু ছিল কোরআন-হাদিসের শিক্ষা, ইসলামী নৈতিকতা, নারী-পুরুষের দায়িত্ব, সমাজ সংস্কার, ধর্মীয় নেতৃত্ব এবং সমকালীন রাজনৈতিক ও সামাজিক বাস্তবতা। বিশেষত স্থানীয় ভাষায় জ্ঞানচর্চার প্রতি তার আগ্রহ ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ তিনি বুঝতে পেরেছিলেন, সাধারণ মানুষের কাছে ধর্মীয় শিক্ষা পৌঁছে দিতে হলে তাদের বোধগম্য ভাষায় কথা বলতে হবে। তার ভাষাগত দক্ষতা ও সাহিত্যকর্মের পরিচয় পাওয়া যায় জ্যঁ বয়েড ও বেভারলি বি. ম্যাক সম্পাদিত ‘দ্য কালেক্টেড ওয়ার্কস অব নানা আসমাউ (১৭৯৩–১৮৬৪)’ গ্রন্থে।
নানা আসমাউর চিন্তাজগতের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ছিল নারীশিক্ষার প্রতি তার দৃঢ় অঙ্গীকার। তার সময়ে পশ্চিম আফ্রিকার বহু অঞ্চলে নারীদের প্রাতিষ্ঠানিক শিক্ষার সুযোগ ছিল খুবই সীমিত। ধর্মীয় জ্ঞানচর্চার ক্ষেত্রেও নারীদের অংশগ্রহণ মাত্রা ছিল খুবই নগণ্য। নানা আসমাউ এই বাস্তবতাকে পরিবর্তনের চেষ্টা করেন। তার বিশ্বাস ছিল, একজন নারী শুধু নিজের জীবন পরিচালনার জন্যই নয়, পরিবার ও সমাজকে সঠিক পথে পরিচালিত করার জন্যও জ্ঞান অর্জন করবেন। নারীকে অজ্ঞতার মধ্যে রেখে একটি শিক্ষিত ও নৈতিক সমাজ গঠন সম্ভব নয়। নারীশিক্ষা সম্পর্কে তার এই চিন্তা ও উদ্যোগের বিস্তারিত বিশ্লেষণ পাওয়া যায় বেভারলি বি. ম্যাক ও জ্যঁ বয়েডের যৌথ গবেষণাগ্রন্থ ‘এডুকেটিং মুসলিম উইমেন: দ্য ওয়েস্ট আফ্রিকান লিগ্যাসি অব নানা আসমাউ (১৭৯৩–১৮৬৪)’-এ।
এই চিন্তাকে বাস্তবে রূপ দিতে তিনি গড়ে তোলেন নারীদের নিয়ে একটি বিস্তৃত শিক্ষাব্যবস্থা। তার সবচেয়ে উল্লেখযোগ্য উদ্যোগ ছিল ‘জাজি’ (Jaji) নামে পরিচিত নারী শিক্ষকদের একটি দল গঠন। এরা ছিলেন তার প্রশিক্ষিত নারী শিক্ষার্থী, যারা পরবর্তী সময়ে বিভিন্ন গ্রাম ও জনপদে গিয়ে অন্য নারীদের ধর্মীয় শিক্ষা দিতেন। নানা আসমাউ তাদের কোরআন, ইসলামী বিধিবিধান, ধর্মীয় নৈতিকতা ও জীবনঘনিষ্ঠ বিষয় শেখাতেন। এরপর তাদের মাধ্যমে সেই শিক্ষা ছড়িয়ে পড়ত প্রত্যন্ত অঞ্চলের নারীদের কাছে।
এই ব্যবস্থার বিশেষত্ব ছিল, শিক্ষা বিস্তারের জন্য নারীদেরই শিক্ষক হিসেবে তৈরি করা। ফলে নারীশিক্ষা কেবল একজন শিক্ষকের পাঠদানের মধ্যে সীমাবদ্ধ থাকেনি; বরং এটি একটি সামাজিক শিক্ষানেটওয়ার্কে পরিণত হয়েছিল। প্রশিক্ষিত নারী শিক্ষকেরা নিজেদের এলাকায় গিয়ে অন্য নারীদের শিক্ষা দিতেন। তাদের পরিচয়ের একটি বিশেষ প্রতীক ছিল লাল রঙের পাগড়ি বা মাথার কাপড়। এটি তাদের শিক্ষক ও ধর্মীয় জ্ঞানবাহক হিসেবে পরিচিতি বহন করত। এই