জলবায়ু অর্থায়নে ৭১ শতাংশ ঘাটতি, কী হবে বাংলাদেশের?

পানি ও শুকনো খাবার নিয়ে ফিরছে এক শিশু। ছবি: আগামীর সময়
জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা বাংলাদেশের জন্য আন্তর্জাতিক সহায়তা পাওয়া আরও কঠিন হয়ে উঠতে পারে। কারণ, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় উন্নয়নশীল দেশগুলোকে অর্থ দেওয়ার যে প্রতিশ্রুতি উন্নত দেশগুলো এত দিন দিয়ে আসছিল, তা প্রায় ৭১ শতাংশ কমেছে। যুক্তরাজ্যভিত্তিক জলবায়ু ও জ্বালানিবিষয়ক ওয়েবসাইট কার্বন ব্রিফের এক বিশ্লেষণে এ তথ্য উঠে এসেছে।
বিশ্লেষণ অনুযায়ী, উন্নত দেশগুলো আগে বছরে প্রায় ৪২ বিলিয়ন পাউন্ড জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু ২০২৬ সাল থেকে এই দশকের বাকি সময়ের জন্য নতুন ও চলমান প্রতিশ্রুতি মিলিয়ে বছরে গড় অর্থায়নের পরিমাণ দাঁড়িয়েছে ১১ দশমিক ৮ বিলিয়ন পাউন্ডে।
বাংলাদেশের জন্য এই অর্থায়ন গুরুত্বপূর্ণ। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়া, উপকূলীয় এলাকা প্লাবিত হওয়া, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, বন্যা, নদীভাঙন, তীব্র তাপপ্রবাহ ও লবণাক্ততা বৃদ্ধির মতো নানা ঝুঁকির মুখে রয়েছে দেশটি। এতে কৃষিজমির ক্ষতি হচ্ছে, বাড়ছে মানুষের বাস্তুচ্যুতির ঘটনাও। গ্লোবাল ক্লাইমেট রিস্ক ইনডেক্স ২০২৬ অনুযায়ী, বিশ্বের সবচেয়ে জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান ১৩তম।
এমন পরিস্থিতিতে তুরস্কে চলমান কপ-৩১ সম্মেলনে বাংলাদেশের জন্য সহায়তা বাড়াতে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন প্রতিনিধি দলের সদস্যরা।
আন্তালিয়ায় আগামীর সময়কে বন ও পরিবেশমন্ত্রী আব্দুল আওয়াল মিন্টু বলেন, ‘জলবায়ু অর্থায়ন, অভিযোজন এবং জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণ আদায় বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
গত ৩০০ বছরে বিশ্বে যে উন্নয়ন হয়েছে, তার প্রধান সুবিধাভোগী ধনী দেশগুলো বলে মনে করেন মন্ত্রী। তিনি বলেন, ‘বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নিঃসরণে বাংলাদেশের অবদান খুবই কম। কিন্তু জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশগুলোর একটি বাংলাদেশ। তাই জলবায়ু পরিবর্তনের জন্য যেসব দেশ বেশি দায়ী, তাদেরই ক্ষতিগ্রস্ত দেশগুলোর পাশে দাঁড়াতে হবে।’
এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, নিজস্ব জলবায়ু কর্মপরিকল্পনা অনুযায়ী গ্রিনহাউস গ্যাস নিঃসরণ ৬ দশমিক ৩ শতাংশ কমানোর লক্ষ্য নিয়েছে বাংলাদেশ। আন্তর্জাতিক সহায়তা পেলে আরও ১২ দশমিক ৫ শতাংশ নিঃসরণ কমানো সম্ভব হবে। এ জন্য বাংলাদেশের প্রয়োজন ৯০ বিলিয়ন ডলারের সহায়তা।
