আগামীর চোখ
মুক্তিযোদ্ধার মৃত্যু নেই!

বরাবর
ভারপ্রাপ্ত কর্মকর্তা মহোদয়
পদ্মা সেতু দক্ষিণ থানা
স্বাধীনতার ৫৫ বছর পর আপনাদের থানার একটি এজাহারের কল্যাণে নতুন করে যুদ্ধক্ষেত্রে অবতীর্ণ হওয়ার সুযোগ পেলাম। জীবিত থাকতে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করেছি, দেশ স্বাধীন করেছি। ভেবেছিলাম, যুদ্ধ শেষ। কিন্তু আপনাদের মামলার কাগজপত্র দেখে বুঝলাম, মুক্তিযোদ্ধাদের কেউ কেউ মৃত্যুর পরও যুদ্ধ চালিয়ে যান। অন্তত আপনাদের এজাহার তাই বলছে।
বিনীতভাবে জানাচ্ছি, গত ২৯ মার্চ আমি ইহলোক ত্যাগ করেছি। রাষ্ট্রীয় মর্যাদায় দাফনও সম্পন্ন হয়েছে। জাতীয় পতাকা দিয়ে আমাকে শেষ বিদায় জানানো হয়েছে। অথচ গত ৯ নভেম্বর পদ্মা সেতুর দক্ষিণ টোল প্লাজায় বিক্ষোভ, ককটেল বিস্ফোরণ ও ট্রাক ভাঙচুরের ঘটনায় আমাকে আসামি করা হয়েছে।
ইতিহাসের এমন রসিকতা বোধ হয় খুব বেশি জাতির ভাগ্যে জোটে না। ৯ নভেম্বর রাতে যখন টোল প্লাজায় ককটেল ফুটছিল, তখন কি আমার কবরের ওপরও কোনো গোয়েন্দা নজরদারি ছিল? নাকি মুক্তিযোদ্ধার পরিচয় দেখে ধরে নিয়েছেন, একাত্তরে অস্ত্র চালিয়েছি যখন, এখন ককটেল চালানো আর এমন কী কঠিন!
মুক্তিযোদ্ধা হিসেবে রাষ্ট্র আমাকে যে সম্মান দিয়েছিল সেটি কি শুধু দাফনের সময়ের জন্য বরাদ্দ ছিল?
শুনলাম, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আসামির তালিকা হয়েছে। গোয়েন্দাদের অভিনন্দন। জীবিত মানুষের রাজনৈতিক অবস্থান শনাক্ত করতে গিয়ে মৃত মানুষেরও রাজনৈতিক উপস্থিতি আবিষ্কার করেছেন। এই দক্ষতা দিয়ে চাইলে একাত্তরের শহীদদেরও নতুন করে মামলার আসামি করা সম্ভব।
আরেকটি বিষয় জানতে চাই। মুক্তিযোদ্ধা হিসেবে রাষ্ট্র আমাকে যে সম্মান দিয়েছিল, সেটি কি শুধু দাফনের সময়ের জন্য বরাদ্দ ছিল? পতাকায় ঢেকে কবর দেওয়ার পর কি সেই সম্মান মাটির নিচে চাপা পড়ে যায়? নাকি রাজনৈতিক পরিচয় একবার এজাহারে ঢুকে গেলে মুক্তিযোদ্ধার পরিচয়ও জামিনের অযোগ্য হয়ে পড়ে?
ওসি সাহেব বলেছেন, তদন্তে সত্যতা মিললে অভিযোগপত্র থেকে আমার নাম বাদ দেওয়া হবে। আশ্বস্ত হলাম। তবে অনুরোধ, নাম কাটার আগে আমার কবরের ঠিকানায় একটি নোটিস পাঠাবেন। প্রয়োজনে হাজিরাও দেব। শুধু যাতায়াতের জন্য একটা বিশেষ সরকারি গাড়ির ব্যবস্থা করবেন। অন্তত কবর থেকে থানায় যাওয়ার পথে একটু রাষ্ট্রীয় সুবিধা চাই।
শেষ কথা, একাত্তরে আমরা চেয়েছিলাম এমন একটি দেশ, যেখানে মানুষ স্বাধীনভাবে বাঁচবে, মরবে এবং মৃত্যুর পর অন্তত নিজের মৃত্যুর প্রমাণ নিয়ে থানায় দৌড়াতে হবে না। দেশ স্বাধীন হয়েছে ঠিকই, কিন্তু মনে হচ্ছে, নাগরিকের মৃত্যুর অধিকারটি এখনো প্রশাসনিক অনুমোদনের অপেক্ষায়।
ইতি
বীর মুক্তিযোদ্ধা জহিরুল হক সামচু ঢালী
(নভেম্বরের এজাহারে পুনর্জীবিত আসামি)



