শেখ হাসিনার বাংলাদেশে ফেরার সুযোগ নেই: রিজভী

সংগৃহীত ছবি
শহীদদের রক্তের দাগ মুছে শেখ হাসিনার বাংলাদেশে ফিরে আসার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলেছেন, দেশে ফিরতে চাইলে শেখ হাসিনাকে আদালতের মুখোমুখি হতে হবে। জুলাই-আগস্টের আন্দোলনে নিহত ব্যক্তিদের পরিবার ও স্বজনদের জবাব না দিয়ে তার দেশে ফেরার সুযোগ নেই।
আজ সোমবার (৯ নভেম্বর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে এক আলোচনা সভায় এসব কথা বলেন রিজভী। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জিয়া পরিষদ এ সভার আয়োজন করে।
রিজভী অভিযোগ করেন, ছাত্রলীগ ও যুবলীগ বিভিন্ন স্থানে পটকা ফুটিয়ে দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে। শেখ হাসিনা দেশে ফিরে আবারও আগের মতো শাসন ও নির্যাতন চালানোর স্বপ্ন দেখছেন। কিন্তু বাংলাদেশের মানুষ সেই পরিস্থিতিতে আর ফিরে যেতে চায় না।
তিনি যোগ করেন, ১৯৭২ সালের পর দেশে গণতন্ত্রের পথ সংকুচিত করা হয়েছিল। রাজনৈতিক দল নিষিদ্ধ করা, সংবাদপত্র বন্ধ করে দেওয়া এবং মানুষের মতপ্রকাশের স্বাধীনতা হরণ করার মতো ঘটনা ঘটেছিল। যে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য মানুষ মুক্তিযুদ্ধে জীবন দিয়েছিল, স্বাধীনতার পর সেই অধিকারই সংকুচিত করা হয়।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলছিলেন, পাকিস্তানি শাসনামলে যেমন মানুষ শোষণ ও নির্যাতনের শিকার হয়েছিল, স্বাধীনতার পরও শোষণের অবসান ঘটেনি। শোষকের চেহারা ও পরিচয় বদলালেও শোষণের ধরন একই ছিল। তৎকালীন সময়ে রক্ষীবাহিনীর মাধ্যমে মানুষের ওপর নির্যাতন ও নিপীড়ন চালানো হয়েছিল।
রিজভী বলেন, স্বাধীনতার পর দুর্ভিক্ষ, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও অর্থনৈতিক সংকটে সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়ে। অনেক মানুষ খাবার ও পোশাকের অভাবে মানবেতর জীবনযাপন করেছে। অথচ মুক্তিযুদ্ধের সময় মানুষ একটি বৈষম্যহীন ও গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন দেখেছিল।
মুক্তিযুদ্ধে জিয়াউর রহমানের ভূমিকা এবং পরবর্তী সময়ে দেশের উন্নয়নে তার অবদানের কথা তুলে ধরে রিজভী বলেন, ১৯৭৫ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পরও দেশের পরিস্থিতি স্বাভাবিক হয়নি। মানুষের মধ্যে অস্থিরতা, অনিশ্চয়তা ও আতঙ্ক বিরাজ করছিল। ৩ নভেম্বর জিয়াউর রহমানকে বন্দী করা হয়েছিল। এমন পরিস্থিতিতে ৭ নভেম্বর সাধারণ মানুষ ও সেনাসদস্যরা রাজপথে একত্র হয়েছিলেন। জনতার সেই ঐক্যবদ্ধ উপস্থিতি দেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছিল। ৭ নভেম্বরের গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে জিয়াউর রহমান রাজনৈতিক ক্ষমতার কেন্দ্রে আসেন।
তিনি বললেন, জিয়াউর রহমান দায়িত্ব গ্রহণের পর দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তার হাত ধরেই আধুনিক সেনাবাহিনী গড়ে ওঠে। একই সঙ্গে কৃষি উৎপাদন বৃদ্ধি, খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন, তৈরি পোশাকশিল্পের বিকাশ এবং বিদেশে কর্মসংস্থানের সুযোগ তৈরিতে উদ্যোগ নেওয়া হয়।
