১১ মাসে হামলার শিকার এনসিপির ২৩ নেতা, বেশি আক্রান্ত পাটওয়ারী
- হামলার পেছনে আওয়ামী লীগকে দায়ী করছে এনসিপি
- ঝুঁকি বিবেচনায় নিরাপত্তা ও আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে- পুলিশ

গত জানুয়ারি থেকে ১৪ নভেম্বর পর্যন্ত সারা দেশে হামলার শিকার হয়েছেন এনসিপির ২৩ জন কেন্দ্রীয় ও স্থানীয় নেতা। ছবি: সংগৃহীত
২০২৪ সালের গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ের রাজনৈতিক পটপরিবর্তনের পর অনেকেই ভেবেছিলেন, রাজপথে রাজনৈতিক সহিংসতা ও বিরোধীদের ওপর হামলার সংস্কৃতির অবসান ঘটবে। কিন্তু বাস্তবতা যেন ভিন্ন বার্তাই দিচ্ছে। পটপরিবর্তনের পরও যেন পিছু ছাড়ছে না হামলা ও আতঙ্ক। রাজপথে লড়াই করে পরিবর্তনের স্বপ্ন দেখানো তরুণ নেতারাই এখন নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কিত। চোরাগোপ্তা হামলা, পথরোধ করে মারধর, অস্ত্রের আঘাত, কখনো চাপাতির কোপ, আবার কখনো বাড়িতে আগুন দিয়ে ভয় দেখানো হচ্ছে। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের ওপর একের পর এক হামলার ঘটনায় ক্রমেই বাড়ছে উদ্বেগ।
গত ১০ নভেম্বর মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হাসিব আল ইসলামের ওপর চাপাতি নিয়ে হামলা এবং পরদিন ১১ নভেম্বর রাতে কুষ্টিয়ায় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও এনসিপির যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা সেই উদ্বেগ আরও বাড়িয়ে দিয়েছে।
পরপর দুই দিনের এসব ঘটনায় আবারও সামনে এসেছে এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের নিরাপত্তার প্রশ্ন।
১১ মাসে ২৩ নেতার ওপর হামলা
তথ্য পর্যালোচনায় দেখা গেছে, গত ১১ মাসে এনসিপির কেন্দ্রীয় নেতা থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ের অন্তত ২৩ জন হামলার শিকার হয়েছেন। রাজধানী ঢাকা থেকে শুরু করে রাজশাহী, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, ঝিনাইদহ, নোয়াখালীসহ দেশের বিভিন্ন এলাকায় এসব ঘটনা ঘটেছে।
হামলার শিকার ব্যক্তিদের মধ্যে রয়েছেন দলের কেন্দ্রীয় নেতা, স্থানীয় সংগঠক ও তাদের সঙ্গে থাকা কর্মী-সমর্থকেরা। এসব হামলার পেছনে আওয়ামী লীগের নেতাকর্মীদের দায়ী করছে এনসিপি।
দলটির অভিযোগ, রাজনৈতিক প্রতিপক্ষকে ভয় দেখানো এবং তাদের সাংগঠনিক কর্মকাণ্ড বাধাগ্রস্ত করতেই পরিকল্পিতভাবে এসব হামলা চালানো হচ্ছে। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্টদের বক্তব্য পাওয়া গেলে তা যুক্ত করা প্রয়োজন। পুলিশ সদর দপ্তর জানিয়েছে, এনসিপি নেতাদের ঝুঁকি বিবেচনায় প্রয়োজনীয় নিরাপত্তামূলক ও আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
‘জুলাই জঙ্গি’ আখ্যা দিয়ে হামলা হাসিবের ওপর
