দুদিনে ১০ বিভাগে কর্মসূচি
সরকারের অর্জন জানাতে শিক্ষার্থীদের কাছে যাচ্ছে ছাত্রদল

সরকারের প্রথম ছয় মাস অর্থাৎ ১৮০ দিনের বিভিন্ন অর্জন দেশবাসীর কাছে তুলে ধরতে যাচ্ছে জাতীয়তাবাদী ছাত্রদল। এ লক্ষ্যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, স্কুল ও কলেজের শিক্ষার্থীদের নিয়ে দুই দিনে ১০ সাংগঠনিক বিভাগে সেমিনার বা মতবিনিময় সভা করবে বিএনপির এই সহযোগী সংগঠনটি।
আগামী ৩ নভেম্বর ঢাকা, চট্টগ্রাম, বরিশাল, খুলনা ও রাজশাহী এবং ৫ নভেম্বর রংপুর, সিলেট, কুমিল্লা, ময়মনসিংহ ও ফরিদপুর সাংগঠনিক বিভাগীয় শহরে এই কর্মসূচি অনুষ্ঠিত হবে। এতে মন্ত্রী-প্রতিমন্ত্রী, প্রধানমন্ত্রীর উপদেষ্টাসহ সরকারের দায়িত্বশীল বিভিন্ন নেতা উপস্থিত থাকবেন। পর্যায়ক্রমে সারা দেশে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।
গত সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে অনুষ্ঠিত ছাত্রদলের সাধারণ সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে সভা সূত্রে জানা গেছে।
জানা যায়, আগামী ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযথভাবে পালন করার বিষয়েও আলোচনা হয় সভায়। দিবসটি উপলক্ষে ৭ নভেম্বর বেলা ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের উদ্যোগে আলোকচিত্র প্রদর্শনী এবং ৮ নভেম্বর কেন্দ্রীয় ছাত্রদলের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
খসড়া গঠনতন্ত্র অনুযায়ী, গত ১ মার্চ শেষ হয়েছে দুই বছরমেয়াদি ছাত্রদলের বর্তমান কেন্দ্রীয় কমিটির মেয়াদ। সাধারণ সভার আলোচনায় এ বিষয়টিও উঠে আসে। জানানো হয়, দ্রুত নতুন কমিটি গঠন হবে।
ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ ও বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল। এতে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ও বেসরকারি বিশ্ববিদ্যালয়; ঢাকা মহানগর উত্তর, দক্ষিণ, পূর্ব ও পশ্চিম; ঢাকা কলেজ, তিতুমীর কলেজ, বাঙলা কলেজ, কবি নজরুল কলেজ ও তেজগাঁও কলেজ শাখার শীর্ষ পাঁচ নেতা উপস্থিত ছিলেন।
জানতে চাইলে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির আগামীর সময়কে বলেছেন, ‘সাংগঠনিক বিষয়ে আলাপ-আলোচনা হয়েছে। এ ছাড়া সরকারের ১৮০ দিনের বিভিন্ন অর্জন নিয়ে দেশের ১০টি সাংগঠনিক বিভাগীয় শহরে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করবে ছাত্রদল। এর প্রস্তুতি হিসেবে সাধারণ সভা করা হয়েছে।’





