বিদেশি শিক্ষার্থীদের জন্য সিউলে চাকরি মেলা

ছবি: রয়টার্স
দক্ষিণ কোরিয়ায় অধ্যয়নরত বিদেশি শিক্ষার্থীদের বৈশ্বিক জনশক্তিতে রূপান্তর করতে বড় উদ্যোগ নিয়েছে সিউল মেট্রোপলিটন সরকার। আগামী বুধবার (১৮ নভেম্বর) সিউলের গ্যাংনাম এলাকার সেটেকে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘২০২৬ সিউল ফরেন জব ফেয়ার’। মঙ্গলবার দেশটির দৈনিক ‘দ্য কোরিয়া টাইমস’-এ প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
‘গ্লোবাল ট্যালেন্ট, গ্রেটার সিউল’ প্রতিপাদ্যে দ্বিতীয়বারের মতো আয়োজিত এই মেলায় ১১৭টি কোম্পানি ও সংস্থা অংশ নিচ্ছে। এতে ৩ হাজারের বেশি বিদেশি শিক্ষার্থী ও চাকরিপ্রার্থীর সমাগম হবে বলে আশা করা হচ্ছে। ইতিমধ্যে আড়াই হাজারের বেশি প্রার্থী নিবন্ধন সম্পন্ন করেছেন।
মেলায় অংশ নেওয়া শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে স্যামসাং ফায়ার অ্যান্ড মেরিন ইনস্যুরেন্স, স্যামসাং লাইফ ইনস্যুরেন্স, শিনহান ব্যাংক, কাকাও ব্যাংক, লটে ওয়ার্ল্ড, পার্ক হায়াত সিউল, কুপাং এবং দ্য কোরিয়া টাইমস। এসব প্রতিষ্ঠানে আন্তর্জাতিক ব্যবসা, ফিন্যান্স, সফটওয়্যার ডেভেলপমেন্ট, ডিজিটাল মার্কেটিং, কাস্টমার সার্ভিস এবং হোটেল ম্যানেজমেন্টসহ বিভিন্ন পদে নিয়োগ দেওয়া হবে।
বিদেশি শিক্ষার্থীদের জন্য বড় সুখবর হলো, অংশগ্রহণকারী ৬১টি প্রতিষ্ঠান ডি-২ এবং ডি-১০ ভিসাধারীদের কর্মসংস্থান ভিসায় পরিবর্তনের ক্ষেত্রে প্রয়োজনীয় সহায়তা দেবে।
চাকরির সুযোগের পাশাপাশি মেলায় সিউল ইমিগ্রেশন অফিসের সহযোগিতায় একটি ‘ওয়ান-স্টপ সেটেলমেন্ট সাপোর্ট সেন্টার’ থাকবে। সেখান থেকে ভিসা, আবাসন, আইনি বিষয় এবং পেনশন সংক্রান্ত পরামর্শ পাওয়া যাবে। এছাড়া সিভি তৈরি, ইন্টারভিউ প্রস্তুতি এবং এআই-নির্ভর চাকরি খোঁজার সহায়তাও পাবেন প্রার্থীরা। মেলা শেষ হওয়ার পরও পরবর্তী তিন মাস চাকরিদাতা ও প্রার্থীদের মধ্যে যোগাযোগ অব্যাহত রাখবে সিউল কর্তৃপক্ষ।
সিউলের গ্লোবাল সিটি পলিসি অফিসার কিম মিয়ং-জু বললেন, ‘যারা এখানে পড়াশোনা করেছেন, সেই সব বৈশ্বিক মেধাবীদের এখন সিউলভিত্তিক প্রতিষ্ঠানগুলোতে কাজ করার এবং নিজেদের গড়ে তোলার উপযুক্ত সময়।’



