ঢাবিতে রবীন্দ্রনাথ-নজরুল এবং ধর্মনিরপেক্ষতা

গ্রাফিকস: আগামীর সময়
প্রতিষ্ঠার পর ঢাকা বিশ্ববিদ্যালয় ১০৫ বছর অতিক্রম করেছে। দীর্ঘ এ সময়ে এই অঞ্চলের রাজনৈতিক ও সামাজিক-সাংস্কৃতিক জীবনে বেশ কয়েকটি বড় ঘটনা ঘটেছে, যাদের প্রভাব স্বভাবতই বিশ্ববিদ্যালয়ের ওপর এসে পড়েছে। ১৯২১ সালে বিশ্ববিদ্যালয়ের যে যাত্রা শুরু, সেটাও ছিল রীতিমতো একটা রাজনৈতিক ঘটনারই ফলশ্রুতি। অনগ্রসর পূর্ববঙ্গে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা যে প্রয়োজন, সে বিষয়ে দ্বিমতের কোনো অবকাশ ছিল না। কিন্তু সেটা ঘটত না ঔপনিবেশিক শাসনকর্তারা যদি তাদের নিজেদের প্রয়োজনে ১৯০৫ সালে বৃহৎ অখণ্ড বঙ্গকে প্রশাসনিকভাবে খণ্ডিত করে পূর্ববঙ্গ ও আসামকে নিয়ে নতুন একটি প্রদেশ গঠনের উদ্যোগ না নিতেন। বিভাজনটা অবশ্য টেকেনি। প্রচণ্ড আন্দোলনের মুখে ১৯১১ সালের শেষদিকে বঙ্গভঙ্গ রদ হলে পূর্ববঙ্গের মানুষ, যাদের অধিকাংশই ছিলেন মুসলমান, তারা বেশ হতাশ হন। উন্নয়নের যে আশা তাদের মনে জেগেছিল, তা কুয়াশাচ্ছন্ন হয়ে পড়ে। মুসলিম সম্প্রদায়ের পক্ষ থেকে অন্তত একটা বিশ্ববিদ্যালয় যেন দেওয়া হয়, এমন অনুরোধ আসে। বঙ্গভঙ্গ রদের ক্ষতিপূরণ হিসেবেই সরকার সম্মত হয় ঢাকায় একটি বিশ্ববিদ্যালয় স্থাপনে। অনেক গড়িমসির পর শেষ পর্যন্ত সেই বিশ্ববিদ্যালয় পাওয়া যায় ১৯২১ সালে। সে হিসেবে রাজনৈতিক কারণেই এ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা। প্রতিষ্ঠার পর বিশ্ববিদ্যালয়কে একসঙ্গে দুটি ভূমিকা পালন করতে হয়, একটি শিক্ষায়তনিক, অন্যটি সামাজিক। অন্য বিশ্ববিদ্যালয়ও নিশ্চয়ই ওই দুই কাজ করেছে; কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়কে যেভাবে করতে হয়েছে, তেমনটার দৃষ্টান্ত বিরল।
সামাজিক ভূমিকা আপাতদৃষ্টিতে ছিল সমাজ গঠনের; কিন্তু তার অর্থ আসলে দাঁড়িয়েছিল শ্রেণি গঠন। কৃষিনির্ভর পূর্ববঙ্গ মুসলিম জনসমাজে মধ্যবিত্তের গড়ে ওঠাটা কঠিন ছিল। কৃষি থেকে উদ্বৃত্ত দিয়ে সন্তানদের উচ্চশিক্ষা দান ছিল দুঃসাধ্য। বিশেষ করে এজন্য যে, উচ্চশিক্ষার একমাত্র স্থান ছিল রাজধানী কলকাতায়। ওদিকে উচ্চশিক্ষা, চাকরি এবং কিছু কিছু পেশায় জায়গা করে নেওয়া ভিন্ন মধ্যবিত্ত শ্রেণিতে উন্নত হওয়ার অন্য কোনো উপায় ছিল না। উচ্চশিক্ষার ব্যবস্থা করে ঢাকা বিশ্ববিদ্যালয় মধ্যবিত্ত শ্রেণির গড়ে ওঠায় সহায়তা দান করে। তুলনায় অগ্রসর হিন্দু সমাজের মধ্যবিত্তের পক্ষেও এতে সুবিধা হয়।
