ইতালির বোলজানোতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি শিশুর মৃত্যু

ইতালির বোলজানোতে সড়ক দুর্ঘটনায় চার বছর বয়সী এক বাংলাদেশি শিশুর মৃত্যুর খবর ঘিরে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। দুর্ঘটনাটি গতকাল, ৩০ সেপ্টেম্বর ঘটেছে বলে জানানো হয়েছে।
দুর্ঘটনায় মৃত্যু হওয়া শিশুটির নাম জামিলা খাতুন। ইতালীয় সংবাদমাধ্যমগুলির প্রতিবেদন অনুযায়ী, দুর্ঘটনাটি ২৯ সেপ্টেম্বর সকাল আনুমানিক ১০টা ২০ মিনিটে বোলজানো রেলস্টেশনের কাছে ওয়ালথারপার্ক শপিং সেন্টারের প্রবেশপথের সামনে ঘটে।
প্রাথমিক তদন্ত অনুযায়ী, শিশুটি মায়ের সঙ্গে বাসের অপেক্ষায় ছিল। ওই সময় একটি পণ্যবাহী ভ্যান ডেলিভারি শেষে পথচারীদের জন্য নির্ধারিত এলাকা থেকে সড়কে ফিরছিল। সেই সময় ভ্যানের ধাক্কায় শিশুটি গুরুতর আহত হয়। তাকে দ্রুত সান মাউরিজিও হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ঘটনার পর স্থানীয় পুলিশ তদন্ত শুরু করেছে। ভ্যানচালক, ৪৩ বছর বয়সী এক ইতালীয় নাগরিকের বিরুদ্ধে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর অভিযোগে তদন্ত চলছে। দুর্ঘটনার সময়কার ভিডিও ফুটেজও সংগ্রহ করা হয়েছে। পুলিশ ঘটনার সঠিক পরিস্থিতি ও দায়দায়িত্ব নির্ধারণে কাজ করছে।
এদিকে জামিলার মৃত্যুতে বোলজানো শহর ও প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে শোকের আবহ তৈরি হয়েছে। দুর্ঘটনাস্থলে শিশুটির স্মরণে ফুল, খেলনা ও মোমবাতি রাখা হয়েছে। জামিলার পরিবারের পাশে দাঁড়াতে বাংলাদেশি কমিউনিটির পক্ষ থেকে অর্থ সংগ্রহের উদ্যোগও নেওয়া হয়েছে।



