আন্দোলনের নামে নাশকতার অপচেষ্টা চলছে

দেশ যখন বিনিয়োগ ও অর্থনৈতিক স্থিতিশীলতার দিকে এগোচ্ছে, ঠিক তখনই আন্দোলনের নামে সংঘাত সৃষ্টি করে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী।
গতকাল রবিবার রাজধানীর পুরান ঢাকায় আইনজীবী সমিতি ভবনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ঢাকা বার ইউনিট আয়োজিত ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় তিনি এ অভিযোগ করেন।
রিজভী বললেন, প্রধানমন্ত্রী যখন বিভিন্ন দেশ সফর করে দেশে বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধি, দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং অবকাঠামোগত উন্নয়নের রূপরেখা তৈরি করছেন, ঠিক সেই মুহূর্তে গার্মেন্টস খাতসহ রাজপথে হঠাৎ অস্থিতিশীলতা তৈরি করা হচ্ছে। সম্প্রতি যানবাহনে আগুন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের সিংহভাগই পরাজিত স্বৈরাচারী শক্তির দোসর।



