সম্পাদকীয়
‘এআই’ ‘শিষ্টাচারে’ আশা

সময়ের পরিবর্তনের সঙ্গে শিক্ষার ধরন, পদ্ধতি ও বিষয়বস্তুরও পরিবর্তন হয়। যে পৃথিবী একসময় কলম, কাগজ ও বইয়ের মধ্যে সীমাবদ্ধ ছিল, সে পৃথিবী এখন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), রোবটিকস, ডিজিটাল প্রযুক্তি ও তথ্যবিজ্ঞানের অভাবনীয় অগ্রগতির মধ্য দিয়ে নতুন সভ্যতার দিকে এগিয়ে যাচ্ছে। এ বাস্তবতায় বাংলাদেশের নতুন শিক্ষাক্রমে কৃত্রিম বুদ্ধিমত্তা, বিজ্ঞানচর্চা, প্রযুক্তিগত দক্ষতার পাশাপাশি শিক্ষার্থীদের শিষ্টাচার, নৈতিক শিক্ষা ও সামাজিক মূল্যবোধের ওপর গুরুত্ব দেওয়ার উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয় ও সময়োপযোগী। ২০২৮ সালে শিক্ষার্থীদের হাতে নতুন শিক্ষাক্রমের বই তুলে দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ শুরু করেছে সরকার। শহর থেকে গ্রাম, হাওর থেকে পাহাড়— দেশের বিভিন্ন অঞ্চলের মানুষের প্রত্যাশা ও অভিজ্ঞতাকে শিক্ষাক্রম প্রণয়নে যুক্ত করার পরিকল্পনা রয়েছে। এই উদ্যোগকে শিক্ষাক্রম সংস্কারের একটি ইতিবাচক সূচনা হিসেবে বিবেচনা করা যায়।
এআই এখন আর শুধু উন্নত বিশ্বের গবেষণাগার কিংবা প্রযুক্তিবিদদের আলোচনার বিষয় নয়। চিকিৎসা, কৃষি, শিল্প, ব্যবসা, বাণিজ্য, যোগাযোগ, শিক্ষা, তথ্যপ্রযুক্তি— প্রায় প্রতিটি ক্ষেত্রেই কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বাড়ছে। ভবিষ্যতের কর্মবাজারেও এ প্রযুক্তির প্রভাব আরও বিস্তৃত হবে। ফলে বাংলাদেশের শিক্ষার্থীরা এআই সম্পর্কে প্রয়োজনীয় ধারণা, ব্যবহারিক জ্ঞান ও প্রযুক্তিগত দক্ষতা অর্জন করতে না পারলে, বৈশ্বিক প্রতিযোগিতায় পিছিয়ে পড়বে।
এখানে এআই ও শিষ্টাচারের বিষয়টি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। প্রযুক্তি যত শক্তিশালী হচ্ছে, তার দায়িত্বশীল ব্যবহারের প্রয়োজনও তত বাড়ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা তথ্য ছড়ানো, অন্যের সৃজনশীল কাজ নিজের নামে চালিয়ে দেওয়া, অনুমতি ছাড়া ব্যক্তিগত তথ্য ব্যবহার; কিংবা এআই দিয়ে বিভ্রান্তিকর কনটেন্ট তৈরির প্রবণতা সমাজের জন্য উদ্বেগজনক। শিক্ষাজীবনের শুরুতেই যদি শিশুদের প্রযুক্তি ব্যবহারের নৈতিকতা শেখানো যায়, তাহলে ভবিষ্যতে তারা প্রযুক্তির সুফল গ্রহণের পাশাপাশি অপব্যবহার থেকেও দূরে থাকতে পারবে এবং এ ব্যাপারে সজাগও থাকবে।
পাশাপাশি শিক্ষার্থীদের মানবিক ও নৈতিক শিক্ষার ওপর জোর দেওয়ার সিদ্ধান্তটি এনসিটিবির অন্যতম দূরদর্শী চিন্তা। প্রযুক্তিতে দক্ষ হলেই একজন মানুষ প্রকৃত অর্থে শিক্ষিত হয়ে ওঠে না। তার মধ্যে সততা, শৃঙ্খলা, সহনশীলতা, পরমতসহিষ্ণুতা, সহমর্মিতা, দায়িত্ববোধ ও অন্যের প্রতি সম্মানবোধ থাকতে হবে। চলমান সময়ে সমাজে শিষ্টাচার ও সামাজিক মূল্যবোধের চর্চা ক্রমেই দুর্বল হয়ে পড়ছে। পারিবারিক ও সামাজিক জীবনে বড়দের প্রতি শ্রদ্ধা, ছোটদের প্রতি স্নেহ, প্রতিবেশীর প্রতি দায়িত্ববোধ, ভিন্নমতের প্রতি সহনশীলতা এবং পরস্পরের প্রতি সম্মান প্রদর্শনের শিক্ষা যথেষ্ট গুরুত্ব পাচ্ছে না। ফলে সামাজিক অবক্ষয় বেড়েছে। শিক্ষার্থীদের দৈনন্দিন আচরণ, শ্রেণিকক্ষের পরিবেশ, সহশিক্ষা কার্যক্রম এবং শিক্ষক-শিক্ষার্থীর পারস্পরিক সম্পর্কের মধ্য দিয়ে এসব মূল্যবোধের বাস্তব চর্চা নিশ্চিত হবে বলে আমরা আশাবাদী। ভুলে গেলে চলবে না, শিষ্টাচার ও মূল্যবোধ সৃষ্টিতে পরিবারের দায়িত্ব-কর্তব্যও কম নয়। শিষ্টাচার শিক্ষার প্রথম সোপান বা সূতিকাগার হচ্ছে পরিবার, এ বিষয়টিও মনে রাখতে হবে।
এনসিটিবি নতুন শিক্ষাক্রমে এআই, বিজ্ঞানচর্চা, কারিগরি দক্ষতা এবং শিষ্টাচার ও সামাজিক মূল্যবোধকে সমান গুরুত্ব দেওয়ার যে উদ্যোগ নিঃসন্দেহে ইতিবাচক ও আশাব্যঞ্জক। আমরা এই উদ্যোগের সফল বাস্তবায়ন দেখতে চাই।