মন্ত্রী বলেন, ‘বাংলাদেশের প্রথম অগ্রাধিকার গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমানো। পাশাপাশি জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নিতে অভিযোজন পরিকল্পনা বাস্তবায়ন এবং ইতিমধ্যে সৃষ্ট ক্ষয়ক্ষতি মোকাবিলায় অর্থায়ন নিশ্চিত করা।’
নতুন প্রতিশ্রুতি নেই বড় দাতাদের
জাতিসংঘের জলবায়ু চুক্তি অনুযায়ী, উন্নত দেশগুলোর উন্নয়নশীল দেশগুলোকে জলবায়ু অর্থায়ন দিতে বাধ্য। এই অর্থ দিয়ে উন্নয়নশীল দেশগুলো একদিকে যেমন গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমাতে পারে, অন্যদিকে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলার প্রস্তুতি নিতে পারে।
সাধারণত উন্নত দেশগুলো কয়েক বছর মেয়াদি অর্থায়নের প্রতিশ্রুতি দেয়। কিন্তু বেশির ভাগ প্রতিশ্রুতির মেয়াদ শেষ হয়েছে ২০২৫ সালে। এরপর ২০৩০ সাল পর্যন্ত সময়ের জন্য নতুন প্রতিশ্রুতি দিয়েছে মাত্র পাঁচটি দেশ। এর মধ্যে বড় দাতা দেশ মাত্র একটি, যুক্তরাজ্য। জার্মানি, ফ্রান্স ও জাপানের মতো গুরুত্বপূর্ণ অর্থদাতা দেশগুলো নতুন অর্থায়নের পরিকল্পনা জানায়নি। যুক্তরাষ্ট্রের কাছ থেকেও নতুন কোনো প্রতিশ্রুতি নেই।
জলবায়ুবিষয়ক বেসরকারি সংস্থা এনআরডিসি ও ই৩জি পুরোনো ও নতুন অর্থায়নের প্রতিশ্রুতির হিসাব রাখে। তাদের তথ্য বিশ্লেষণ করে কার্বন ব্রিফ জানিয়েছে, উন্নত দেশগুলোর আগের প্রতিশ্রুতি অনুযায়ী বছরে গড় সরকারি অর্থায়নের পরিমাণ ছিল প্রায় ৪২ বিলিয়ন পাউন্ড। ২০২৬ সাল থেকে দশকের বাকি সময়ের জন্য নতুন ও চলমান প্রতিশ্রুতির ভিত্তিতে এই পরিমাণ নেমে এসেছে ১১ দশমিক ৮ বিলিয়ন পাউন্ডে, অর্থাৎ কমেছে প্রায় ৭১ শতাংশ।
তবে সব দেশ ২০২৬ সালের আগের সময়ের জন্য আগাম অর্থায়নের প্রতিশ্রুতি দেয়নি। আবার কোনো কোনো দেশ ঘোষিত লক্ষ্যমাত্রা পূরণ করতে পারেনি, অন্যরা লক্ষ্যমাত্রার চেয়েও বেশি অর্থ দিয়েছে। ২০২৫ সালের আনুষ্ঠানিক হিসাব এখনো পাওয়া যায়নি। তবে ২০২৪ সালে উন্নয়নশীল দেশগুলোতে দ্বিপক্ষীয় সরকারি জলবায়ু অর্থায়নের পরিমাণ ছিল ৪৩ দশমিক ৯ বিলিয়ন পাউন্ড, যা উন্নত দেশগুলোর ঘোষিত প্রতিশ্রুতির সঙ্গে মোটামুটি সামঞ্জস্যপূর্ণ।
অর্থায়নের বড় অংশ আসছে যুক্তরাজ্য থেকে
আন্তর্জাতিক জলবায়ু অর্থায়নে দীর্ঘদিন ধরে বড় ভূমিকা রেখেছে জাপান, জার্মানি, ফ্রান্স, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। ইউরোপীয় ইউনিয়নসহ এই দেশগুলো সাম্প্রতিক বছরগুলোয় উন্নয়নশীল দেশগুলোতে যাওয়া দ্বিপক্ষীয় সরকারি জলবায়ু অর্থায়নের প্রায় ৯০ শতাংশ দিয়েছে।
এই বড় দাতাদের মধ্যে নতুন প্রতিশ্রুতি দিয়েছে শুধু যুক্তরাজ্য। ২০২৬-২৭ থেকে ২০২৮-২৯ অর্থবছরের মধ্যে বৈদেশিক সহায়তা বাজেট থেকে ৬ বিলিয়ন পাউন্ড দেওয়ার কথা জানিয়েছে দেশটি। এর বাইরে আরও ৬ দশমিক ৭ বিলিয়ন পাউন্ড দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে তারা। ২০২৬ সাল থেকে ঘোষিত মোট বার্ষিক অর্থায়নের প্রায় অর্ধেকই যুক্তরাজ্যের প্রতিশ্রুতি। বছরে গড়ে এর পরিমাণ ৫ দশমিক ৭ বিলিয়ন ডলার।