গত ১০ নভেম্বর দুপুরে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের রাধানগর এলাকায় বালিশিরা রিসোর্টের সামনে অটোরিকশায় ছিলেন হাসিব আল ইসলাম। এ সময় এক তরুণ তার পথরোধ করে মোবাইল ফোনে ভিডিও ধারণ শুরু করেন। একপর্যায়ে তাকে ‘জুলাই জঙ্গি’ আখ্যা দিয়ে চাপাতি ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালানো হয়। এতে হাসিবের বাম হাতে জখম হয়। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে শুরু হয় ব্যাপক আলোচনা।
এ ঘটনায় এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক প্রীতম দাশ বাদী হয়ে শ্রীমঙ্গল থানায় মামলা করেছেন। মামলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক নেতা হাবিবুর রহমানসহ অজ্ঞাতনামা ১৫ জনকে করা হয়েছে আসামি।
পুলিশ বলছে, হামলায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
হুমকির তিন ঘণ্টা পরই নুসরাতের বাড়িতে আগুন
এই ঘটনার রেশ কাটতে না কাটতেই ১১ নভেম্বর রাতে কুষ্টিয়ার দৌলতপুরে এনসিপির যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে আগুন দেয় দুর্বৃত্তরা। পরপর দুই দিনের ঘটনায় দলটির নেতাকর্মীদের মধ্যে তৈরি করেছে নতুন উদ্বেগ।
এবিষয়ে সংরক্ষিত নারী আসনের এই এমপি তার বাড়িতে সাংবাদিকদের বলেন, হামলার তিন ঘণ্টা আগে ফেসবুকে হুমকি দেওয়া হয়েছিল এবং এর আগে একাধিকবার তাকে দেওয়া হয় হত্যার হুমকিও।
নুসরাত বলেন, ‘গ্রামের বাড়িতে হওয়া হামলাটি একটি পরিকল্পিত ঘটনা। গত ২৮ অক্টোবর রাতে একটি স্প্যাম নম্বর থেকে হুমকি আসে। এর আগে-পরে আরও কয়েকটি হুমকি কল পাই।’
জিডির পরও হুমকি পেয়েছেন এই সংসদ সদস্য। ‘গত মঙ্গলবার পুরো ঘটনা বর্ণনা করে ঢাকার কলাবাগান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করি। সেই জিডির পরও বেশ কিছু হুমকি এসেছে।’
যুক্তরাজ্যেও নাহিদকে হেনস্তার চেষ্টা
সর্বশেষ গতকাল শনিবার যুক্তরাজ্যের কেমব্রিজ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামকে হেনস্তার চেষ্টা করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একদল কর্মী-সমর্থক। তবে এনসিপির যুক্তরাজ্য শাখার নেতাকর্মীদের তৎপরতায় নাহিদকে হেনস্তার চেষ্টায় সফল হননি তারা।
এক সপ্তাহের সফরে এখন যুক্তরাজ্যে অবস্থান করছেন নাহিদ ইসলাম। কেমব্রিজ ইউনিভার্সিটি বাংলা সোসাইটির মতবিনিময় অনুষ্ঠানে যোগ দিতে স্থানীয় সময় গতকাল সন্ধ্যায় কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সেন্ট জন’স কলেজের ওল্ড ডিভাইনিটি স্কুলের প্রধান লেকচার থিয়েটারে গিয়েছিলেন বিরোধীদলীয় চিফ হুইপ।
অনুষ্ঠান শেষে সেখান থেকে বের হওয়ার জন্য গাড়িতে উঠতে গেলে আগে থেকেই সেখানে অবস্থান নেওয়া আওয়ামী লীগের একদল সমর্থকের সামনে পড়েন নাহিদ ইসলাম। সে সময় ঘটনাস্থলে ছিলেন এনসিপি ইউকে অ্যালায়েন্সের সদ্য সাবেক সদস্যসচিব মো. এম এ হিমেল।
