সরকারকে এখনই ফ্যাসিবাদী বলতে চান না জামায়াত আমির

উপজেলা প্রতিনিধি সম্মেলনে বক্তব্য রাখছেন জামায়াত আমির
বর্তমান সরকারের কর্মকাণ্ডে ফ্যাসিবাদের বিভিন্ন লক্ষণ দেখা যাচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। তবে এসব লক্ষণ দেখা গেলেও সরকারকে এখনই ‘ফ্যাসিবাদী সরকার’ বলতে চান না তিনি। তার মতে, ফ্যাসিবাদ কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের বিষয় নয়, এটি একটি ভাইরাস। যার মধ্যে এই লক্ষণ পাওয়া যাবে, তাকেই ফ্যাসিবাদী বলতে হবে।
আজ শনিবার রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জামায়াতের কেন্দ্রীয় যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে আয়োজিত উপজেলা প্রতিনিধি সম্মেলনে এ কথা বলেন তিনি।
ফ্যাসিবাদমুক্ত দেশ গঠনে আপস না করার প্রত্যয় জানিয়ে নেতাকর্মীদের উদ্দেশে শফিকুর রহমান বলেন, ‘অনেকেই জানতে চান, সরকারকে আর কত দিন দেশের ক্ষতি করতে দেওয়া হবে। আমরা এক মিনিটও দিতে চাই না। তবে জনগণকে আগে বুঝতে হবে কার কী চেহারা ও চরিত্র। জনগণ যখন ঐক্যবদ্ধ হয়, তখন কোনো শক্তি তাদের দমিয়ে রাখতে পারে না।’
তিনি বলেন, ‘গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দেশের মানুষের মধ্যে রাষ্ট্র সংস্কারের যে প্রত্যাশা তৈরি হয়েছিল, বর্তমান সরকার সেই পথ থেকে সরে এসেছে। অতীতের অন্যায়, অত্যাচার, নির্যাতন, লুণ্ঠন ও ফ্যাসিবাদী ব্যবস্থার অবসান ঘটিয়ে একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা ছিল মানুষের আকাঙ্ক্ষা। কিন্তু নির্বাচনে বিজয়ী হওয়ার পর সরকার আগের অবস্থান থেকে সরে এসে জনগণের সঙ্গে দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করেছে।’
জাতীয় ঐকমত্য পরিষদের আলোচনায় ৩৩টি দলের অংশগ্রহণে জুলাই সনদ তৈরি হয়েছিল উল্লেখ করে জামায়াত আমির বলেন, সেখানে ঐকমত্যের ভিত্তিতে রাষ্ট্র সংস্কারের বিভিন্ন প্রস্তাব উঠে আসে। কিন্তু এখন সেই ঐকমত্যের বিষয়গুলো বাস্তবায়নে সরকারের অনীহা দেখা যাচ্ছে।
গণভোটের রায় উপেক্ষা করার অভিযোগ তুলে শফিকুর রহমান বলেন, ‘সংবিধান সংশোধনের প্রশ্নে গণভোটে জনগণ যে রায় দিয়েছে, সেটি পাশ কাটিয়ে যাওয়ার সুযোগ নেই। প্রায় ৭০ শতাংশ মানুষের মতামত উপেক্ষা করে শুধু সংবিধান সংশোধনের কথা বলা হচ্ছে। গণতন্ত্রে বিশ্বাস করলে জনগণের রায়কে সম্মান জানাতে হবে। এভাবে জনগণের মতামত অবজ্ঞা করা হলে নির্বাচনী ব্যবস্থার ওপরও আঘাত আসে।’
দেশের শিক্ষাব্যবস্থা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন শফিকুর রহমান। তার ভাষ্য, ‘শিক্ষাপ্রতিষ্ঠানগুলো চরের মতো দখল করা হচ্ছে। জোর করে উপাচার্য, অধ্যক্ষ ও প্রধান শিক্ষক নিয়োগ দেওয়া হচ্ছে। অনেক ক্ষেত্রে যোগ্যতা না থাকলেও শুধু দলীয় আনুগত্যের কারণে গুরুত্বপূর্ণ পদে বসানো হচ্ছে। শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা ও গভর্নিং কমিটিতেও দলীয় ক্যাডার, চাঁদাবাজ ও সন্ত্রাসীদের স্থান দেওয়া হচ্ছে। এতে যোগ্য শিক্ষকরা কোণঠাসা হয়ে পড়ছেন।’
স্থানীয় সরকার নির্বাচনে কারচুপির মাধ্যমে ফলাফল প্রভাবিত করার চেষ্টা হলে তা মেনে নেওয়া হবে না বলেও জানান জামায়াত আমির। তিনি বলেন, ‘ভোটচোর, ডাকাত ও ষড়যন্ত্রকারীদের কোনো ছাড় দেওয়া হবে না।’




