মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান। ফাইল ছবি
প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্ব জলবায়ু সম্মেলন কপ-৩১ এ যোগ দিতে তুরস্ক যাচ্ছেন। দুই দিনের সফরে আগামীকাল মঙ্গলবার (১০ নভেম্বর) তিনি ঢাকা ত্যাগ করবেন।
আজ সোমবার পররাষ্ট্র মন্ত্রণলায়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান নবনিযুক্ত পররাষ্ট্র সচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী।
পররাষ্ট্র সচিব জানান, প্রধানমন্ত্রীর সফরে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের সঙ্গে বৈঠকের সম্ভাবনা রয়েছে।
এ ছাড়া অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীসহ আরও কয়েকটি দেশের প্রধানের সঙ্গে বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে বলেও জানান তিনি।
জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন (কপ-৩১) তুরস্কের আনাতোলিয়ায় ৯ থেকে ২০ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হচ্ছে।
এবারের সম্মেলনের প্রধান আলোচ্য বিষয় জলবায়ু অর্থায়ন, অভিযোজন কার্যক্রম, জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমানো এবং প্রযুক্তি হস্তান্তর।
পররাষ্ট্র সচিব জানান, ১২ নভেম্বর জলবায়ু সম্মেলনে বক্তব্য দেবেন তারেক রহমান। প্রধানমন্ত্রীর বক্তব্যে জলবায়ু ন্যায়বিচার, উন্নত দেশগুলোর ঐতিহাসিক দায়বদ্ধতা, জলবায়ু অর্থায়ন, অভিযোজন এবং ক্ষয়ক্ষতি মোকাবিলার বিষয়গুলো গুরুত্ব পাবে।
আন্তর্জাতিক জলবায়ু কূটনীতিতে বাংলাদেশ তার অবস্থান জানান দেবে। সচিব বলেন, উন্নত দেশগুলো বাংলাদেশকে এর আগেও প্রতিশ্রুতি দিয়েছে অর্থায়ন ও টেকনোলজিতে সহায়তা করবে। এই অর্থায়নে নিজেদের অধিকারের বিষয়টি তুলে ধরা হবে।
‘কারণ সর্বোচ্চ ঝুঁকিতে পড়লেও এই সহায়তা সবসময় বাংলাদেশ পায় না’, যোগ করেন নোমান চৌধুরী।
তুরস্কের সঙ্গে যৌথ উদ্যোগে বাংলাদেশে ড্রোন কারখানা স্থাপনের উদ্যোগের একটি আলোচনা আগে থেকেই ছিলো। পররাষ্ট্র সচিবের সংবাদ সম্মেলনে উঠে আসে সেই প্রসঙ্গ।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র সচিব সালাহউদ্দিন নোমান জানান, সামরিক ও অর্থনৈতিক জোনে নির্দিষ্ট বিনিয়োগ বা ড্রোন কারখানা প্রতিষ্ঠার বিষয়ে আলোচনা সামরিক সহযোগিতার অংশ, যা নির্দিষ্টভাবে পরবর্তী সময়ে জানানো যেতে পারে।



