কুয়েতে বাংলা স্কুলের শূন্যতা
- নিজের সংস্কৃতি থেকে দূরে সরছে শিশুরা

আধুনিক অবকাঠামো, উন্নত প্রযুক্তি এবং আন্তর্জাতিক মানের পাঠ্যক্রম নিয়ে মধ্যপ্রাচ্যের তেলসমৃদ্ধ দেশ কুয়েতের শিক্ষাব্যবস্থা অত্যন্ত অগ্রসর। দেশটিতে বিভিন্ন প্রবাসী জনগোষ্ঠীর জন্য সরকারি ও বেসরকারি খাতে ভারতের সিবিএসই, পাকিস্তানের ফেডারেল বোর্ড, ব্রিটিশ ও আমেরিকান কারিকুলামসহ নানামুখী শিক্ষার আধুনিক সুযোগ-সুবিধা রয়েছে।
তবে কুয়েতের এই আধুনিক শিক্ষাকাঠামোর সুবিধা থেকে অনেকাংশেই বঞ্চিত হচ্ছেন সেখানে বসবাসকারী কয়েক লাখ প্রবাসী বাংলাদেশের সন্তানরা। বিশালসংখ্যক বাংলাদেশি কমিউনিটি থাকা সত্ত্বেও দেশটিতে নিজস্ব জাতীয় কারিকুলামে পরিচালিত কোনো স্থায়ী বাংলাদেশি শিক্ষাপ্রতিষ্ঠান নেই।
যার ফলে এই আধুনিক শিক্ষা নগরীতেও প্রবাসী শিশুদের শিক্ষাজীবন চরম অনিশ্চয়তার মুখে পড়েছে।অতীতে কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতদের উদ্যোগে বিভিন্ন সময়ে পদক্ষেপ নেওয়া হয়েছিল। ২০১৫ সালে তৎকালীন রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আশহাব উদ্দিনের আমলে প্রবাসীদের সহায়তায় "মর্নিং গ্লোরি বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল" নামে একটি প্রতিষ্ঠান সাময়িকভাবে চালু করা হয়।
উদ্বোধনী বক্তব্যে এটিকে উচ্চমাধ্যমিক স্তরে উন্নীত করার দূরদর্শী পরিকল্পনার কথা জানানো হলেও পরবর্তীতে স্কুলটির স্থায়ী কার্যক্রম ধরে রাখা সম্ভব হয়নি।পরবর্তী সময়ে ২০১৮-২০১৯ সালের দিকে সাবেক রাষ্ট্রদূত এস এম আবুল কালাম এক বক্তব্যে কুয়েতে একটি বাংলাদেশি স্কুলের প্রয়োজনীয়তার কথা পুনর্ব্যক্ত করেন।
তিনি বাংলাদেশ সরকারের অনুদান পাওয়ার চেষ্টা চালানোর পাশাপাশি সরকারি সহায়তা পেলে স্থানীয় প্রবাসী ব্যবসায়ীদের সাথে নিয়ে একটি স্থায়ী স্কুল গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু নানা সীমাবদ্ধতায় তা বাস্তবায়িত হয়নি।
বর্তমানে কুয়েতে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য কোনো স্থায়ী বা স্বতন্ত্র পাবলিক স্কুল নেই।কুয়েত থেকে সদ্য বিদায়ী রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন প্রবাসীদের এই সংকট নিরসনে কুয়েতের শিক্ষা মন্ত্রণালয় ও স্থানীয় উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে বেশ কয়েকবার দ্বিপাক্ষিক বৈঠক ও সৌজন্য সাক্ষাৎ চালিয়েছিলেন।
