এই স্বরাষ্ট্রমন্ত্রীকে দিয়ে হবে না, বললেন নাহিদ

সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন এনসিপি আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। ছবি : আগামীর সময়
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে দায়িত্বে রেখে দেশে স্বাভাবিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরিয়ে আনা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
আজ সোমবার দুপুরে রাজধানীর বাংলামোটরে এনসিপির দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন নাহিদ।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, স্থানীয় সরকার নির্বাচনসহ সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
নাহিদ ইসলাম বলেছেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি যে স্বাভাবিক নেই, তা এখন জনগণের কাছে স্পষ্ট। বর্তমান পরিস্থিতির জন্য সরকার, প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে দায় নিতে হবে।
‘দায়িত্বে থাকা স্বরাষ্ট্রমন্ত্রী বিভিন্ন সময়ে অসংলগ্ন বক্তব্য দিয়েছেন। নিজের দায়িত্ব পালনের ক্ষেত্রেও তিনি ব্যর্থ হয়েছেন। সংস্কারসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়েও তার বক্তব্য নিয়ে জনগণের মধ্যে প্রশ্ন তৈরি হয়েছে,’ বলেন এনসিপি আহ্বায়ক।
নাহিদের পরামর্শ, বর্তমান পরিস্থিতিতে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বাড়ালেই সমস্যার সমাধান হবে না, সঙ্গে সঙ্গে প্রয়োজন দায়িত্বশীল ব্যক্তিদের জবাবদিহির আওতায় আনা এবং কার্যকর পদক্ষেপ নেওয়া।
সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম আসন্ন স্থানীয় সরকার নির্বাচন নিয়েও দলের অবস্থান তুলে ধরেন। তিনি জানান, স্থানীয় সরকার নির্বাচনে এনসিপি এককভাবে অংশ নেবে। তবে নির্বাচন নিয়ে ন্যূনতম অনিয়ম বা কারচুপির আশঙ্কা দেখা দিলে দলটি সর্বোচ্চ শক্তি দিয়ে তা প্রতিহত করবে।
দলটির সংবাদ সম্মেলনে উঠে আসে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের বিষয়টিও। নাহিদ ইসলাম বলেছেন, চূড়ান্তভাবে নির্বাচিত হওয়ার পরও যেসব প্রার্থী নিয়োগ থেকে বাদ পড়েছেন, তাদের বিষয়ে পুনর্বিবেচনা করতে হবে। কারও বিরুদ্ধে সন্ত্রাসী বা রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের প্রমাণ না থাকলে তাকে নিয়োগ দেওয়ার দাবি জানান তিনি।
‘অন্যায়ভাবে একজন প্রার্থীও যদি নিয়োগ থেকে বাদ পড়েন, তাহলে এনসিপি তার পক্ষে অবস্থান নেবে’, বঞ্চিত প্রার্থীদের বিষয়ে দলটির অবস্থান স্পষ্ট করেন নাহিদ ইসলাম।
সংবাদ সম্মেলনে জাতিসংঘে প্রধানমন্ত্রীর সাম্প্রতিক বক্তব্য নিয়েও সমালোচনা করেন নাহিদ। তার দাবি, ওই বক্তব্যে বাংলাদেশের জনগণের প্রত্যাশা ও গুরুত্বপূর্ণ জাতীয় ইস্যুগুলো যথাযথভাবে উঠে আসেনি।
জ্বালানি সংকট, সীমান্ত হত্যা, পুশইন, রোহিঙ্গা সংকট এবং তিস্তা মহাপরিকল্পনার মতো বিষয়গুলো আন্তর্জাতিক অঙ্গনে আরও জোরালোভাবে তুলে ধরা প্রয়োজন ছিল বলে মন্তব্য করেন এনসিপি আহ্বায়ক।
নাহিদ ইসলাম আরও বলেছেন, জুলাইয়ের গণঅভ্যুত্থান ও গণহত্যার বিষয়টিও জাতিসংঘে যথাযথভাবে তুলে ধরা হয়নি। ফলে আন্তর্জাতিক প্ল্যাটফর্মে বাংলাদেশের কী অর্জন হয়েছে, সেটি জনগণের কাছে স্পষ্ট নয়।









