বর্জ্য ব্যবস্থাপনায়ও সহায়ক হতে পারে এআই

গ্রাফিকস: আগামীর সময়
বর্জ্য ব্যবস্থাপনা রোজকার সমস্যা। প্রতিদিন, প্রতিমুহূর্তে ক্রমান্বয়ে বেড়েই চলেছে বর্জ্য। ফলে প্রতিদিনের বর্জ্য ব্যবস্থাপনায় উন্নতির জন্য প্রযুক্তির বিকল্প নেই, বিশেষত কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার। বাড়ি কিংবা প্রতিষ্ঠান থেকে বর্জ্য জমা হওয়ার পর এর সংগ্রহ, বাছাই, পরিবহন এবং চূড়ান্ত নিষ্পত্তির সময় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বাংলাদেশের বর্জ্য ব্যবস্থাপনায় নতুন অধ্যায়ের সূচনা করতে পারে।
গড়ে জনপ্রতি প্রতিদিন আমাদের দেশে ০.২৮ কেজি বর্জ্য উৎপাদিত হয়। বিশ্বব্যাংকের হিসাব অনুযায়ী, ২০৫০ সালে এটি দ্বিগুণ হবে। এক গবেষণায় দেখা গেছে, ঢাকা শহরে প্রতিদিন প্রায় ৬ হাজার ৪৬৫ টন বর্জ্য তৈরি হয়, যার প্রায় ৪ হাজার ৭০০ টন ল্যান্ডফিলে যায়। একই গবেষণায় দেখা গেছে, ঢাকা উত্তর ও দক্ষিণ দুই সিটি করপোরেশনের বর্জ্যের বড় অংশই খাদ্য ও সবজিজাত জৈব বর্জ্য।
তাই সমস্যাটি শুধু ‘বর্জ্য ক্রমান্বয়ে বাড়ছে’ এমন নয়। আসল সংকট হলো— বর্জ্য কোথায়, কখন, কী পরিমাণে তৈরি হচ্ছে এবং সেটি কীভাবে সংগ্রহ, পৃথকীকরণ, পুনর্ব্যবহার ও নিষ্পত্তি করা হবে এর নির্ভরযোগ্য তথ্যের ঘাটতি। কৃত্রিম বুদ্ধিমত্তাকে সব থেকে বেশি কাজে লাগানোর সুযোগ এখনেই। নির্ভরযোগ্য তথ্য আর উপাত্ত ছাড়া ব্যবস্থাপনার পরিকল্পনা করা সম্ভব নয়।
স্মার্ট বিন: বর্জ্যের তথ্য
প্রচলিত বর্জ্য ব্যবস্থাপনায় নির্দিষ্ট সময়সূচি অনুযায়ী ট্রাক বিভিন্ন বিনের কাছে যায়। বিন অর্ধেক খালি, নাকি ভর্তি হয়ে উপচে পড়ছে— এর ভিত্তিতে ট্রাক যায় না, ট্রাক যায় পরবর্তী নির্ধারিত সময়ে। এআই-সমৃদ্ধ স্মার্ট বিনে সেন্সর বসিয়ে এর পূর্ণতার মাত্রা, ওজন ও অন্যান্য তথ্য সংগ্রহ করা সম্ভব। এরপর মেশিন লার্নিং মডেল পূর্ববর্তী তথ্য বিশ্লেষণ করে বলতে পারে কোন বিন কখন পূর্ণ হবে। ফলে সময় হয়েছে বলে নয়; বরং প্রয়োজন হয়েছে বলে সংগ্রহ করা সম্ভব হবে।
আসল সংকট হলো— বর্জ্য কোথায়, কখন, কী পরিমাণে তৈরি হচ্ছে এবং সেটি কীভাবে সংগ্রহ, পৃথককরণ, পুনর্ব্যবহার ও নিষ্পত্তি করা হবে এর নির্ভরযোগ্য তথ্যের ঘাটতি
ঢাকার মতো যানজটপূর্ণ শহরে একটি ট্রাক একই রাস্তায় বারবার ঘুরলে শুধু জ্বালানি নয়, সময় ও কার্বন নিঃসরণও বাড়ে। জিপিএস, যানজটের তথ্য, বর্জ্যের পরিমাণ, রাস্তার অবস্থা, সংগ্রহকেন্দ্রের অবস্থান ও ট্রাকের ধারণক্ষমতা একসঙ্গে বিশ্লেষণ করে অ্যালগরিদম এমন পথ নির্ধারণ করতে পারে, যাতে কম দূরত্বে বেশি বর্জ্য সংগ্রহ করা যায়। ২০২৪ সালের একটি গবেষণায় ৩১টি বর্জ্য সংগ্রহকারী যানকে ১০ মাস জিপিএস দিয়ে পর্যবেক্ষণ করে জিআইএসভিত্তিক রুট অপটিমাইজেশন করা হয়। ফলে রুটে ভ্রমণ দূরত্ব ৯ দশমিক ৪ এবং জ্বালানি ব্যয় প্রায় ১১ দশমিক ৬ শতাংশ কমানোর সম্ভাবনা পাওয়া গেছে।
বর্জ্য নাকি সম্পদ
