১১ দলের সিলেট লং মার্চ স্থগিত

১১ দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি জোটের সমন্বয়ক ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এ এইচ এম হামিদুর রহমান আযাদ। ছবি: আগামীর সময়
জুলাই হত্যাকাণ্ডের বিচার এবং গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ডাকা সিলেট লং মার্চ স্থগিত ঘোষণা করেছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য।
আগামী ২১ নভেম্বর এ কর্মসূচির কথা ছিল। তার আগে আজ রবিবার ১১ দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির জরুরি সভা শেষে তা স্থগিতের সিদ্ধান্ত সাংবাদিকদের জানান জোটের সমন্বয়ক ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এ এইচ এম হামিদুর রহমান আযাদ।
কর্মসূচি স্থগিতের জন্য সিলেটগামী বেহাল সড়ক এবং তার বিকল্প রেলপথ ব্যবহারে ব্যবস্থাপনাগত জটিলতাকে কারণ হিসেবে দেখানো হয়েছে।
একই দাবিতে চট্টগ্রাম, রংপুর, খুলনা অভিমুখে লং মার্চের পর সিলেটের কর্মসূচি দেওয়া হয়েছিল।
হামিদুর রহমান আযাদ বলেন, ‘সিলেটগামী সড়কের বেহাল অবস্থার কারণে বিকল্প হিসেবে রেলপথ ব্যবহারের কথা ভাবা হয়েছিল। তবে রেলপথে লং মার্চ আয়োজনেও ব্যবস্থাপনাগত জটিলতা রয়েছে। এতে জনদুর্ভোগ সৃষ্টি হওয়ার আশঙ্কা থাকায় আপাতত কর্মসূচিটি স্থগিত করা হয়েছে। পরবর্তী সময়ে শীর্ষ নেতাদের বৈঠকে নতুন কর্মসূচি নির্ধারণ করা হবে।’
জুলাই সনদ অনুসরণ করে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে নির্বাচনের পর থেকেই আন্দোলনে রয়েছে ১১ দলীয় ঐক্য। সংবিধান সংশোধনে ক্ষমতাসীন বিএনপি কমিটি গঠন করলেও তাতে অংশ নেয়নি বিরোধী এই জোট।
১১ দলীয় ঐক্যের নেতারা বলেছেন, জুলাই সনদ বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের মাধ্যমেই জাতীয় ঐক্য প্রতিষ্ঠা হতে হবে। এ দুটি বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়া হলে জাতীয় ঐক্যের ডাকে সাড়া দেবে তারা।
হামিদুর রহমান আযাদ বলেন, ‘জনগণের জুলাইয়ের আকাঙ্ক্ষা পূরণ না করে সরকার উল্টো পথে হাঁটছে। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, অন্তর্বর্তী সরকারের আমলে নেওয়া সংস্কারও বাতিল করে দেওয়া হয়েছে।’
জোটের অবস্থান তুলে ধরে তিনি বলেন, ‘জুলাই সনদ বাস্তবায়নের ভিত্তিতেই হতে হবে ঐক্য, গণহত্যার বিচারের মাধ্যমেই হবে ঐক্য। সেক্ষেত্রে জাতীয় ঐক্যের ডাক এলে আমরা সাড়া দেব।’
দেশের সাম্প্রতিক পরিস্থিতি তুলে ধরে হামিদুর রহমান বলেন, “গণহত্যার বিচার হচ্ছে না, বরং আসামিরা জামাই আদর পাচ্ছে। সাম্প্রতিক বোমা হামলা, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণসহ নানা ধরনের নাশকতা ঘটছে। কিন্তু সরকার কার্যকর ব্যবস্থা নিচ্ছে না। সরকারের ভূমিকা ‘ধরি মাছ না ছুঁই পানি’ ধরনের। এতে সন্ত্রাসীরা উৎসাহিত হচ্ছে। নির্বাচনের প্রতিশ্রুতি রক্ষার জন্য হয়তো তাদের ছাড় দেওয়া হচ্ছে।”
সামগ্রিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে সরকারের উদ্দেশে বিরোধী দলের এ নেতা বলেন, বিদ্যমান পরিস্থিতি ভালো দিকে যাচ্ছে না। সরকারকে গণভোটের রায় বাস্তবায়নের মাধ্যমে চলমান সমস্যাগুলোর সমাধান করতে হবে। নইলে জনগণকে সংগঠিত করে বৃহত্তর আন্দোলনের পথে যাবে ১১ দলীয় ঐক্য।
১১ দলীয় ঐক্যের ইসলামী কয়েকটি দল নতুন একটি প্ল্যাটফর্মে যোগ দেওয়ায় জোটে ভাঙনের যে গুঞ্জন চলছে, তা উড়িয়ে দেন হামিদুর রহমান।
তিনি বলেন, ‘মিডিয়ায় এবং সরকারের বিভিন্ন জায়গায় ১১ দলের ভাঙনের কথা বলা হচ্ছে। অন্য কোনো জায়গায় ভাঙন নেই। আমরা সংগঠিত আছি, আন্দোলনে আছি।’
গোপালগঞ্জে আজ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সমর্থকদের মহড়া নিয়ে জামায়াতের এই নেতা বলেন, সরকারের ব্যর্থতার কারণেই গোপালগঞ্জ অশান্ত হয়ে আছে।
আওয়ামী লীগের কর্মসূচি আহ্বান নিয়ে তিনি বলেন, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ায় তাদের কর্মসূচিও ‘অবৈধ’।



