মজুরি কম, মুনাফা বেশি— দায় কার?

পোশাকশিল্পে শ্রমিক অসন্তোষের কারণে ৫ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে— মজুরি বোর্ডের সভার আগে গণমাধ্যমে এমন খবর প্রকাশিত হয়েছে। কিন্তু প্রশ্ন হলো, এ ক্ষতির হিসাব কীভাবে করা হলো? কারখানা বন্ধ হওয়া, ক্রয়াদেশ বাতিল হওয়া কিংবা উৎপাদন ব্যাহত হওয়ার পেছনে শ্রমিক আন্দোলনই একমাত্র কারণ কি না, সেটিও বিবেচনা করা দরকার। আমরা প্রায়ই দেখি, শ্রমিকরা আন্দোলনে নামলে শিল্পের ক্ষতির হিসাব সামনে আসে; কিন্তু কেন শ্রমিকদের পথে নামতে হচ্ছে, সেই প্রশ্নটি আড়ালে থেকে যায়।
শ্রমিকরা শুধু মজুরি বোর্ড বসার সময়ই আন্দোলন করেন না। সারা বছর বিভিন্ন কারখানায় তাদের বিক্ষোভ করতে হয়। এর বড় কারণ বকেয়া মজুরি। বহু কারখানায় সময়মতো মজুরি দেওয়া হয় না। কেন একজন শ্রমিককে তার পাওনা মজুরির জন্য রাস্তায় নামতে হবে, সেই জবাব মালিকপক্ষকেই দিতে হবে। মজুরি নিয়মিত সমন্বয় করার একটি প্রাতিষ্ঠানিক প্রক্রিয়া থাকা দরকার। ট্রেড ইউনিয়ন করতে দেওয়া হয় না বলে শ্রমিকদের দাবিদাওয়া নিয়মতান্ত্রিকভাবে উত্থাপনের সুযোগও সীমিত। ফলে দীর্ঘদিনের অনাস্থা জমতে জমতে কখনো বিস্ফোরণের আকার নেয়।
মজুরি, কর্মপরিবেশ, চাকরির স্থায়িত্ব, কর্মস্থলের নিরাপত্তা— সবকিছু নিয়েই শ্রমিকদের অনিশ্চয়তা। এর মধ্যে মজুরি বোর্ডের সভা স্থগিত হওয়া, মালিকদের টালবাহানা কিংবা কর্মস্থলে নারী শ্রমিকের ছুটি না পেয়ে মৃত্যুর মতো ঘটনাও ক্ষোভ বাড়ায়। তাই উৎপাদন ব্যাহত হলে শুধু আন্দোলনকে দায়ী করলে চলবে না; যে পরিস্থিতি শ্রমিকদের আন্দোলনে যেতে বাধ্য করছে, তার দায়ও বিবেচনা করতে হবে।
শ্রমিক অসন্তোষ মোকাবিলায় একদিকে মালিকপক্ষ, অন্যদিকে শিল্পপুলিশ, কাজ হারানোর ভয় এবং গণমাধ্যমের ভূমিকা রয়েছে। শিল্পপুলিশকে শ্রমিকদের প্রতিবাদের সময় সক্রিয় দেখা যায়; কিন্তু কোনো মালিক শ্রমিককে নির্যাতন করলে কিংবা মজুরি বকেয়া রাখলে তার বিরুদ্ধে একইরকম তৎপরতা দেখা যায় না। গণমাধ্যমেও অনেক সময় আন্দোলনের কারণে কী ক্ষতি হলো, সেটি গুরুত্ব পায়; কেন আন্দোলন হলো, সেই কারণটি যথেষ্ট গুরুত্ব পায় না। এভাবে শ্রমিকদের ওপর চাপ সৃষ্টি হয়। অথচ শিল্পকে স্থিতিশীল রাখতে হলে শ্রমব্যবস্থাপনা, মজুরি ও শ্রমিকের অধিকারকে নিয়মতান্ত্রিক কাঠামোর মধ্যে আনতে হবে।
বর্তমানে শ্রমিকপক্ষ ২২ হাজার, মালিকপক্ষ ১৫ হাজার ৮০০ এবং সিপিডি ১৮ হাজার ৫৭৮ থেকে ২৪ হাজার ২০৪ টাকার মধ্যে মজুরির কথা বলেছে। এ ব্যবধানের পেছনে স্বার্থের পার্থক্য আছে। ২০২৩ সালে শ্রমিকদের দাবি ছিল ২৫ হাজার টাকা। মালিকপক্ষ তার অর্ধেকের কাছাকাছি, ১২ হাজার ৫০০ টাকা নির্ধারণ করেছিল। সেই মজুরির ক্রয়ক্ষমতা এখন হিসাব করলে ১৬ হাজার টাকার বেশি হওয়ার কথা। অথচ এবার মালিকপক্ষ যে প্রস্তাব দিয়েছে, তা সেই মূল্যমানেরও নিচে। এটা এক ধরনের নিষ্ঠুর তামাশা।
