আগামীর চোখ
গালাগালিরও পদমর্যাদা আছে

গ্রাফিকস: আগামীর সময়
প্রিয়
নেতা
সুকুমার রায়ের ‘শব্দকল্পদ্রুম’ পড়েছেন নিশ্চয়ই। সেখানে হৈ-হৈ, মার-মার, বাপ-বাপ চিৎকারের যে বর্ণনা আছে, তাতে বোঝা যায়, বাঙালির ঝগড়াঝাঁটিরও একটা সমৃদ্ধ শব্দভাণ্ডার আছে। অথচ দুঃখের বিষয়, আমাদের রাজনৈতিক শিক্ষাব্যবস্থায় এই শব্দভাণ্ডারের চর্চা নেই।
জানতে পেলাম, জামালপুরে যুবদলের আহ্বায়ককে গালাগালির অভিযোগে ছাত্রদলের আহ্বায়ককে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ককে নতুন ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্বও দেওয়া হয়েছে।
নেতা, একটা কথা বলি। রাজনীতিতে এখন পদ পাওয়ার আগে আনুগত্যের পরীক্ষা দিতে হয়, পদ পাওয়ার পর দিতে হয় প্রতিপক্ষকে মোকাবিলার পরীক্ষা। কিন্তু এ দুই পরীক্ষার মাঝখানে ভাষার কোনো পরীক্ষা নেই। গালাগালিরও যে একটা ব্যাকরণ আছে, সে বিষয়ে আমাদের কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই।
পোস্ট জুলাই ২৪-এ আমরা কত নতুন কমিশন করলাম আর দেখলাম; কিন্তু মূল কাজ হয়েছে ভাষাগত বন্দোবস্ত। বিপ্লবের খুন নাকি ভাষা দিয়ে প্রথম বের হয়— আমাদের বের হয়েছে গালি। কত বড় বড় নেতাকে মুখের ভাষায় আইসিইউ ঘুরে আসতে হলো ভাষা বিপর্যয়ের শিকার হয়ে। ফলে রাজনীতি হয়ে উঠেছে তাৎক্ষণিক প্রতিক্রিয়ার কারখানা।
কত বড় বড় নেতাকে মুখের ভাষায় আইসিইউ ঘুরে আসতে হলো ভাষা বিপর্যয়ের শিকার হয়ে
আমাদের প্রতিটি রাজনৈতিক দলের একটি করে ‘রাজনৈতিক ভাষা ও গালাগালি প্রশিক্ষণ একাডেমি’ থাকা জরুরি। সেখানে বাধ্যতামূলকভাবে শেখানো হবে— কাকে কীভাবে অপমান করতে হয়, কোন পর্যায়ের নেতাকে কোন মাত্রার গালি দেওয়া যায়, কোন গালি দলীয় শৃঙ্খলাভঙ্গের পর্যায়ে পড়ে আর কোনটি রাজনৈতিক বাকস্বাধীনতার অংশ। থাকবে গালাগালির ব্যবহারিক পরীক্ষা, মৌখিক পরীক্ষা এবং আন্তঃদলীয় বাগযুদ্ধের সিমুলেশন। এমনকি ‘সিনিয়র নেতাকে গালি দেওয়ার আগে করণীয়’ এবং ‘সমকক্ষ নন, এমন নেতার সঙ্গে বাক্যবিনিময়ের শিষ্টাচার’
একাডেমির পাঠ্যক্রমে আরও থাকবে— কীভাবে যুক্তির অভাবে গলার স্বর বাড়াতে হয়, কীভাবে রাজনৈতিক মতবিরোধকে ব্যক্তিগত শত্রুতায় রূপান্তর করতে হয় এবং কীভাবে নিজের গালাগালিকে প্রতিবাদ, অথচ প্রতিপক্ষের গালাগালিকে শৃঙ্খলাভঙ্গ হিসেবে প্রতিষ্ঠা করতে হয়। উত্তীর্ণদের দেওয়া হবে ‘সনদপ্রাপ্ত রাজনৈতিক বাগযোদ্ধা’ উপাধি। আর যারা পরীক্ষায় ফেল করবেন, তাদের আপাতত কোনো আহ্বায়ক বা সদস্য সচিবের দায়িত্ব দেওয়া হবে না।
কারণ, গালাগালিরও একটা পদমর্যাদা আছে!
ইতি
একজন তরুণ কর্মী



