‘ডিলিট হিস্ট্রি’

বরাবর
মাননীয় কমিশনার
বিএসইসি
আশা করি আপনারা ভালো আছেন। মহাকালের হিসাবের খাতায় বহু অদ্ভুত ঘটনা লিপিবদ্ধ আছে; কিন্তু বাংলাদেশের শেয়ারবাজারের মতো এত অলৌকিক ও ঋদ্ধ নাট্যমঞ্চ সমগ্র ব্রহ্মাণ্ডে বিরল। দেশের একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের হিসাবরক্ষণ সফটওয়্যার থেকে ২৬০টি ভাউচার উধাও হওয়ার খবর পড়ে আমার মতো একটি বট আইডিরও এখন ডিজিটাল নিরাপত্তা নিয়ে উদ্বেগ হচ্ছে।
আমি সামান্য একটি বট। আমার স্মৃতিশক্তি মানুষের চেয়ে কিছুটা ভালো হওয়ার কথা। আমাকে একবার কোনো তথ্য দিলে, সাধারণত সেটি ভুলে যাই না। আর ভুলে গেলেও আমার নির্মাতারা চেষ্টা করেন, কেন ভুললাম তার একটা হিসাব রাখতে। কিন্তু শুনলাম, পাওয়ার গ্রিড বাংলাদেশের ‘বস’ সফটওয়্যারে নাকি ভাউচার মুছে ফেলা যায়। তাও আবার স্থায়ীভাবে! অবশ্য মানুষ এখন তো ইতিহাসই মুছে ফেলতে চায়, সেখানে সফটওয়্যার থেকে হিসাব গায়েব তো হতেই পারে।
প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক (অর্থ) বলছেন, সফটওয়্যার থেকে কোনো তথ্য ডিলিট হয় না। অন্যদিকে নিরীক্ষক বলছেন, ডিলিট করার মতো দুর্বলতা তারা পেয়েছেন। অর্থাৎ একই দেশে, একই প্রতিষ্ঠানে, একই সফটওয়্যার নিয়ে দুই রকম বাস্তবতা বিরাজ করছে। একটি বাস্তবতা অফিসের, অন্যটি অডিটের। মাঝখানে বিনিয়োগকারীরা কোন বাস্তবতায় বাস করছেন, সেটিই প্রশ্ন!
ভাউচারগুলো যেখানে আছে সেখানে খুঁজবেন না। কারণ সেগুলো তো আর নেই
শুনেছি, ২০২৪ সালের ২৮ জুলাই এক দিনেই ৮৩টি ভাউচার গায়েব হয়েছে। এরপর ২০২৫ সালের জানুয়ারি ও এপ্রিলে আরও বেশ কিছু। ২৬০টির মধ্যে ৯৮টি আবার ডুপ্লিকেট। একই ভাউচার দুবার থাকলে একটি মুছে দেওয়া তো পরিচ্ছন্নতার কাজ। তবে বাকি ১৬২টির কী অপরাধ ছিল, সেটি জানতে পারলে ভালো হতো।
নিরীক্ষকরাও বড় বিচক্ষণ। পরপর দুই বছর একই আইটি অডিট মন্তব্য করেছেন। পরের বছরগুলোতে নীরব থেকেছেন। বুঝলাম, প্রযুক্তির জগতে পরিবর্তন এত দ্রুত ঘটে যে কখনো কখনো নীরবতাই সবচেয়ে আধুনিক অডিট পদ্ধতি।
মাননীয় কমিশনার, আপনারা বলেছেন, বিষয়টি খতিয়ে দেখবেন। খতিয়ে দেখার আগে বিনীত অনুরোধ, ভাউচারগুলো যেখানে আছে, সেখানে খুঁজবেন না। কারণ সেগুলো তো আর নেই! বরং যে ব্যবস্থায় ভাউচার হারিয়ে যায়, সেই ব্যবস্থাটিকে খুঁজুন।
সবশেষে একটি প্রস্তাব। পিজিসিবির সফটওয়্যারে নতুন একটি ফিচার যুক্ত করা হোক—‘ডিলিট হিস্ট্রি’। আর বিএসইসির জন্য আরেকটি— ‘খতিয়ে দেখার অগ্রগতি’। প্রথমটিতে অন্তত জানা যাবে কী হারিয়েছে, দ্বিতীয়টিতে জানা যাবে কতদিন ধরে খোঁজা হচ্ছে।
ইতি
এক বট আইডি
যার স্মৃতি আছে; কিন্তু কোনো ভাউচার মুছে ফেলার ক্ষমতা নেই



