আগামীর সময়
চোরাচালান জিন্দাবাদ!

গ্রাফিকস: আগামীর সময়
বরাবর
নির্বাহী কর্মকর্তা, কুমিল্লা আদর্শ সদর উপজেলা পরিষদ
আপনাদের আইনি দৃষ্টিতে আমাদের ‘ব্যবসা’কে অবৈধ হিসেবে গণ্য করে ‘চোরাকারবার’ বলে থাকেন। কিন্তু আমাদের চোখে এটি বিকল্প ধারার আমদানি-রপ্তানি। এই বিকল্প ধারার চর্চা বজায় রাখতে আমাদের যে কত রিস্ক নিয়ে কাজ করতে হয়, আপনারা সেটি বুঝতেই চান না। আমাদেরও তো ঘাটে ঘাটে বখরা দিতে হয়। তারপরও নানা রকম বাধা ও হুমকি আছেই। আপনার সদর উপজেলার টিক্কারচর থেকে ভারত সীমান্তের গোলাবাড়ী পর্যন্ত সড়কটি আমাদের আন্তর্জাতিক ‘আমদানি-রপ্তানি’ বাণিজ্যের অন্যতম প্রধান রুটেও ইদানীং কিছু বাধার মুখে পড়েছিলাম।
দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, ওই সড়কে স্থাপন করা তিন শতাধিক আধুনিক এলইডি লাইট আমাদের ব্যবসায়িক গোপনীয়তা ও নিরাপত্তার জন্য চরম হুমকি হয়ে দাঁড়িয়েছিল। বিকল্প ধারার কাজ এত আলোর মধ্যে কি করা যায় বলুন? মালসামান নিয়ে দুরুদুরু বুকে এলাকাটা পার হতে হতো। ব্যবসায়িক স্বার্থে তাই ওই ৩০০টি সড়কবাতি খুলে ‘গায়েব’ করে দিয়েছি। সত্যি বলছি, লাইটগুলো খুলে নেওয়ার পর গত এক মাসে আমাদের ব্যবসা এক নতুন উচ্চতায় পৌঁছে গেছে।
এমতাবস্থায়, আমাদের ব্যবসা আরও টেকসই করতে কিছু জোরালো দাবি পেশ করছি। প্রথমত, তদন্তের ফাইলটি চিরতরে আলোর মুখ যাতে না দেখে, সেই ব্যবস্থা করবেন। আনন্দের বিষয়, বাতি চুরির এক মাস পেরিয়ে গেলেও কোনো তদন্ত কমিটি গঠিত হয়নি। স্থানীয়রা আমাদের চেনে এবং ভয় পায়; এর ধারাবাহিকতা যেন বজায় থাকে। দয়া করে কোনো অতি-উৎসাহী তদন্ত কর্মকর্তা পাঠিয়ে আমাদের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করবেন না। ভুল করেও নতুন লাইট লাগানোর ব্যবস্থা করবেন না। পোস্টের মাথায় বাতিবিহীন সোলার প্যানেলের সৌন্দর্যে নতুনত্ব এনেছে, সেটি উপভোগ করুন।
জানেন নিশ্চয়ই, বিদ্যুতের দাম বেড়েছে। সুতরাং দেশের কথা ভাবুন। অন্ধকার থাকলে সরকারের বিদ্যুৎ সাশ্রয় হবে আর আমাদের পকেট ভারী— এ তো দুপক্ষেরই লাভ! স্থানীয়রা আমাদের ব্যাপারে যেভাবে মুখ বন্ধ রাখছে, প্রশাসনিক নীরবতাও সেভাবে বজায় থাকুক, এটাই আমাদের আর্জি। আরেকটি কথা, সড়কের আশপাশের সিসিটিভি ফুটেজ দেখলে খুব বিরক্ত লাগে। ভাবছি, ওগুলোও গায়েব করে আমাদের পথ পুরোটাই নির্বিঘ্ন করব। এ বিষয়ে আপনার সহযোগিতা প্রত্যাশা করি। মানে আমরা সরিয়ে ফেলার পর ওগুলো আবার বসাতে যাবেন না।
পরিশেষে, টিক্কারচর-গোলাবাড়ী রুটটি যেন চিরকাল চোরাকারবারিদের অভয়ারণ্য হয়ে থাকে, সেই ব্যবস্থা বজায় রেখে আমাদের বাধিত করবেন।
ইতি
জনৈক চোরাকারবারি




