এক দেশে ছিল এক...

গ্রাফিকস: আগামীর সময়
বাংলায় আমরা রূপকথা শুরু করি ‘এক দেশে ছিল এক...’ কথাটা দিয়ে। ইংরেজি রূপকথার শুরুর শব্দবন্ধ ‘ওয়ানস আপন আ টাইম।’
আর্মেনিয়ান ভাষার রূপকথার শুরুটা একটু দার্শনিক। ওরা বলে ‘একদা ছিল এবং ছিল না।’ তুর্কি ভাষায় বলা হয়, ‘একজন ছিল, একজন ছিল না।’ আরবিতে আরেকটু জটিল। আরবি লোককাহিনির শুরুর শব্দবন্ধ বা স্টক ফ্রেজ হলো: ‘কান ইয়া মা কান, ফি কাদিমিজ্জামান, ওয়া সালিফিআম্রি, ওয়াইআওয়ান।’ বাংলা করলে দাঁড়ায়, ‘অতি সুদূরকালে, সেখানে ছিল, কী যে ছিল, অথবা ছিল না।’ পারস্য ভাষায় ‘ইয়েকি বুদ, ইয়েকি নাবুদ (কেউ ছিল, কেউ ছিল না)।’ সংস্কৃত ভাষায় ‘কদাচিৎ’। কোরিয়ান সব লোককথার শুরু হয় এ কথা বলে যে, ‘একদা যখন বাঘেরা ধূমপান করত।’
রূপকথার শুরুতে ব্যবহৃত এ শব্দবন্ধগুলোকে বলা যায় ওপেনিং ফর্মুলা বা সূচনাবাক্য। এগুলোর মধ্য দিয়ে শ্রোতাকে বাস্তব জগতের পরিচিত সময় ও স্থান ছেড়ে এক কল্পরাজ্যে আমন্ত্রণ জানানো হয়। সেই জগতে অসম্ভব বলে কিছু নেই। সেখানে পশুপাখি মানুষের ভাষায় কথা বলতে পারে, মৃত মানুষ ফিরে আসতে পারে; কিংবা কোনো রাজপুত্র এক রাতের মধ্যে সাত সমুদ্র তেরো নদী পাড়ি দিতে পারে।
একটু খেয়াল করলে দেখা যাবে, ইউরোপের বেশিরভাগ ভাষার রূপকথার শুরুর বাক্যে সময়কে গুরুত্ব দেওয়া হয়: ‘ওয়ানস আপন আ টাইম।’ বিপরীতে বাংলা রূপকথা শুরু হয় স্থান চিহ্নিত করে (‘এক দেশে ছিল এক...’)। কোন দেশ, তার কোনো উল্লেখ নেই। হতে পারে কোনো রাজ্য, হতে পারে কোনো অচেনা ভূখণ্ড, হতে পারে এমন কোনো জায়গা— যার অস্তিত্ব পৃথিবীর কোনো মানচিত্রে নেই। ‘ছিল এক’। কে ছিল? রাজা, রানী, রাজপুত্র, কাঠুরে, জেলে, দরিদ্র কৃষক কিংবা কোনো অচেনা মানুষ।
বাংলা রূপকথার এ সূচনাভঙ্গির মধ্যে স্থান আর চরিত্রের একটা অনিশ্চয়তা আছে। দেশটা অচেনা, মানুষটাও অচেনা। কিন্তু গল্প শুরু করার জন্য এ অনিশ্চয়তাই যথেষ্ট।
আমাদের লোককাহিনির আরেকটি বৈশিষ্ট্য হলো, গল্পের শুরুতে অনেক সময় বলা হয়, ‘এক দেশে ছিল এক রাজা।’ অর্থাৎ, রাজা থাকলেও তার রাজ্যের কোনো নির্দিষ্ট পরিচয় নেই। এ রাজ্য বাংলা ভূখণ্ড হতে পারে, আবার হতে পারে কোনো কাল্পনিক রাজ্য, যেখানে হাতির পিঠে চড়ে মানুষ মেঘের দেশে চলে যায়।
‘এক দেশে ছিল এক...’ আমাদের সাংস্কৃতিক স্মৃতিতে সবচেয়ে পরিচিত রূপকথার দরজা।
পৃথিবীর বিভিন্ন ভাষার রূপকথার সূচনাবাক্যগুলো পাশাপাশি রাখলে একটি মজার বিষয় চোখে পড়ে। প্রতিটি ভাষা তার নিজস্ব কল্পনার জগতে প্রবেশের জন্য আলাদা দরজা তৈরি করেছে।
ইংরেজি বা ফরাসি ভাষা আমাদের নিয়ে যায় কোনো এক অনির্দিষ্ট সময়ে। জোরটা সময়ের ওপর। স্থানের ওপর নয়। আরবি রূপকথা আমাদের সামনে হাজির করে ‘থাকা’ এবং ‘না-থাকার’ এক রহস্যময় দ্বন্দ্ব। পারস্য ও তুর্কি ভাষা অস্তিত্বের প্রশ্নকে সামনে আনে— একজন ছিল, আবার ছিলও না। কোরীয় ভাষা আমাদের নিয়ে যায় এমন একসময়ে, যখন বাঘও তামাক খেত। জাপানি ভাষা বলে, অনেক অনেক আগের কথা। শুধু বাংলা ভাষাই তার শ্রোতাকে নিয়ে যায় এক অচেনা দেশে: ‘এক দেশে ছিল এক...’।
কেন আমরা সময়ের দূরত্বের চেয়ে স্থানের দূরত্বকে বেশি করে গুরুত্ব দিই? হয়তো, কৃষিজীবী সমাজের কারণে একটা বিশেষ মনস্তত্ত্ব গড়ে উঠেছে আমাদের মধ্যে। কৃষিজমি স্থানের সঙ্গে বেঁধে ফেলে মানুষকে। যুগের পর যুগ একই জমিতে ফসল ফলাতে ফলাতে তার এমন এক স্থানিক চৈতন্য তৈরি হয়, যেখান থেকে সরণ বা চ্যুতি তার অপরিচয়ের সূচনা ঘটায়। তার নিজ গ্রামের সীমানার ওপারে শুরু হয় তার কল্পরাজ্য।
আর সময়? সময় এক চক্রাকার প্রহেলিকা। জন্ম-মৃত্যু আর জন্মান্তরের অনন্ত চক্রে সময়ের আলাদা কোনো চৈতন্য তৈরি হয় না পলিমাটির সমাজে। ফলে রূপকথার রাজ্য কল্পনা করতে বাঙালি ভিন্ন এক কালের চিন্তা করে না। সে ভিন্ন এক স্থানের কথা ভাবে। এমন এক বিদেশ, যেখানে আমাদের ঈর্ষা আর দমিত বাসনাগুলো পল্লবিত হয়।
রূপকথার বিচিত্র শুরু বা স্টক ফ্রেজ নিছক ভাষার খেলা নয়। এগুলো মানুষের কল্পনাশক্তি এবং সময় ও বাস্তবতা সম্পর্কে তার ধারণার প্রতিফলন। এগুলো শ্রোতা আর কথকের মধ্যে এক অলিখিত চুক্তি। কথক জানিয়ে দেন, এবার তিনি এক অচেনা ভূখণ্ডে প্রবেশ করতে যাচ্ছেন।



