অনর্থক কাজ থেকে দূরে থাকার নববি শিক্ষা

প্রতীকী ছবি
মানুষের জীবনের প্রতিটি মুহূর্তই মূল্যবান। সময় একবার অতিবাহিত হয়ে গেলে তা আর ফিরে আসে না। অথচ মানুষ অনেক সময় এমন কথা বলে, এমন কাজে নিজেকে ব্যস্ত রাখে, যার কোনো কল্যাণকর ফল নেই। অপ্রয়োজনীয় আলোচনা, পরনিন্দা, অন্যের ব্যক্তিগত বিষয়ে অতিরিক্ত কৌতূহল, ভিত্তিহীন বিতর্ক কিংবা উদ্দেশ্যহীন সময়ক্ষেপণ মানুষের জীবন থেকে মূল্যবান সময় কেড়ে নেয়। ইসলাম মানুষকে এসব অনর্থক বিষয় থেকে দূরে থেকে অর্থবহ ও কল্যাণকর জীবন গড়ার শিক্ষা দেয়।
আবূ হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন,
مِنْ حُسْنِ إِسْلَامِ الْمَرْءِ تَرْكُهُ مَا لَا يَعْنِيهِ
অর্থাৎ, ‘কোনো ব্যক্তির ইসলামের অন্যতম সৌন্দর্য হলো, তার অনর্থক বিষয় পরিহার করা।’ (তিরমিজি, হাদিস : ২৩১৭; ইবনে মাজাহ, হাদিস : ৩৯৭৬)। সংক্ষিপ্ত অথচ তাৎপর্যপূর্ণ এই হাদিসে একজন আদর্শ মুসলিমের জীবনযাপনের গুরুত্বপূর্ণ নীতি তুলে ধরা হয়েছে। অর্থাৎ একজন মুসলিম শুধু ইবাদত-বন্দেগিতে নয়, বরং কথা, কাজ, চিন্তা ও সামাজিক আচরণেও সংযমী হবেন।
অনর্থক বিষয় বলতে এমন কথা বা কাজকে বোঝায়, যা মানুষের দ্বীন ও দুনিয়ার কোনো কল্যাণে আসে না। অন্যের ব্যক্তিগত বিষয়ে অযথা অনুসন্ধান, গুজব ছড়ানো, পরনিন্দা, অপ্রয়োজনীয় তর্ক-বিতর্ক, সামাজিক যোগাযোগমাধ্যমে উদ্দেশ্যহীন সময় কাটানো কিংবা মানুষের দুর্বলতা নিয়ে আলোচনা করা এর অন্তর্ভুক্ত হতে পারে। এসব কাজ কখনো মানুষের সময় নষ্ট করে, কখনো সম্পর্ক নষ্ট করে, আবার কখনো পাপের কারণ হয়ে দাঁড়ায়। তাই একজন সচেতন মুসলিম উচিত নিজের প্রতিটি কথা ও কাজের প্রয়োজনীয়তা উপযোগিতা বিবেচনা করা।



