কোনো সন্ত্রাসীগোষ্ঠী যেন ক্ষমতায় আসতে না পারে : হুইপ দুলু

সংগৃহীত ছবি
কোনো সন্ত্রাসী গোষ্ঠী যেন রাষ্ট্র ক্ষমতায় আসতে না পারে, সেজন্য আলেম-ওলামাদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু।
আজ মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার সমিতির আয়োজনে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান তিনি।
দুলু বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে আলেম-ওলামাদের জঙ্গি তকমা দিয়ে তাদের অসম্মানিত করা হতো। আলেম-ওলামারা বর্তমান সরকারের পাশে আছে বলেই বিএনপি ক্ষমতায় আসতে পেরেছে। এ সরকার ইসলামি মূল্যবোধে বিশ্বাস করে।
তিনি বলেছেন, কাজী সাহেবরা মুসলিম নর-নারীর নিকাহর মতো একটি পবিত্র কাজ সম্পন্ন করে থাকেন। নিকাহ রেজিস্ট্রারদের অধিক্ষেত্রের জন্য চূড়ান্ত বিধিমালা সুরক্ষার দাবির বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলব।
এ সময় বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের ওপর আক্রমণের তীব্র নিন্দা জানান দুলু। সমাবেশে নিকাহ রেজিস্ট্রার সমিতির সভাপতি, মহাসচিবসহ বিভাগ ও জেলা পর্যায়ের নেতারা বক্তব্য দেন।