বাংলাদেশ সময় শনিবার মধ্যরাতে নাহিদকে হেনস্তার চেষ্টার ঘটনার একটি ভিডিও নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করেন এনসিপির এই নেতা।
সেই ভিডিওতে দেখা যায়, এনসিপির সমর্থক যুক্তরাজ্যপ্রবাসী কয়েক ব্যক্তি নাহিদ ইসলামকে গাড়িতে তুলে দিচ্ছেন। আর গাড়ির সামনের দিকে আওয়ামী লীগের সমর্থক কয়েক ব্যক্তির সঙ্গে এনসিপির সমর্থকদের আরেকটি অংশের বাদানুবাদ চলছে। এ অবস্থার মধ্যেই নাহিদকে বহনকারী গাড়িটি ঘটনাস্থল ত্যাগ করে।
পুলিশ ও মানবাধিকার সংগঠনের তথ্য বলছে, তাবাসসুম ছাড়াও হামলার শিকার হয়েছেন, গত ১৬ জানুয়ারি চট্টগ্রামের চন্দনাইশে হাসনাত আবদুল্লাহ ও মঈন উদ্দিন মাহিন, ২০ জানুয়ারি ঝিনাইদহের কালীগঞ্জে হুসাইন আহমেদ, ২৩ ও ২৭ জানুয়ারি ঢাকায় এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী, ১৩ ফেব্রুয়ারি সারজিস আলম, ২৩ ফেব্রুয়ারি মোহাম্মদপুরে মো. ইব্রাহিম, ২৫ ফেব্রুয়ারি নোয়াখালীর হাতিয়ায় আবদুল হান্নান মাসুদের গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। ১১ মার্চ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে রাইসুল ইসলাম ও সাগর মল্লিক, ২২ মে ঝিনাইদহে নাসীরুদ্দীন পাটওয়ারী ও তারেকুল ইসলাম তারেক রেজা, ৩ জুন বেনাপোলে পাটওয়ারীর গাড়িবহর ঘিরে হামলা, ১১ জুন হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে মাহাদী হাসান, ১৮ জুলাই নেত্রকোনা খালিয়াজুরি মুশফিকুর রহমান, ২৪ জুলাই রাতে নেত্রকোনা সদরে সোহাগ মিয়া প্রীতম, ২৮ জুলাই সিলেটের গোলাপগঞ্জে সারজিস আলম ও মাহমুদা মিতুসহ নেতাদের ওপর হামলা, ৯ আগস্ট নোয়াখালীর চাটখিলের হাটপুকুরিয়ায় সামির হোসেন, ২৯ সেপ্টেম্বর নারায়ণগঞ্জের ফতুল্লা বক্তবালী বাজারে তৌহিদুল ইসলাম, ৪ অক্টোবর কুষ্টিয়ার কুমারখালী আখড়াবাড়ি লালনের আখড়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীসহ তিনজন হামলার শিকার হন। এভাবে গত জানুয়ারি থেকে ১১ নভেম্বর পর্যন্ত সারা দেশে হামলার শিকার হয়েছেন ২৩ জন কেন্দ্রীয় ও স্থানীয় নেতা।
এ ছাড়া আইন সালিশ কেন্দ্রের (আসক) জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত এনসিপি ও বিএনপির ২৩টি সংঘর্ষে ১৭৯ জন আহত হয়েছেন এবং আওয়ামী লীগ ও এনসিপির দুটি সংঘর্ষে ৮ জন আহত হয়েছেন।
সবচেয়ে বেশি হামলার শিকার পাটওয়ারী
এনসিপি সূত্র জানিয়েছে, সবচেয়ে বেশি হামলার শিকার হয়েছেন মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। সর্বশেষ গত ৪ অক্টোবর সন্ধ্যায় কুষ্টিয়ার লালন শাহ মাজার এলাকায় হামলার শিকার হন কুষ্টিয়ায় এনসিপি মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি লালনের মাজার থেকে বের হওয়ার সময় হামলার শিকার হন। ভক্তদের সঙ্গে ছবি তুলছিলেন সেই মুহূর্তে তার ওপর একজন ডিম ছুড়ে মারে এবং প্রায় ৩০ মিনিট অবরুদ্ধ থাকেন তিনি।