ম্যানুয়ালি বর্জ্য পৃথকীকরণ সময়সাপেক্ষ, ঝুঁকিপূর্ণ এবং ভুলের সম্ভাবনাও থাকে। ফলে প্লাস্টিকের বোতল, খাবারের উচ্ছিষ্ট, কাগজ, ধাতু ও অন্যান্য বর্জ্য একই জায়গায় মিশে গেলে পুনর্ব্যবহারযোগ্য উপাদান উদ্ধার কঠিন হয়ে পড়ে। কম্পিউটার ভিশন ও মেশিন লার্নিং ব্যবহার করে ক্যামেরার ছবি থেকে এআই প্লাস্টিক, কাগজ, কাচ, ধাতু ও জৈব বর্জ্য শনাক্ত করতে পারে। এক গবেষণামতে, সম্প্রতি দেশে ব্যবহৃত প্রায় ৯৭৭ হাজার টন প্লাস্টিকের মাত্র ৩১ শতাংশ পুনর্ব্যবহার করা হয়েছিল। ফলে এআই শুধু পরিচ্ছন্নতা বাড়াবে না; সঠিকভাবে ব্যবহার করা গেলে এটি বর্জ্যকে সম্পদে পরিণত করে অর্থনীতিও শক্তিশালী করতে পারে।
বর্জ্যের আগাম পূর্বাভাস
বর্জ্য ব্যবস্থাপনার এআই আগাম তথ্যপ্রাপ্তির সম্ভাবনা বাড়িয়ে দেয়। মানুষের অভিজ্ঞতার অনুমানভিত্তিক তথ্যের বিপরীতে ঈদ, রমজান, বর্ষায় ঋতুভিত্তিক বর্জ্য, বাজার এলাকা, ছুটির দিন ও কর্মদিবসে বর্জ্যের ভিন্নতা নিপুণভাবে নিরূপণ করার জন্য এআই ভূমিকা রাখে। বহু বছরের তথ্য বিশ্লেষণ করে আরও নির্ভুল পূর্বাভাস বর্জ্য ব্যবস্থাপনায় সম্পদের ব্যবহার সুনিশ্চিত করতে পারে।
এআইভিত্তিক বর্জ্য ব্যবস্থাপনায় মোবাইল অ্যাপের মাধ্যমে নাগরিক জানাতে পারেন কোথায় অবৈধভাবে বর্জ্য ফেলা হয়েছে, কোন বিন উপচে পড়েছে, কোথায় নিয়মিত সংগ্রহ হচ্ছে না। ছবির সঙ্গে অবস্থান পাঠালে এআই ছবিটি বিশ্লেষণ করে বর্জ্যের ধরন শনাক্ত করতে পারে এবং অভিযোগটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠাতে পারে।
এআইয়ের চ্যালেঞ্জ
আমাদের দেশে বর্জ্য উৎপাদনের পরিমাণ, সংগ্রহের সময়, বর্জ্যের ধরন, ট্রাকের গতিপথ কিংবা পুনর্ব্যবহারের হার সম্পর্কে ধারাবাহিক এবং মানসম্মত তথ্য নেই। ফলে প্রাথমিক কাজ হলো, এআইকে তথ্য দিয়ে সমৃদ্ধ করা। দ্বিতীয় সমস্যা অবকাঠামো। হাজার হাজার বিনে সেন্সর বসানো, ইন্টারনেট সংযোগ, বিদ্যুৎ, জিপিএস, সার্ভার, রক্ষণাবেক্ষণ সবকিছুরই খরচ আছে। স্মার্ট বর্জ্য ব্যবস্থাপনার প্রাথমিক বিনিয়োগ একটা বড় চ্যালেঞ্জ। তৃতীয় সমস্যা এআই জানা দক্ষ মানবসম্পদ। চতুর্থ চ্যালেঞ্জ প্রযুক্তির মাধ্যমে মানবসম্পদকে প্রশিক্ষণ দেওয়া এবং আনুষ্ঠানিক ব্যবস্থার সঙ্গে যুক্ত করা।
বাংলাদেশে কী করতে পারে
সারা দেশে একই সঙ্গে শুরু না করে কোনো একটি সিটি করপোরেশনের কয়েকটি ওয়ার্ড নির্বাচন করে কার্যক্রম শুরু করা যায়। নির্বাচিত এলাকায় স্মার্ট বিন, জিপিএস এবং মোবাইল রিপোর্টিং চালু করে বর্জ্য পূর্বাভাস ও ট্রাকের রুট নির্ধারণ করা যেতে পারে। এর পর পৃথককরণ ও কার্যক্রম মূল্যায়ন এবং পুনর্বিবেচনার কার্যক্রম যুক্ত করা যেতে পারে। বাংলাদেশ এরই মধ্যে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালা, ২০২১ এবং জাতীয় ‘থ্রি-আর’ (3R) কৌশলের (রিকভারি, রেস্টোরেশন, রিকনস্ট্রাকশন) মতো নীতিগত কাঠামো তৈরি করেছে। তবে এ নীতিমালায় এআইভিত্তিক কার্যক্রমের ফ্রেমওয়ার্ক তৈরি করা প্রয়োজন।
বাংলাদেশের বর্জ্য ব্যবস্থাপনায় এআইয়ের সম্ভাবনা নিঃসন্দেহে বিশাল। নির্ভর করবে কীভাবে, কত দক্ষতায় আমরা তা ব্যবহার করতে পারব তার ওপর।
লেখক: সরকারি কর্মকর্তা