সিপিডির এবারের হিসাবও প্রশ্নের ঊর্ধ্বে নয়। চার সদস্যের একটি পরিবারকে দারিদ্র্যসীমার ওপরে রাখতে ১৮ হাজার ৫৭৮ টাকা প্রয়োজন— এ হিসাব গ্রহণযোগ্য বলে মনে হয় না। বিবিএস যে পণ্য ও সেবার ভিত্তিতে দারিদ্র্যসীমা নির্ধারণ করে, সেগুলোর বর্তমান বাজারদর, বাসা ভাড়া, চিকিৎসা ও শিক্ষার ব্যয় বিবেচনা করলে এ অঙ্কে একটি পরিবারের জীবনধারণ সম্ভব নয়। গার্মেন্টস শ্রমিকদের অনেককে একটি বাসায় আট-দশজন মিলে থাকতে হয়। সেটিকে একটি পরিবারের স্বাভাবিক আবাসনব্যবস্থা হিসেবে ধরা যায় না।
বাংলাদেশের স্বাধীনতার ৫৫ বছর এবং পোশাকশিল্পের চার দশকের বেশি সময় পার হয়েছে। এত বছর সরকারি সুবিধা ও ভর্তুকি পাওয়ার পরও শিল্পমালিকরা শ্রমিককে দারিদ্র্যসীমার ওপরে থাকার মতো মজুরি দিতে পারছেন না— এটি শিল্পেরই বড় ব্যর্থতা
মজুরি হিসাবের ক্ষেত্রে আরেকটি মৌলিক বিষয় আছে। একজন শ্রমিকের আট ঘণ্টার স্বাভাবিক কাজের বিনিময়ে এমন মজুরি পাওয়া উচিত, যাতে চার সদস্যের পরিবার নিয়ে তিনি দারিদ্র্যসীমার ওপরে থাকতে পারেন। সেখানে ওভারটাইমের আয় হিসাবের মধ্যে আনা যাবে না। ওভারটাইম হলো অতিরিক্ত শ্রমের বিনিময়ে অতিরিক্ত মজুরি। পরিবারের দুজন বা তিনজন কাজ করবেন, কিংবা স্বামী-স্ত্রী দুজনের আয় থাকবে— এমন ধারণার ওপরও একজন শ্রমিকের ন্যূনতম মজুরি নির্ধারণ করা যায় না। সরকারি বা বেসরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে স্বামী-স্ত্রীর দুজনের আয় ধরে একজনের বেতন নির্ধারণ করা হয় না। শ্রমিকদের ক্ষেত্রে এ যুক্তি আসবে কেন?
মালিকপক্ষ গ্যাস-বিদ্যুতের দাম, চাঁদাবাজি, সরকারি অব্যবস্থাপনা ও অন্যান্য ব্যয়ের কথা বলে। এসব সমস্যা বাস্তব, সেগুলো সমাধানের জন্য সরকারের সঙ্গে মালিকদের দর-কষাকষি করতে হবে। বিজিএমইএ দেশের অন্যতম শক্তিশালী সংগঠন। সরকারি দলের লোকজনের চাঁদাবাজি, দুর্নীতি কিংবা অনিয়ম বন্ধ করার দাবি তোলার ক্ষমতা তাদের আছে। কিন্তু এসব ব্যয়ের দায় শ্রমিকের মজুরির ওপর চাপানো যাবে না। এক মালিক বলেছেন, চাঁদাবাজি ও অনিয়ম না থাকলে তিনি ৪০ হাজার টাকা মজুরি দিতে পারবেন। তাহলে বোঝা যায়, সক্ষমতার প্রশ্নটি শুধু শ্রমিকের মজুরি কমানোর যুক্তি দিয়ে ব্যাখ্যা করা যায় না।
উৎপাদনশীলতা কম মালিকদের আরেকটি যুক্তি। কিন্তু উৎপাদনশীলতা নির্ভর করে প্রযুক্তি, ব্যবস্থাপনা, কর্মপরিবেশ এবং শ্রমিকের খাদ্য ও পুষ্টির ওপর। এসব বিষয় শ্রমিক নিয়ন্ত্রণ করেন না। প্রযুক্তি উন্নত করা, ব্যবস্থাপনা ভালো করা এবং কর্মপরিবেশ নিশ্চিত করা মালিকের দায়িত্ব। এমন মজুরি দিতে হবে, যাতে শ্রমিক নিজের উৎপাদন ক্ষমতা বজায় রাখার মতো খাদ্য ও পুষ্টি পান।