তবে রাষ্ট্রদূতদের ধারাবাহিক স্বদিচ্ছা ও আশ্বাসের পরেও আইনি জটিলতায় বিষয়টি আটকে রয়েছে।কুয়েতের স্থানীয় আইন অনুযায়ী যেকোনো বিদেশি স্কুল পরিচালনার জন্য নির্দিষ্ট নিজস্ব স্থায়ী জায়গা এবং কুয়েতি স্থানীয় স্পন্সরের কঠোর আইনি বাধ্যবাধকতা রয়েছে। এই কাঠামোগত ও আইনি জটিলতার কারণেই বিগত রাষ্ট্রদূতদের মেয়াদে নেওয়া বিভিন্ন উদ্যোগ স্থায়ী রূপ পেতে পারেনি এবং এখনো কুয়েতে কোনো স্থায়ী সরকারি বাংলাদেশি স্কুল পুরোপুরি চালু করা সম্ভব হয়নি।
নিজস্ব স্কুল না থাকায় প্রবাসী বাংলাদেশিরা বাধ্য হয়ে সন্তানদের ভারতীয়, পাকিস্তানি, ফিলিপিনো বা স্থানীয় কুয়েতি স্কুলগুলোতে ভর্তি করছেন। তবে এসব বিদ্যালয়ে সম্পূর্ণ বিজাতীয় কারিকুলামে পড়াশোনা করায় কোমলমতি শিশুরা নিজেদের মাতৃভাষা বাংলা, আবহমান সংস্কৃতি ও জাতীয় ইতিহাস জানার সুযোগ থেকে বঞ্চিত হয়ে শেকড় বিচ্ছিন্ন হয়ে পড়ছে।
এর পাশাপাশি কুয়েতের এসব বিদেশি স্কুলের টিউশন ফি এবং অন্যান্য আনুষঙ্গিক খরচ অত্যন্ত চড়া। কুয়েতে বসবাসকারী বেশিরভাগ বাংলাদেশিই সীমিত আয়ের চাকরিজীবী বা সাধারণ শ্রমিক। হাড়ভাঙা পরিশ্রম করে দেশে রেমিট্যান্স পাঠানো এই প্রবাসীদের পক্ষে উচ্চ ফি দিয়ে সন্তানদের পড়াশোনার খরচ চালানো দুঃসাধ্য হয়ে দাঁড়িয়েছে।
এছাড়া কুয়েতের অন্যান্য বিদেশি স্কুলগুলোতে তীব্র আসন সংকট ও ভর্তি জট লেগেই থাকে। চাহিদার তুলনায় আসন সীমিত থাকায় প্রতি বছর বহু বাংলাদেশি শিশু কোনো স্কুলেই ভর্তি হতে না পেরে ঘরে বসে থাকতে বাধ্য হয়। আবার যারা অন্য কারিকুলামে পড়ে পরবর্তীতে বাংলাদেশে ফেরে, তারাও দেশের মূলধারার শিক্ষা ব্যবস্থার সাথে খাপ খাওয়াতে চরম সংকটে পড়ে।
এক প্রবাসী অভিভাবক আক্ষেপ করে জানান, দেশে আমরা রেমিট্যান্স পাঠালেও আমাদের সন্তানরা নিজ ভাষায় পড়তে পারছে না, দেশের ইতিহাস শিখছে না। একটি নিজস্ব স্কুল থাকলে এই মানসিক যন্ত্রণা থাকত না। এখন চড়া খরচে অন্য দেশের স্কুলে পড়াতে গিয়ে আমরা নিঃস্ব হয়ে পড়ছি।
বিশেষজ্ঞরা মনে করছেন, এই সংকট সমাধান না হলে নতুন প্রজন্ম দেশপ্রেম ও নিজস্ব সংস্কৃতি থেকে বিচ্যুত হবে।এ বিষয়ে বাংলাদেশ প্রেস ক্লাব কুয়েতের সাধারণ সম্পাদক আ,হ জুবেদ বলেন,শিক্ষা অধিকার থেকে বঞ্চিত করা মানে একটি প্রজন্মের ভবিষ্যৎ অন্ধকার করা।
তিনি আরও বলেন,আমরা সবসময় বিভিন্ন সামাজিক ও কমিউনিটির অনুষ্ঠানে একটি স্কুলের প্রয়োজনীয়তা অনুভব করে সবাইকেই উদ্ভুদ্ধ করছি।পাশাপাশি বাংলাদেশ দূতাবাসের সাথে অনেকবার বিষয়টি নিয়ে আলোচনা করেছি।এখন যদি বাংলাদেশ ও কুয়েত সরকারের যৌথ পদক্ষেপে একটি জোরাল ভুমিকা নিয়ে কাজ করা হয় তবে দীর্ঘদিনের স্বপ্ন দ্রুত বাস্তবায়িত হবে বলে আশা করা যাচ্ছে।



