তরুণদের এনসিপিতে অভিজ্ঞরা হচ্ছেন উপদেষ্টা, থাকছেন কারা

জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠান। ২০২৫ সালের ২৮ ফেব্রুয়ারি।
জুলাই অভ্যুত্থানে সামনের কাতারে থাকা তরুণদের গড়া দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যাত্রা শুরু হয় তরুণদেরই নেতৃত্বে। প্রায় দুই বছর পর এবার অভিজ্ঞদেরও দলীয় কার্যক্রমে যুক্ত করতে চাইছে দলটি। সেজন্য গঠন করা হচ্ছে একটি উপদেষ্টা পরিষদ।
এনসিপির রাজনৈতিক পর্ষদের সদস্য ও কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য আতিক মুজাহিদ আজ বুধবার উপদেষ্টা পরিষদ গঠনের খবরটি আগামীর সময়কে নিশ্চিত করেছেন। দলীয় কাঠামোয় অভিজ্ঞ ও পেশাজীবীদের সম্পৃক্ত করতে এ উদ্যোগ বলে জানালেন তিনি।
দলটির নেতারা জানান, সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, নীতিনির্ধারণে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া এবং বুদ্ধিবৃত্তিক রাজনীতির চর্চা বাড়াতে ২৫ সদস্যের একটি উপদেষ্টা পরিষদ গঠন করা হচ্ছে।
এই পরিষদে সাবেক সামরিক কর্মকর্তা, আমলা, শিক্ষক, প্রকৌশলী, আইনজীবী, সাংবাদিক ও ধর্মীয় ব্যক্তিত্বদের জায়গা দেওয়ার পরিকল্পনা রয়েছে এনসিপির।
প্রস্তাবিত উপদেষ্টা পরিষদের কয়েকজন সদস্যের নাম এরই মধ্যে আলোচনায় এসেছে। তবে পূর্ণাঙ্গ ২৫ সদস্যের তালিকা এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।
যাদের নাম আলোচনায়
এনসিপির প্রস্তাবিত উপদেষ্টা পরিষদে যাদের থাকার কথা শোনা যাচ্ছে, তাদের মধ্যে রয়েছেন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ফজলুর রহমান, সাংবাদিক ও গণমাধ্যম ব্যক্তিত্ব মাসকাওয়াথ আহসান, সাবেক অতিরিক্ত সচিব মেজবাহ উদ্দীন, সুপ্রিম কোর্টের আইনজীবী ওমর ফারুক, অধ্যাপক ড. এস এম আবদুল কুদ্দুছ, প্রকৌশলী সাবিনা আহমেদ এবং মুফতি মাওলানা শাঈখ মুহাম্মাদ উছমান গনী।
ডাকসুর সাবেক সহকারী সাধারণ সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফাও উপদেষ্টা পরিষদে থাকছেন বলে শোনা যাচ্ছে।
এসব নামের বাইরে বাকি সদস্য কারা হচ্ছেন, তাদের দায়িত্ব কী হবে এবং পরিষদটি কবে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করবে, সে বিষয়ে দলটির পক্ষ থেকে বিস্তারিত ঘোষণা আসেনি।
কেন এই উপদেষ্টা পরিষদ?
এনসিপির রাজনৈতিক পর্ষদের সদস্য আতিক মুজাহিদ জানালেন, দলের সাংগঠনিক কাঠামো বিস্তারের পাশাপাশি বুদ্ধিবৃত্তিক রাজনীতির পরিসর বাড়ানোই এ উদ্যোগের অন্যতম উদ্দেশ্য। উপদেষ্টা পরিষদের সদস্যরা বিভিন্ন বিষয়ে দলকে পরামর্শ দেবেন। তাদের প্রস্তাব ও পরামর্শ দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রাজনৈতিক পর্ষদে আলোচনা করে বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হবে।
অর্থাৎ, উপদেষ্টা পরিষদ সরাসরি দল পরিচালনার নির্বাহী কাঠামো হিসেবে নয়, বরং নীতিগত ও কৌশলগত পরামর্শ দেওয়ার একটি ফোরাম হিসেবে কাজ করবে।
মূলত রাজনীতি, প্রশাসন, অর্থনীতি, আইন, নিরাপত্তা, শিক্ষা ও সামাজিক নানা বিষয়ে অভিজ্ঞ ব্যক্তিদের কাছ থেকে পরামর্শ নিয়ে দলীয় সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা বাড়াতে চায় এনসিপি।
জুলাই অভ্যুত্থানের প্রায় ছয় মাস পর ২০২৫ সালের ফেব্রুয়ারিতে এনসিপির আত্মপ্রকাশ ঘটে। দলটির ১৯৫ সদস্যের আহ্বায়ক কমিটিতে নেতৃত্ব দিচ্ছেন নাহিদ ইসলাম ও আখতার হোসেন।
এই কমিটির পাশাপাশি ১৬ সদস্যের রাজনৈতিক পর্ষদ রয়েছে দলটির। এর সঙ্গে এখন ২৫ সদস্যের উপদেষ্টা পরিষদ গঠন হচ্ছে।