ন্যূনতম মজুরি আর বাঁচার মতো মজুরি এক বিষয় নয়। পুঁজিবাদী অর্থনীতির তাত্ত্বিকরাও শ্রমিকের এমন মজুরির কথা বলেছেন, যাতে তিনি পরদিন আবার উৎপাদন কাজে অংশ নিতে পারেন। অথচ বাংলাদেশের শ্রমিকদের প্রকৃত আয় বাড়ছে না। ১৯৭০ ও ১৯৮০-এর দশকের তুলনায় অনেক ক্ষেত্রে তাদের জীবনমানের অবনতি হয়েছে। একসময় কারখানায় শ্রমিকদের হাসপাতাল, সন্তানদের শিক্ষা, চিকিৎসা, খেলাধুলা ও আবাসনের ব্যবস্থা ছিল। এখন সেসব অনেকাংশে অনুপস্থিত। প্রকৃত আয় না বাড়লে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির সঙ্গে শ্রমিকের শারীরিক ও মানসিক সংকট বাড়ে। এটি শুধু শ্রমিকের ক্ষতি নয়, পুরো দেশের ক্ষতি।
এ সংকটের কেন্দ্রে রয়েছে ক্ষমতার অসমতা। শ্রমিকের সংখ্যা প্রায় ৪০ লাখ, মালিকের সংখ্যা কয়েক হাজারও নয়। কিন্তু সংখ্যায় বেশি হলেই ক্ষমতা বেশি হয় না। মালিকদের সঙ্গে সরকার, পুলিশ, আইন-আদালত ও প্রভাবশালী মহলের সম্পর্ক রয়েছে। শ্রমিকদের সাংগঠনিক শক্তি দুর্বল, স্বাধীন ট্রেড ইউনিয়ন নেই । ফলে রপ্তানি ও মালিকদের আয় বাড়লেও শ্রমিকের প্রকৃত মজুরি বাড়ে না। আন্তর্জাতিক বিভিন্ন গবেষণায় বাংলাদেশের পোশাকশিল্পে কম মজুরির বিপরীতে উচ্চ মুনাফার বিষয়টি উঠে এসেছে। কম্বোডিয়া কিংবা ভিয়েতনামের সঙ্গে তুলনা করলেও এই বৈপরীত্য বোঝা যায়। শ্রমিকের অসংগঠিত অবস্থার সুযোগে চাঁদাবাজি, ঝুট ব্যবসা, কমিশন ও অন্যান্য অনিয়মের বোঝাও শেষ পর্যন্ত শ্রমিকের ওপর চাপানো হয়।
বাংলাদেশের স্বাধীনতার ৫৫ বছর এবং পোশাকশিল্পের চার দশকের বেশি সময় পার হয়েছে। এত বছর সরকারি সুবিধা ও ভর্তুকি পাওয়ার পরও শিল্পমালিকরা শ্রমিককে দারিদ্র্যসীমার ওপরে থাকার মতো মজুরি দিতে পারছেন না— এটি শিল্পেরই বড় ব্যর্থতা। ভিয়েতনামের মতো সুবিধা চাইলে তাদের মতো প্রাতিষ্ঠানিক সক্ষমতা, প্রযুক্তিগত সুবিধা ও শ্রমিকের অধিকার নিশ্চিত করার দাবিও তুলতে হবে। সরকারের সঙ্গে এসব বিষয়ে দর-কষাকষি করতে হবে; তার দায় শ্রমিকের ওপর চাপানো যাবে না।
সরকারের অন্যতম বড় দায়িত্ব একটি জাতীয় ন্যূনতম মজুরি নির্ধারণ করা, যার নিচে কোনো খাতেই মজুরি দেওয়া যাবে না। সেই মজুরি এমন হতে হবে, যাতে শ্রমজীবী মানুষের শিক্ষা, চিকিৎসা, পুষ্টি ও জীবনযাত্রার মান উন্নত হয়। এর ওপর ভিত্তি করে বিভিন্ন খাতের উৎপাদন ও সক্ষমতা অনুযায়ী মজুরি নির্ধারিত হতে পারে। মজুরি পুনর্বিন্যাস, নিয়মিত পরিশোধ এবং শ্রমিকের অধিকার নিশ্চিত করার প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গড়ে তুলতে হবে। শ্রমিককে বারবার রাস্তায় নামতে হবে কেন? শিল্পকে টিকিয়ে রাখার নামে শ্রমিকের জীবনকে অনিশ্চয়তার মধ্যে রেখে কোনো শিল্পব্যবস্থা গড়ে তোলা সম্ভব নয়।
লেখক: অর্থনীতিবিদ ও শিক্ষক




