দুই কমিটিকে প্রধানমন্ত্রী
সংগঠনে জোর দিন, সাংগঠনিক কাজ করুন

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন শফিকুল ইসলাম খান মিল্টন ও এসএম জাহাঙ্গীর
ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির নতুন কমিটির শীর্ষ নেতাদের সংগঠনে জোর দেওয়ার নির্দেশনা দিয়েছেন দলের চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ রবিবার বিকালে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে গেলে নতুন কমিটির নেতাদের এই নির্দেশনা দিয়ে তিনি বলেন, ‘সংগঠনে জোর দিন, সাংগঠনিক কাজ করুন।’
জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এই সাক্ষাতে প্রধানমন্ত্রী মহানগর নেতাদের শুভেচ্ছা জানানোর পাশাপাশি খোঁজ-খবরও নেন। ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্যসচিব এস এম জাহাঙ্গীর হোসেন আগামীর সময়কে এ তথ্য জানিয়েছেন।
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক শফিকুল ইসলাম খান মিল্টন ও সদস্যসচিব এসএম জাহাঙ্গীর এবং মহানগর দক্ষিণ বিএনপির নতুন আহ্বায়ক আবদুস সালাম ও সদস্য সচিব তানভীর আহমেদ রবিন।
সকালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালামকে আহ্বায়ক করে মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন করা হয়। চার সদস্যের নতুন কমিটির সদস্য সচিব তানভীর আহমেদ রবিন আগের কমিটিতে একই পদে ছিলেন।
গত ১ নভেম্বর ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক কমিটি গঠনের পর ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক কমিটি পুনর্গঠন করল বিএনপি। উত্তরের আহ্বায়ক হয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন। আর ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এসএম জাহাঙ্গীর হোসেনকে সদস্যসচিবের দায়িত্ব দেওয়া হয়েছে।




