কুয়াকাটা সৈকতে পরিচ্ছন্নতা অভিযান ছাত্রদলের

সংগৃহীত ছবি
দীর্ঘ নয় বছর পর আয়োজিত ‘কুয়াকাটা পর্যটন কার্নিভাল’ শেষে সমুদ্রসৈকত পরিচ্ছন্ন রাখতে অভিযান চালিয়েছে ছাত্রদল। গতকাল রবিবার সকালে সংগঠনের কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক মো. আমানউল্লাহ আমানের নেতৃত্বে এ কর্মসূচি পালিত হয়। এতে কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ের দুই শতাধিক নেতাকর্মী অংশ নেন।
‘পরিচ্ছন্ন সৈকত, ছাত্রদলের অঙ্গীকার’ স্লোগানে পরিচালিত এই অভিযানে সৈকতে পড়ে থাকা প্লাস্টিক, ডাবের খোসাসহ বিভিন্ন ধরনের বর্জ্য অপসারণ করা হয়। পর্যটন কার্নিভাল ঘিরে বিপুলসংখ্যক পর্যটকের সমাগমের পর সৈকতের সৌন্দর্য ও পরিবেশ রক্ষায় এ উদ্যোগ নেওয়া হয়।
অভিযানে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা ছাত্রদলের সদস্য সচিব জাকারিয়া আহম্মেদ, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আলামিন হাওলাদার, ছাত্রদল নেতা ইশামীন হাওলাদার, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তুষার, কুয়াকাটা পৌর ছাত্রদলের আহ্বায়ক রিয়াজ ও সদস্য সচিব নেছার উদ্দিন হাওলাদার।
কর্মসূচিতে অংশ নেওয়া নেতাকর্মীদের ভাষ্য, পর্যটনকেন্দ্র হিসেবে কুয়াকাটার সৌন্দর্য ধরে রাখতে সৈকত পরিচ্ছন্ন রাখা জরুরি। কেন্দ্রীয় নেতার উপস্থিতিতে এ উদ্যোগে অংশ নিতে পেরে তারা উচ্ছ্বসিত।
পৌর ছাত্রদলের সদস্য সচিব নেছার উদ্দিন হাওলাদারের ভাষায়, আমানউল্লাহ আমানের এ উদ্যোগে অনুপ্রাণিত হয়ে তারা ভবিষ্যতেও সৈকত পরিচ্ছন্ন রাখার কার্যক্রম চালিয়ে যেতে চান।
পরিচ্ছন্নতা অভিযানের পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সৃষ্টির ওপরও গুরুত্ব দেন জেলা ছাত্রদলের সদস্য সচিব জাকারিয়া আহম্মেদ। তিনি বললেন, ‘কুয়াকাটা তাদের অস্তিত্বের অংশ। পর্যটনকেন্দ্রটি পরিচ্ছন্ন রাখা সবার দায়িত্ব।’ সৈকতের পাশাপাশি নিজ নিজ বাড়ির আঙিনাও পরিষ্কার রাখার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানিয়েছেন।



