সরকারের পরোক্ষ সহযোগিতা ছাড়া দেশজুড়ে তাণ্ডব চালানো সম্ভব নয় : গোলাম পরওয়ার

মিয়া গোলাম পরওয়ার—ফাইল ছবি
সারা দেশে ককটেল বিস্ফোরণ, গণপরিবহনে অগ্নিসংযোগ ও বিভিন্ন স্থাপনায় হামলার ঘটনায় সরকারের ব্যর্থতার অভিযোগ তুলেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
তিনি বলেছেন, ‘সরকারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার নিষ্ক্রিয়তা এবং এক ধরনের পরোক্ষ সহযোগিতা ছাড়া দেশজুড়ে এ ধরনের তাণ্ডব চালানো সম্ভব নয়।’
আজ মঙ্গলবার দেওয়া এক বিবৃতিতে এসব কথা বলেছেন তিনি।
সারা দেশে ককটেল বিস্ফোরণ ও গণপরিবহনে অগ্নিসংযোগের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে গোলাম পরওয়ার বলেছেন, ‘পতিত ফ্যাসিস্ট ও আওয়ামী লীগের সন্ত্রাসীরা রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, বাস ও অন্যান্য গণপরিবহনে অগ্নিসংযোগ করে জনজীবনের নিরাপত্তা বিঘ্নিত করছে। কিন্তু এসব কর্মকাণ্ড দমনে সরকারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থা ব্যর্থ হচ্ছে।’
বিবৃতিতে তিনি উল্লেখ করেন, সাম্প্রতিক কয়েক দিনে রাজধানীর মহাখালী, খিলগাঁও, পল্লবী, ফার্মগেট ও আদালত প্রাঙ্গণসহ দেশের অন্তত ৫০টি স্থানে ককটেল বিস্ফোরণ এবং গণপরিবহন ও সিআইডি কার্যালয়সহ বিভিন্ন স্থাপনায় অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় সরকারের পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ দেখা যায়নি, যা অত্যন্ত উদ্বেগজনক।
গোলাম পরওয়ার আরও বলেন, ‘পদ্মা সেতুর জাজিরা প্রান্তের টোল প্লাজা অবরোধ ও ককটেল বিস্ফোরণ, গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীদের লগি-বৈঠা নিয়ে বিক্ষোভ মিছিল থেকে পুলিশের গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এ ছাড়া ফরিদপুরে বাসে অগ্নিসংযোগের ঘটনায় কালাচাঁন শেখ (৩৪) নামে এক চালকের মৃত্যু হয়েছে। এসব ঘটনা ২০০৬ সালের ২৮ অক্টোবর পল্টনের নারকীয় ঘটনার কথা স্মরণ করিয়ে দেয়।’
বিবৃতিতে বলা হয়েছে, ২০২৪ সালের জুলাই বিপ্লবের পরও জুলাই সনদ বাস্তবায়ন, গণভোটের গণরায় কার্যকর, সংবিধান ও রাষ্ট্রকাঠামোর সংস্কার না হওয়ায় ফ্যাসিস্টরা সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর সুযোগ পাচ্ছে। এ কারণে বিএনপি সরকার এসব সন্ত্রাসী কর্মকাণ্ডের দায় এড়াতে পারে না।
জামায়াতের এই নেতা বলেন, ‘দেশের স্থিতিশীলতা ও নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। দায়িত্বশীল বিরোধী দল হিসেবে জামায়াতে ইসলামী নাগরিকদের নিরাপত্তা ও অধিকার প্রতিষ্ঠায় সরকারের সমালোচনার পাশাপাশি সহযোগিতা ও পরামর্শ দিয়ে আসছে। কিন্তু বিএনপি সরকার তাতে কর্ণপাত করছে না। ফলে আইনশৃঙ্খলা পরিস্থিতির সংকট আরও গভীর হচ্ছে।’
তিনি অভিযোগ করেন, জনগণের প্রতি সরকারের দায়িত্বহীনতার কারণে সৃষ্ট সংকট বিরোধী দলের ওপর চাপানোর অপকৌশল নেওয়া হচ্ছে। দেশে অস্থিতিশীল পরিস্থিতির দায় বিরোধী দলের ওপর চাপানোর সরকারের দুরভিসন্ধি সফল হবে না। আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস, হামলা ও বিস্ফোরণের ঘটনা কঠোর হাতে দমন করতে হবে। অন্যথায় এর ব্যর্থতার দায় সরকারকেই বহন করতে হবে।
বিবৃতিতে গোলাম পরওয়ার আরও বলেন, ফ্যাসিস্টদের প্রতিরোধে সরকারকে অবিলম্বে জুলাই সনদ ও গণভোটের গণরায় বাস্তবায়ন করে সংবিধান ও রাষ্ট্রকাঠামোয় প্রয়োজনীয় পরিবর্তন আনতে হবে। যাতে দেশে আর কোনো ফ্যাসিস্টের উত্থান এবং সন্ত্রাসবাদের সুযোগ তৈরি না হয়। অন্যথায় জনগণের ন্যায্য দাবি আদায়ে জামায়াতে ইসলামী নতুন কর্মসূচি দিতে বাধ্য হবে, যা সরকারের জন্য উভয় সংকট তৈরি করবে।
একই সঙ্গে সন্ত্রাসী হামলায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের ক্ষতিপূরণ দেওয়া এবং আহতদের সুচিকিৎসা নিশ্চিত করারও দাবি জানান তিনি।