এই ঘটনায় কুষ্টিয়ার কুমারখালী থানায় মামলা হলেও এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি বলে জানিয়েছেন ওই থানার (ওসি) জামাল উদ্দিন। ‘আসামিরা পলাতক। তাদের পাওয়া যাচ্ছে না’-যোগ করেন ওসি।
এর আগে গত ২২ মে জুমার নামাজের পর ঝিনাইদহ পৌর কালেক্টরেট জামে মসজিদ (পুরাতন ডিসি কোর্ট এলাকা) প্রাঙ্গণে হামলার শিকার হন নাসীরুদ্দীন পাটওয়ারী ও তার নেতাকর্মীরা। এ ছাড়া ২৮ জুলাই সন্ধ্যার দিকে হবিগঞ্জ শহরের স্টাফ কোয়ার্টার, সোনালী ব্যাংক ও সার্কিট হাউস এলাকায়ও হামলার শিকার হন তিনি।
তবে পুলিশ বলছে, এসব ঘটনার ধরন ও প্রেক্ষাপট এক নয়। কোনোটি রাজনৈতিক বিরোধ, কোনোটি স্থানীয় বিরোধ কিংবা ব্যক্তিগত আক্রোশ থেকে ঘটেছে বলে অভিযোগ রয়েছে।
তবে ধারাবাহিকভাবে বিভিন্ন স্থানে রাজনৈতিক ও ছাত্রনেতাদের আক্রান্ত হওয়ার ঘটনা তাদের নিরাপত্তা এবং রাজনৈতিক সহনশীলতা নিয়ে উদ্বেগ তৈরি করছে। হাসিবের ওপর হামলা এবং নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনা উদ্বেগকে নতুন করে সামনে এনেছে- মনে করেন মানবাধিকার কর্মী নূর খান লিটন।
তিনি বলেন, বিশেষ করে জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদেরই যদি দেশের বিভিন্ন স্থানে হামলা ও হুমকির মুখে পড়তে হয়, তাহলে রাজনৈতিক পরিবর্তনের পর নাগরিক নিরাপত্তার বাস্তব অবস্থা নিয়ে প্রশ্ন থেকেই যায়।
‘জুলাই বিপ্লবের অংশীজনদের টার্গেট পতিত ফ্যাসিস্ট শক্তির’
এসব হামলার ঘটনায় আওয়ামী লীগকে দায়ী করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, জুলাই বিপ্লবের নেতৃত্ব ও অংশীজনদের টার্গেট করছে পতিত ফ্যাসিস্ট শক্তি। নগর পুড়িলে দেবালায় এড়ায় না। আজকে আমি কালকে আপনি পরশু অন্য- সবাইকেই একে একে আক্রান্ত করা হবে।’
‘ফ্যাসিস্ট আওয়ামী লীগ এদেশীয় কোনো শক্তি না। দিল্লির আশ্রয়-প্রশ্রয়ে ইন্ধনে জুলাইবিরোধী শক্তি বাংলাদেশকে ক্ষতবিক্ষত করছে। দেশের ভেতর নাশকতা করে সীমান্ত পার হয়ে ওপারে আশ্রয় নিচ্ছে।’
‘সরকার ও প্রশাসন জনগণকে কোনো নিরাপত্তা দিতে পারবে এ আশা আর করি না। আমাদেরকেই আমাদের পথ বেছে নিতে হবে। বাংলাদেশবিরোধী শক্তির মোকাবিলা ইনশাআল্লাহ আমরা করব। ঐক্যবদ্ধভাবেই করব, গণতান্ত্রিকভাবেই করব’-যোগ করেন বিরোধীদলীয় চিফ হুইপ।
এসব হামলার বিষয়ে পদক্ষেপ কী জানতে যোগাযোগ করা হয় পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস) কামারুম মুনিরার সঙ্গে।
তিনি বলেন, জুলাই আন্দোলনে নেতৃত্বদানকারী ব্যক্তিদের নিরাপত্তার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে পুলিশ। এসংক্রান্ত অভিযোগ বা তথ্য পাওয়া গেলে ঝুঁকি বিবেচনায় প্রয়োজনীয় নিরাপত্তামূলক ও আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।