উদ্যোগের মাধ্যমে নানা আসমাউ এমন এক ব্যবস্থা প্রতিষ্ঠা করেন, যেখানে নারী কেবল শিক্ষাগ্রহণকারী নন, বরং শিক্ষার প্রচারক ও সমাজ পরিবর্তনের কর্মী হিসেবেও আত্মপ্রকাশ করেন। জাজি শিক্ষাব্যবস্থার উৎপত্তি, কার্যক্রম ও সামাজিক প্রভাব সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায় ম্যাক ও বয়েডের ‘ওয়ান উইমেনস জিহাদ: নানা আসমাউ, স্কলার অ্যান্ড স্ক্রাইব’ গ্রন্থে।
নানা আসমাউর নারীশিক্ষা কার্যক্রমকে শুধু ধর্মীয় পাঠদানের উদ্যোগ হিসেবে দেখলে এর ব্যাপকতা পুরোপুরি বোঝা যাবে না। এটি ছিল সামাজিক নেতৃত্ব তৈরির একটি পরিকল্পিত প্রয়াস। তিনি মনে করতেন, নারীরা ধর্মীয় জ্ঞান অর্জন করলে পরিবারে সন্তানদের নৈতিক শিক্ষা দিতে পারবেন, সমাজে প্রচলিত ভুল ধারণা দূর করতে পারবেন এবং নিজেদের অধিকার ও দায়িত্ব সম্পর্কে সচেতন হতে পারবেন। এভাবে তিনি নারীশিক্ষাকে পরিবার, সমাজ ও ধর্মীয় সংস্কারের সঙ্গে যুক্ত করেছিলেন। তার শিক্ষাদর্শনের একটি উল্লেখযোগ্য দিক ছিল, শিক্ষার সুফল যেন একজন নারীর মধ্যে সীমাবদ্ধ না থেকে অন্য নারীদের কাছেও পৌঁছে যায়। এ কারণেই তিনি শিক্ষক তৈরির ওপর বিশেষ গুরুত্ব দিয়েছিলেন। এই দৃষ্টিভঙ্গির ঐতিহাসিক বিশ্লেষণও রয়েছে ‘এডুকেটিং মুসলিম উইমেন’ গ্রন্থে।
নানা আসমাউ নিজেও ছিলেন একজন অসাধারণ লেখক ও কবি। তার রচনাসম্ভার পশ্চিম আফ্রিকার ইসলামী সাহিত্য ও বুদ্ধিবৃত্তিক ইতিহাসের গুরুত্বপূর্ণ দলিল। তিনি আরবি, হাউসা ও ফুলফুলদে ভাষায় অসংখ্য কবিতা ও শিক্ষামূলক রচনা লিখেছেন। তার লেখায় ধর্মীয় উপদেশের পাশাপাশি ইতিহাস, সমকালীন ঘটনাবলি, নৈতিকতা ও সমাজের বিভিন্ন সমস্যার প্রতিফলন ঘটেছে। বিশেষভাবে উল্লেখযোগ্য তার ‘ওয়াকার গেওয়ায়ে’ (Wakar Gewaye) নামের রচনা, যেখানে সোকোতো খিলাফতের ইতিহাস ও সংশ্লিষ্ট ঘটনাবলির বিবরণ পাওয়া যায়। তার সাহিত্যকর্ম থেকে বোঝা যায়, তিনি কেবল ধর্মীয় শিক্ষিকা ছিলেন না; বরং সমকালীন সমাজ ও রাজনীতির একজন সচেতন পর্যবেক্ষকও ছিলেন। তার কবিতা ও অন্যান্য রচনার অনুবাদ এবং বিশ্লেষণ পাওয়া যায় জ্যঁ বয়েড ও বেভারলি বি. ম্যাকের সম্পাদনায় প্রকাশিত ‘দ্য কালেক্টেড ওয়ার্কস অব নানা আসমাউ (১৭৯৩–১৮৬৪)’ গ্রন্থে।
তার রচনার আরেকটি গুরুত্বপূর্ণ দিক ছিল মুসলিম ইতিহাসের নারী আদর্শদকে তুলে ধরা। তিনি অতীতের মুসলিম নারীদের জীবন ও অবদান থেকে সমকালীন নারীদের অনুপ্রাণিত করতে চেয়েছেন। ইসলামের ইতিহাসে জ্ঞান, সাহস, ত্যাগ ও নেতৃত্বের দৃষ্টান্ত স্থাপনকারী নারীদের স্মরণ করিয়ে দিয়ে তিনি বোঝাতে চেয়েছেন, মুসলিম নারীর মর্যাদা ও অবদান কোনোভাবেই গৌণ নয়।