বিএনপির এই জ্যেষ্ঠ নেতা আরও বলেন, বর্তমানে দেশের অর্থনীতির অন্যতম ভিত্তি তৈরি পোশাকশিল্প ও প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স। এসব খাতের বিকাশে জিয়াউর রহমানের নেওয়া উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তিনি স্বাধীন পররাষ্ট্রনীতির ওপরও গুরুত্ব দিয়েছিলেন। বাংলাদেশের স্বার্থ রক্ষায় আমেরিকা চীন ও মধ্যপ্রাচ্যসহ যেসব দেশের সঙ্গে সম্পর্ক বজায় রাখার মাধ্যমে রক্ষা করা সম্ভব, সেসব দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলার নীতি গ্রহণ করেছিলেন।
শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গে রিজভী বলেন, তিনি এখন বিদেশে বসে দেশে ফেরার জন্য বিভিন্ন জায়গায় যোগাযোগ করছেন এবং পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন করেছেন বলে জানা যাচ্ছে। এমনকি বিদেশের কিছু রাজনীতিকের কাছ থেকেও সমর্থন আদায়ের চেষ্টা করছেন। যাতে তার দণ্ড কার্যকর না করা হয়। কিন্তু তার বিরুদ্ধে যেসব মামলা ও দণ্ড রয়েছে, সেগুলোর বিচারিক প্রক্রিয়া আইন অনুযায়ী চলবে।
তিনি আরও বলেন, একসময় বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে তাকে কারাগারে আটকে রাখা হয়েছিল। তখন ওবায়দুল কাদেরসহ আওয়ামী লীগ নেতাদের পক্ষ থেকে বলা হয়েছিল, আদালত স্বাধীনভাবে চলবে এবং আইন নিজস্ব গতিতে চলবে। এখন আমরাও বলতে চাই, শেখ হাসিনার ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য হবে। দেশে ফিরতে চাইলে তাকে আদালতের মুখোমুখি হতে হবে।
জুলাই গণ-অভ্যুত্থানে নিহত ব্যক্তিদের প্রসঙ্গ টেনে রিজভী বলেছেন, আবু সাঈদ, মুগ্ধসহ অসংখ্য তরুণের আত্মত্যাগ মানুষ ভুলে যায়নি। হেলিকপ্টার থেকে গুলি চালিয়ে মানুষ হত্যা করা হয়েছে। শিশু, শিক্ষার্থী, শ্রমিক ও সাধারণ মানুষ প্রাণ হারিয়েছেন। তাদের স্বজনদের বিচার পাওয়ার অধিকার রয়েছে। এসব হত্যাকাণ্ডের দায় এড়িয়ে শেখ হাসিনা দেশে ফিরে আগের মতো রাজত্ব কায়েম করবেন, এমনটি ভাবার কোনো কারণ নেই।
তিনি আরও বলেন, শেখ হাসিনার শাসনামলে বিরোধী মত দমন, গুম, খুন ও নির্যাতনের অভিযোগে মানুষ ভীতসন্ত্রস্ত ছিল। এখন গণতন্ত্রের নতুন যাত্রা শুরু হয়েছে। এই যাত্রাকে কোনোভাবেই বাধাগ্রস্ত হতে দেওয়া যাবে না।
তারেক রহমানের বক্তব্য প্রসঙ্গে রিজভী বলেছেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থকে প্রাধান্য দেওয়ার যে রাজনৈতিক দর্শন তারেক রহমান তুলে ধরেছেন, তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শেখ হাসিনার বক্তব্যের সঙ্গে তারেক রহমানের বক্তব্যের পার্থক্য রয়েছে। একদিকে তারেক রহমানের বক্তব্যের মাধ্যমে দেশের স্বার্থকে গুরুত্ব দেওয়া হয়েছে, অন্যদিকে শেখ হাসিনার বক্তব্যে বিদেশি রাষ্ট্রকে কী দেওয়া হয়েছে, তা নিয়ে গর্ব করা—এই দুই অবস্থানের মধ্যে মৌলিক পার্থক্য রয়েছে।
তিনি বলেন, বাংলাদেশের মানুষ সব সময় অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে জেগে উঠেছে। ৭ নভেম্বরের চেতনা হচ্ছে স্বাধীনতা, গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষার চেতনা। এই চেতনায় উদ্বুদ্ধ হয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন জিয়া পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবদুল লতিফ। এ সময় সংগঠনের সিনিয়র ভাইস চেয়ারম্যান অধ্যাপক ড. শফিকুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।