এই যে মধ্যবিত্ত শ্রেণি গড়ে উঠল, এরাই কিন্তু বাংলার রাজনীতি ও অর্থনীতিতে মুখ্য ভূমিকা পালন করেছে। হিন্দু মধ্যবিত্ত এরই মধ্যে প্রতিষ্ঠা পেয়ে গেছে, মুসলিম মধ্যবিত্ত গড়ে উঠছে; এ প্রক্রিয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয় উভয়পক্ষের জন্যই সহায়ক হয়। শাসক ইংরেজের উসকানিতে এবং প্রতিযোগিতার স্বাভাবিক নিয়মে দুদিকের দুই মধ্যবিত্তের মধ্যে বিরোধও দেখা দেয়। ওই বিরোধই রূপ নেয় সাম্প্রদায়িকতার, যার ফলে দাঁড়ায় স্বাধীনতার নামে ১৯৪৭-এর মর্মান্তিক দেশভাগ।
প্রায় একই সময় রবীন্দ্রনাথ ও নজরুলের আগমন তাৎপর্যপূর্ণ ছিল একাধিক কারণে। তাদের সাহিত্যিক উচ্চতা তো ছিলই, উভয়ের ধর্মনিরপেক্ষতা বাঙালি পরিচয়ও ছিল প্রাণস্পর্শী। রবীন্দ্রনাথের অনেক অবদানের মধ্যে বিশেষভাবেই উল্লেখযোগ্য সাহিত্যকে অসাম্প্রদায়িক করা; আর নজরুল তো ধর্মীয় বিভাজন মানতেনই না
সাম্প্রদায়িকতা ক্রমেই শক্তিশালী হয়ে ওঠে এবং দেশব্যাপী বিস্তৃত হতে থাকে। ঢাকা ছিল বাংলার দ্বিতীয় শহর, এই শহরও সাম্প্রদায়িকতার গ্রাস থেকে মুক্ত ছিল না। শহরে সাম্প্রদায়িক সংঘর্ষ দেখা দেয়, দাঙ্গাও বাধে। বিশ্ববিদ্যালয়ের ভেতরেও সংঘর্ষের ঘটনা যে ঘটেনি এমন নয়; তবে সেগুলোকে ব্যতিক্রমই বলা যায়। বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ পরিবেশটা ছিল অসাম্প্রদায়িক, যদিও অধিকাংশ শিক্ষকই ছিলেন হিন্দু সম্প্রদায়ের এবং হিন্দু ছাত্রদের তুলনায় মুসলমান ছাত্রদের সংখ্যা ছিল উল্লেখযোগ্যরূপেই স্বল্প।
বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক পরিবেশটিকে শুধু অসাম্প্রদায়িক বলা যথেষ্ট হবে না, বলা দরকার ধর্মনিরপেক্ষ। ধর্মনিরপেক্ষতা জিনিসটা দুটি উপাদানে গঠিত; একটি ইহজাগতিকতা, অন্যটি ধর্ম যার যার, রাষ্ট্র সবার, এ ধারণা। ঢাকা বিশ্ববিদ্যালয় তার শিক্ষার্থীদের ইহজাগতিকতা শিখিয়েছে, সেটাই তো ছিল তার প্রধান কর্তব্য; কিন্তু সঙ্গে সঙ্গে সংস্কৃতিচর্চার মধ্য দিয়ে এ বোধটিও গড়ে তুলতে চেয়েছে যে রাষ্ট্রকে হতে হবে গণতান্ত্রিক, অর্থাৎ রাষ্ট্রের মালিকানা চলে যাবে সব নাগরিকের হাতে এবং রাষ্ট্রের দায়িত্ব হবে সবার জন্য অধিকার ও সুযোগের সমতা নিশ্চিত করা। ঔপনিবেশিক শাসনামলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা স্বাধীনতার জন্য যে সংগ্রাম করেছে তার চরিত্র সাম্প্রদায়িক ছিল না, ছিল ধর্মনিরপেক্ষ।
বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার শতবর্ষপূর্তি উপলক্ষে প্রাতিষ্ঠানিক উদ্যোগে যে ইতিহাসগ্রন্থ প্রকাশিত হয়েছে সেখানে এবং অন্যদের সংকলিত-সম্পাদিত রচনাবলিতেও এ বিশ্ববিদ্যালয়ের ধর্মনিরপেক্ষ চরিত্রটিই বিশেষভাবে উঠে এসেছে।