নতুন প্রতিশ্রুতির বাকি বড় অংশের বেশির ভাগ আসছে ইউরোপীয় কমিশনের কাছ থেকে। ২০২৭ সাল পর্যন্ত বছরে গড়ে ৪ দশমিক ৫ বিলিয়ন ডলার দেওয়ার কথা জানিয়েছে কমিশন। তবে এটি নতুন প্রতিশ্রুতি নয়। ২০২১ থেকে ২০২৭ সাল পর্যন্ত বাজেটের পুরো সময়ে ২৮ বিলিয়ন ইউরো বা ৩১ দশমিক ৮ বিলিয়ন ডলার ব্যয়ের ঘোষণা আগেই দিয়েছিল তারা। ২০২৭ সালের পরের অর্থায়ন নিয়ে এখন ইউরোপীয় ইউনিয়নের বাজেট আলোচনায় সিদ্ধান্ত হওয়ার কথা।
কানাডা ২০৩০ সালের মধ্যে ৫ দশমিক ৩ বিলিয়ন কানাডীয় ডলার বা ৪ দশমিক ১ বিলিয়ন মার্কিন ডলার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। এতে বছরে গড় অর্থায়নের পরিমাণ দাঁড়ায় ৮৬ কোটি ডলার। নেদারল্যান্ডস, সুইজারল্যান্ড ও বেলজিয়াম তুলনামূলক কম পরিমাণ অর্থ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। তবে এসব প্রতিশ্রুতির পরিমাণ আগের তুলনায় খুব বেশি বাড়েনি। কোনো কোনো ক্ষেত্রে তা আগের চেয়ে কম।
যুক্তরাজ্যের নতুন প্রতিশ্রুতি তুলনামূলক বেশি মনে হলেও এর পেছনে রয়েছে অর্থায়নের হিসাব করার পদ্ধতিতে পরিবর্তন। নতুন হিসাবে বৈদেশিক সহায়তা বাজেটের বাইরের আরও ৮ দশমিক ৯ বিলিয়ন ডলারের সরকারি অর্থায়ন যুক্ত করেছে দেশটি। আগের হিসাবের সঙ্গে একই ধরনের অর্থায়ন তুলনা করলে দেখা যায়, যুক্তরাজ্যের নতুন প্রতিশ্রুতিতেও অর্থ দেওয়ার আগ্রহ কমেছে।
যুক্তরাষ্ট্রের অর্থায়ন বন্ধ, ইউরোপেও কাটছাঁট
নতুন অর্থায়নের প্রতিশ্রুতির ক্ষেত্রে সবচেয়ে বড় অনুপস্থিতি যুক্তরাষ্ট্রের। জো বাইডেনের প্রশাসন ২০২৪ সালের মধ্যে বছরে ১১ দশমিক ৪ বিলিয়ন ডলার জলবায়ু সহায়তা দেওয়ার লক্ষ্য নিয়েছিল। কিন্তু ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় ফেরার পর দ্বিতীয়বারের মতো প্যারিস জলবায়ু চুক্তি থেকে সরে গেছে দেশটি। কমিয়েছে বৈদেশিক সহায়তার বাজেটও। ফলে আগামী বছরগুলোয় যুক্তরাষ্ট্রের কাছ থেকে আনুষ্ঠানিক জলবায়ু অর্থায়ন পাওয়ার সম্ভাবনা নেই।
অস্ট্রেলিয়ার অনুপস্থিতিও উল্লেখযোগ্য। তুরস্কের সঙ্গে দেশটি কপ-৩১ সম্মেলনের যৌথ আয়োজক হলেও নতুন কোনো অর্থায়নের প্রতিশ্রুতি দেয়নি।
অন্যদিকে জাপান জলবায়ু অর্থায়নে সবচেয়ে বড় দাতা দেশ হলেও এ খাতে নির্দিষ্ট কয়েক বছর মেয়াদি প্রতিশ্রুতি দেওয়ার রীতি তাদের নেই। দেশটি সরকারি অর্থায়নের পাশাপাশি বেসরকারি খাত থেকে সংগৃহীত অর্থও একসঙ্গে হিসাব করে।
ইউরোপ আন্তর্জাতিক জলবায়ু অর্থায়নের বড় অংশ জোগালেও সাম্প্রতিক বছরগুলোয় মহাদেশটির বিভিন্ন দেশ বৈদেশিক সহায়তার বাজেট ব্যাপকভাবে কমিয়েছে। অর্থনৈতিক চাপ ও প্রতিরক্ষা খাতে ব্যয় বাড়ানোর প্রয়োজনকে এর কারণ হিসেবে দেখিয়েছে তারা।