রাজনৈতিক ও সামাজিক ক্ষেত্রেও তার প্রভাব ছিল উল্লেখযোগ্য। তিনি সোকোতো খিলাফতের শাসক ও নেতৃত্বস্থানীয় ব্যক্তিদের সঙ্গে বুদ্ধিবৃত্তিক যোগাযোগ বজায় রাখতেন। তার ভাই মুহাম্মদ বেল্লো এবং পরবর্তী সময়ের শাসক ওমরু দান্দির সঙ্গে তার যোগাযোগ ছিল। তিনি রাজনৈতিক ঘটনা, ধর্মীয় নীতি ও সামাজিক বিষয়ে মতামত প্রকাশ করতেন। তবে তার প্রভাবের সবচেয়ে বড় ক্ষেত্র ছিল জ্ঞানচর্চা ও সমাজ সংস্কার। প্রচলিত ক্ষমতাকাঠামোর বাইরে থেকেও একজন নারী যে শিক্ষা, সাহিত্য ও চিন্তার মাধ্যমে বৃহত্তর সমাজে প্রভাব বিস্তার করতে পারেন, তার জীবন তার উজ্জ্বল দৃষ্টান্ত। সোকোতো খিলাফতের রাজনৈতিক ও সামাজিক পরিবেশ বুঝতে মারে লাস্টের ‘দ্য সোকোতো খিলাফত’ গ্রন্থটি বিশেষভাবে সহায়ক।
নানা আসমাউর জীবন ও কর্ম নিয়ে আধুনিক গবেষণায় বিশেষ গুরুত্ব দিয়েছেন ইতিহাসবিদ জ্যঁ বয়েড এবং বেভারলি বি. ম্যাক। তাদের গবেষণায় উঠে এসেছে, নানা আসমাউর নারীশিক্ষা আন্দোলন ছিল শুধু ব্যক্তিগত উদ্যোগ নয়; বরং পশ্চিম আফ্রিকার মুসলিম সমাজে নারীদের জ্ঞানচর্চা ও সামাজিক অংশগ্রহণ বিস্তারের একটি সুসংগঠিত প্রয়াস। তার প্রতিষ্ঠিত নারী শিক্ষকদের নেটওয়ার্ক স্থানীয় সমাজে দীর্ঘস্থায়ী প্রভাব রেখেছিল। বিশেষ করে ‘দ্য ক্যালিফস সিস্টার’ এবং ‘এডুকেটিং মুসলিম উইমেন’ গ্রন্থ দুটি তাঁর জীবন ও অবদানের মূল্যায়নে গুরুত্বপূর্ণ গবেষণাসূত্র।
১৮৬৪ সালে নানা আসমাউ মৃত্যুবরণ করেন। কিন্তু তার মৃত্যুতে তার চিন্তা ও শিক্ষাকর্মের অবসান ঘটেনি। তার সাহিত্যকর্ম, শিক্ষাব্যবস্থা এবং নারীশিক্ষার দৃষ্টান্ত পরবর্তী প্রজন্মের কাছে অনুপ্রেরণার উৎস হয়ে রয়েছে। আজও আফ্রিকার মুসলিম নারীশিক্ষার ইতিহাস আলোচনা করতে গেলে তার নাম বিশেষ গুরুত্বের সঙ্গে উচ্চারিত হয়।
নানা আসমাউর জীবন আমাদের সামনে একটি গুরুত্বপূর্ণ সত্য তুলে ধরে। সমাজ পরিবর্তনের জন্য সব সময় রাজনৈতিক ক্ষমতা কিংবা প্রাতিষ্ঠানিক পদমর্যাদা প্রয়োজন হয় না। জ্ঞান, দূরদর্শিতা, সাংগঠনিক দক্ষতা এবং মানুষের প্রতি দায়িত্ববোধ দিয়েও ইতিহাসে স্থায়ী প্রভাব রাখা সম্ভব। তিনি নারীকে সমাজের প্রান্তিক কোনো অংশ হিসেবে দেখেননি; বরং জ্ঞান ও নৈতিকতার আলো ছড়িয়ে দেওয়ার অন্যতম শক্তি হিসেবে বিবেচনা করেছিলেন। তার জীবন আমাদের স্মরণ করিয়ে দেয়, মুসলিম সভ্যতার বিকাশে নারীরা শুধু ইতিহাসের দর্শক ছিলেন না; তারা ছিলেন জ্ঞানচর্চা, শিক্ষা বিস্তার ও সমাজ সংস্কারের সক্রিয় নির্মাতা।
লেখক : আলেম ও সাংবাদিক