রবীন্দ্রনাথ শুধু যে বিশ্বকবি ছিলেন তা তো নয়, ছিলেন তিনি বিশ্বপরিব্রাজকও। সাহিত্যে নোবেল পুরস্কারপ্রাপ্তির পর নানা দেশ থেকে তিনি আমন্ত্রিত হন এবং ভ্রমণ করেন। ভ্রমণ তিনি পছন্দ করতেন এবং যেখানেই থাকুন সবসময়ই লিখতেন। নজরুল ইসলামও ছিলেন স্বতঃস্ফূর্ত লেখক। দুজনেরই বিশেষ খ্যাতি ছিল সংগীত রচনার জন্য। বড়মাপের মানুষদের মধ্যে নজরুলের মৌলিকত্বের স্বীকৃতি যারা একেবারে প্রথম দিকেই দিয়েছেন, তাদের ভেতর রবীন্দ্রনাথই ছিলেন সর্বাগ্রগণ্য।
বিশ্বপরিব্রাজক রবীন্দ্রনাথের জীবনে ১৯২৬ সালের ফেব্রুয়ারি মাসে সাত দিনের ভ্রমণ খুব বড় একটা ঘটনা হওয়ার কথা নয়; কিন্তু ঢাকাবাসীর জন্য সেটা যে কত বড় প্রাপ্তি ছিল ,তা বলার অপেক্ষা রাখে না। ভ্রমণ নজরুলেরও পছন্দ ছিল; তিনি অবশ্য করাচি পর্যন্তই গেছেন, তার বাইরে কোথাও তার যাওয়া হয়নি; কিন্তু বাংলাদেশের আনাচে-কানাচে আমন্ত্রণে এবং বিনা আমন্ত্রণেও তিনি ভ্রমণ করেছেন এবং স্থানীয় মানুষদের মধ্যে চাঞ্চল্যের সঞ্চার ঘটিয়েছেন, সৃষ্টি করেছেন উদ্দীপনা।
অনেক আগে, সেই ১৮৯৮ সালে রবীন্দ্রনাথ একবার ঢাকায় এসেছিলেন বঙ্গীয় প্রাদেশিক সম্মেলনে অংশগ্রহণ করতে। এরপর ঢাকার সাহিত্যানুরাগীরা তাকে আমন্ত্রণ জানালেও তার পক্ষে ঢাকায় আসা সম্ভব হয়নি। এলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে ১৯২৬ সালে। নজরুল অবশ্য ঢাকায় এসেছেন একবার নয়, পাঁচবার— আমন্ত্রণে এসেছেন, এসেছেন স্বেচ্ছায়, থেকেছেনও বেশি সময়।
বাংলা ভাষার প্রধান কবি রবীন্দ্রনাথ ঠাকুর, তার পরই যার স্থান তিনি কাজী নজরুল ইসলাম। দুজনই ছিলেন মনেপ্রাণে বাঙালি এবং বাঙালি বলেই অসাম্প্রদায়িক। ঢাকা বিশ্ববিদ্যালয় তাদের উভয়কে আপনজন হিসেবে যেভাবে সংবর্ধনা জানিয়েছে, তাতে যেমন বিশ্ববিদ্যালয়ের ধর্মনিরপেক্ষ চরিত্রের প্রকাশ পেয়েছে, অন্যদিকে তেমনি বঙ্গভঙ্গবিরোধী আন্দোলনের সময় বাঙালিদের ভেতর যে জাতীয়তাবাদী চেতনার উন্মেষ ঘটেছিল, তার অগ্রযাত্রারও প্রমাণ পাওয়া গেছে।
ঢাকা বিশ্ববিদ্যালয় গুণিজনের আগমনে সমৃদ্ধ। তারা সবাই সংবর্ধিত হয়েছেন; কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় রবীন্দ্রনাথ ও নজরুলের মতো হৃদয়ে বিশেষ রকমের স্থান লাভ করেছে বলে মনে হয় না। তবু, প্রায় একই সময় রবীন্দ্রনাথ ও নজরুলের আগমন বিশেষভাবে তাৎপর্যপূর্ণ ছিল একাধিক কারণে। তাদের সাহিত্যিক উচ্চতা তো ছিলই, উভয়ের ধর্মনিরপেক্ষতা ও বাঙালি পরিচয়ও ছিল প্রাণস্পর্শী। সংস্কৃতির ক্ষেত্রে রবীন্দ্রনাথের অনেক অবদানের মধ্যে বিশেষভাবেই উল্লেখযোগ্য সাহিত্যকে অসাম্প্রদায়িক করা; আর নজরুল তো ধর্মীয় বিভাজন মানতেনই না।
লেখক: ইমেরিটাস অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়