ইউরোপের সবচেয়ে বড় দুই জলবায়ু অর্থদাতা জার্মানি ও ফ্রান্স ২০২৫ সালের মধ্যে বছরে ৬ বিলিয়ন ইউরো বা ৬ দশমিক ৮ বিলিয়ন ডলার করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু এরপরের সময়ের জন্য কোনো প্রতিশ্রুতি দেয়নি দেশ দুটি। জলবায়ু কর্মসূচিসহ বিভিন্ন খাতে বৈদেশিক সহায়তার বাজেটও কমিয়েছে তারা। এই কাটছাঁটের কারণে ২০২৫ সালের লক্ষ্যমাত্রা পূরণ করতে পারেনি জার্মানি।
জার্মানির পরিবেশবিষয়ক সংস্থা জার্মানওয়াচের জ্যেষ্ঠ নীতিবিষয়ক উপদেষ্টা ড. আঞ্জা ক্যারোলিন গেবেল কার্বন ব্রিফকে বলেন, ২০২৫ সালের নির্বাচনে মধ্য-ডানপন্থী ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়ন (সিডিইউ) জয়ী হয়ে জোট সরকার গঠনের পর বিষয়টি আরও জটিল হয়েছে। তার ভাষ্য, বর্তমান জোট সরকারের কাছে জলবায়ু পরিবর্তন এবং এর সঙ্গে সম্পর্কিত অর্থায়ন গুরুত্ব হারিয়েছে।
ফ্রান্সেও রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তন এসেছে। দেশটির আসন্ন প্রেসিডেন্ট নির্বাচন এবং কট্টর ডানপন্থীদের ক্রমবর্ধমান প্রভাবের কারণে নতুন আন্তর্জাতিক অর্থায়নের প্রতিশ্রুতি দেওয়া রাজনৈতিকভাবে কঠিন হয়ে উঠেছে। ইউরোপের অন্য কয়েকটি বড় দাতা দেশেও রাজনৈতিক অস্থিরতা চলছে। এর মধ্যে রয়েছে স্পেন ও সুইডেন।
তবে কিছু দেশ নতুন করে প্রতিশ্রুতি না দিলেও জলবায়ু অর্থায়ন চালু রাখার ইঙ্গিত দিয়েছে। নেদারল্যান্ডস ২০৩১ সাল পর্যন্ত প্রতিবছর অন্তত ৩০ কোটি ইউরো বা ৩৩ কোটি ৪০ লাখ ডলার জলবায়ু খাতে দেওয়ার কথা জানিয়েছে। দেশটি আরও জানিয়েছে, ২০২৬ ও ২০২৭ সালে তাদের মোট সরকারি জলবায়ু অর্থায়নের পরিমাণ এই নির্দিষ্ট অর্থের চেয়ে বেশি হতে পারে।
নতুন অর্থায়ন নিয়ে আলোচনা কঠিন হচ্ছে
নতুন প্রতিশ্রুতির ঘাটতি সামনে এনে উন্নয়নশীল দেশগুলো কপ-৩১ সম্মেলনে জলবায়ু অর্থায়ন নিয়ে একটি কর্মসূচির পক্ষে অবস্থান নিয়েছে। এর মাধ্যমে উন্নত দেশগুলোর সরকারি জলবায়ু অর্থায়ন কীভাবে বাড়ানো যায়, তা নিয়ে আলোচনার সুযোগ তৈরি হতে পারে।
ইউরোপীয় ইউনিয়ন বলছে, তাদের সদস্যদেশগুলোই জলবায়ু অর্থায়নের সবচেয়ে বড় জোগানদাতা। ইইউ ও এর সদস্যদেশগুলো ২০২৫ সালে রেকর্ড ৩২ দশমিক ৩ বিলিয়ন ইউরো বা ৪০ বিলিয়ন ডলার দিয়েছে। তবে নতুন অর্থের বিষয়ে হতাশা প্রকাশ করেছেন ইইউর জলবায়ুবিষয়ক প্রধান উফকে হুকস্ট্রা। সম্প্রতি ব্লুমবার্গকে তিনি বলেছেন, ‘নতুন অর্থের বিষয়ে যেকোনো আলোচনা এখন কার্যত অসম্ভব।’
এনআরডিসির আন্তর্জাতিক জলবায়ু অর্থায়নবিষয়ক পরিচালক জো থোয়েটসের মতে, উন্নত দেশগুলোর উচিত জলবায়ু অর্থায়নে তারা কীভাবে নেতৃত্ব দিয়ে যাচ্ছে, তা তুলে ধরা। নতুন প্রতিশ্রুতি না আসায় অর্থায়ন নিয়ে আলোচনা যতটা কঠিন হওয়ার কথা নয়, তার চেয়েও কঠিন হয়ে উঠছে। আগামী বছরগুলোতে জলবায়ু অর্থায়নের পরিমাণ কত হবে, তা নিয়ে উন্নয়নশীল দেশগুলোর স্পষ্ট ধারণা নেই।







